একই দিনে দুই ম্যাচে দুই হাফ সেঞ্চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ শেহজাদ
মোহাম্মদ শেহজাদ

রেকর্ডটা যে অনন্য, তাতে সন্দেহ নেই। তবে এর চেয়েও বিস্ময়কর প্রশ্ন হতে পারে—আগে কোনো দিন কেউ এমন রেকর্ড গড়ার সুযোগ পেয়েছিলেন কি না, অথবা পরেও পাবেন কি না! এমনই এক কীর্তি গড়েছেন আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ।
কী কীর্তি? একই দিনে দুটি আন্তর্জাতিক ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি! দুবাইয়ে গত শুক্রবার আইসিসির ডেজার্ট টি-টোয়েন্টি চ্যালেঞ্জের সেমিফাইনাল ও ফাইনালে হাফ সেঞ্চুরি করে এ রেকর্ড গড়েছেন শেহজাদ। ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে আফগানিস্তান।
টেস্টে একই দিনে একই ব্যাটসম্যানের দুবার মাঠের নামার সুযোগ আছে। কিন্তু দুটি আলাদা টেস্টে একই দিনে খেলা সম্ভব নয়। সম্ভব নয় ওয়ানডেতেও। বাকি থাকে টি-টোয়েন্টি। আইসিসির অদ্ভুত সূচির কারণে যেটি ঘটেছে এবার ডেজার্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
আয়োজক কর্তৃপক্ষ দুই সেমিফাইনাল ও ফাইনালের সূচি ফেলেছিল একই দিনে একই মাঠে! স্থানীয় সময় সকাল ১০টায় শুরু প্রথম সেমিফাইনালে ওমানকে ৮ উইকেটে হারানোর ম্যাচে ৬০ বলে ৮০ রান করেন শেহজাদ।
ফাইনালটা একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হলেও কাজটা সহজ ছিল না শেহজাদের জন্য। আগে ব্যাট করে আয়ারল্যান্ড অলআউট হয়ে যায় মাত্র ৭১ রানে। কিন্তু ওই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের হয়ে প্রায় একাই খেলেছেন শেহজাদ। তাঁর ৪০ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে অষ্টম ওভারেই লক্ষ্য পৌঁছে যায় আফগানিস্তান। অনন্য এক রেকর্ডের মালিক হয়ে যান শেহজাদ। ক্রিকইনফো।