একই দৃশ্যের পুনরাবৃত্তি কি ফলাফলেও?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত

কী কাকতালীয়, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বে বিকেএসপিতে আবাহনীর সঙ্গে প্রথমে ব্যাটিং করে প্রাইম দোলেশ্বর করেছিল ১৯১ রান। আজ একই মাঠে দোলেশ্বরের বিপক্ষে আবাহনী করল ঠিক ১৯১ রান!
আরেকটি মিল, সেদিন দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ হোসেন আউট হয়েছিলেন শূন্য রানে। এবার কোনো রান না করেই ফিরেছেন আবাহনীর ওপেনার অভিষেক মিত্র।
উইকেট পুরোপুরি তৈরি না হওয়া ও সকালে হালকা বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর। ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে আবাহনীর স্কোরটা হৃষ্টপুষ্ট হয়নি বাজে শুরুর কারণে। দোলেশ্বরের পেসার আল আমিন হোসেনের বলে বোল্ড হয়ে ১৯ রানেই ফিরেছেন আবাহনীর দুই ওপেনার। তামিম ইকবাল করেছেন ৩ রান।
তৃতীয় উইকেট জুটিতে ৮৩ রান যোগ করে দলকে পথ দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। লিগজুড়েই দারুণ খেলছেন নাজমুল। বিকেএসপিতেই নিজেদের আগের ম্যাচে সিসিএসের সঙ্গে করেছিলেন অপরাজিত ৫৩ রান। চাপের মধ্যে আজও অসাধারণ এক ইনিংস খেলেছেন আবাহনীর মিডল অর্ডার ব্যাটসম্যান। যদিও তিনি এগিয়েছেন বেশ ধীরলয়ে। ফিফটি করতেই লেগেছে ৮৯ বল। সানজামুল ইসলামের বলে এলবিডব্লু হওয়ার আগে করেছেন ১১৬ বলে ৭১ রান। নাজমুলের তুলনায় লিটন ছিলেন বেশ আক্রমণাত্মক। ফর্মের সঙ্গে যুঝতে থাকা আবাহনীর উইকেটকিপার ব্যাটসম্যান বেশ স্বচ্ছন্দেই এগোচ্ছিলেন। কিন্তু নাসির হোসেনের বলে ডিপ স্কয়ার লেগে রেজাউল করিমের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ২ রানের জন্য তাঁর হাতছাড়া হয়েছে হাফ সেঞ্চুরি।
শুরুতেই আল আমিনের ধাক্কার পর আবাহনীর মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন সানজামুল। ৪ উইকেটে ১৩৭ থেকে ৮ উইকেটে ১৬৩, ২৬ রানে যে ৪ উইকেট পড়েছে, ৩টিই নিয়েছেন দোলেশ্বরের বাঁহাতি স্পিনার। এই তিনটি আবার নাজমুল, মোসাদ্দেক হোসেন ও সাকিব আল হাসানের মূল্যবান উইকেট।
এবারের লিগে দুদলের প্রথম মুখোমুখিতে দোলেশ্বর ১৯১ রান করেছিল ২৮ ওভারে। ওভারে প্রায় ৭ রানের কাছাকাছি করেও হেরেছিল বুড়িগঙ্গার ওপারের দলটি। আজ খেলা যেহেতু ৪৫ ওভারের, দোলেশ্বরের সামনে ১৯১ রানের লক্ষ্যটা পাহাড়সম করে তুলতে বোলিংয়ে দুর্দান্ত কিছুই করতে হবে আবাহনীকে। ১৯১ করে হার—এটারও পুনরাবৃত্তি না হলে কিন্তু হয়েই যাবে!