একই সময়ে ভারতের দুই দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই সময়ে দুই ভিন্ন সিরিজে দেখা যেতে পারে কোহলিদের দুটি দল। ছবি: এএফপি
একই সময়ে দুই ভিন্ন সিরিজে দেখা যেতে পারে কোহলিদের দুটি দল। ছবি: এএফপি

সময়টা অন্য রকম হতে পারে। তবে ধারণাটা একেবারে যে অনন্য, তা নয়। প্রায় কাছাকাছি সময়ে একই দেশের দুটি ভিন্ন দল দুই ভিন্ন জায়গায় খেলেছে আগেও। 

বছর তিনেক আগের কথা। সূচিজটে এমনই অবস্থা হয়েছিল যে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার একটা দল অ্যাডিলেডে শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি খেলেছিল, তার পরের দিন আরেকটি দল ভারতের পুনেতে নেমে গিয়েছিল টেস্ট খেলতে!

ফুটবলও এমনটা দেখেছে এই গত ডিসেম্বরেই। ক্লাবের সূচিতে জ্যামটা এমনই বিজয়সরণির সিগন্যাল হয়ে গিয়েছিল যে লিভারপুলের কচিকাঁচাদের একটা দল ১৭ ডিসেম্বর ইংল্যান্ডে খেলেছে লিগ কাপে, পরের দিন কাতারে মূল দল নেমেছিল ক্লাব বিশ্বকাপ খেলতে।

করোনাভাইরাস সম্ভবত একই অভিজ্ঞতার মুখোমুখি করে দিতে যাচ্ছে বিরাট কোহলি-রোহিত শর্মাদেরও। একের পর এক সিরিজ বাতিল হয়েছে করোনার কারণে ক্ষতি গুনতে হচ্ছে কোটির অঙ্কে। ক্ষতিটা পোষাতে অভাবনীয় ভাবনাটাই এখন ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। একই সময়ে ভারতের দুটি দল খেলতে পারে দুটি ভিন্ন সিরিজে।

ক্রিকেটে সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআইয়ের আয় যেমন সবচেয়ে বেশি, করোনার এই সময়ে তাদের ক্ষতিও যে সবচেয়ে বেশিই, তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু আইপিএলের ক্ষতির অঙ্কটাই শুনুন। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের তথ্য, এখন পর্যন্ত স্থগিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের এবারের আসর শেষ পর্যন্ত নাহলে বিসিসিআইয়ের ক্ষতির অঙ্কটা দাঁড়াবে ৩ হাজার ৮০০ কোটি রুপি! এর সঙ্গে যোগ করে নিন দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘরের মাটিতে গত মার্চে স্থগিত হয়ে যাওয়া তিন ওয়ানডের সিরিজের ক্ষতি। সেপ্টেম্বর-অক্টোবরে ইংল্যান্ড সীমিত ওভারের সিরিজ খেলতে আসার কথা ভারতে, সেটিও আছে শঙ্কায়। একের পর এক খেলা স্থগিত হচ্ছে, সূচিতে জট বাড়ছে, আর ক্ষতির পারদ উঁচুতে চড়ছে।

ক্ষতি পোষাতেই নতুন ভাবনার উন্মেষ। বিসিসিআইয়ের এক কর্মকর্তা স্পোর্টস্টারে বলেছেন, ‘আমরা কেউই জানি না খেলা, বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেট, কখন ফিরবে। কিন্তু সব পক্ষকেই তো নিরাপদে রাখতে হবে। স্পনসর থেকে শুরু করে দর্শক সবাইকেই। এখন একটা বিকল্প হচ্ছে দুটি ভিন্ন দল বেছে নেওয়া এবং একই সময়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলা।’

হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, পরিকল্পনাটা এরই মধ্যে দলের কোচদের জানিয়ে দেওয়া হয়েছে। দুটি আলাদা দল কীভাবে গড়া যায়, সেটি নিয়েও ভাবতে শুরু করে দিয়েছেন ভারতের কোচরা।