একজন যোদ্ধার প্রয়াণ

পরিসংখ্যান বলছে, খেলোয়াড় হিসেবে অসাধারণ কেউ ছিলেন না। ২২ টেস্টে ২৫.৩৪ গড়ে ৮৮৭ রান আর ২৯.৫৫ গড়ে ১৮ উইকেটকে তো সাদামাটাই বলা উচিত। তাহলে কাল ৮৪ বছর বয়সে ব্রায়ান ক্লোজের মৃত্যুর পর তাঁকে নিয়ে এত হইচই কেন? ১৮ বছর বয়সেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল, এত দিন পরও যা ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের রেকর্ড হয়ে আছে। ইংল্যান্ড ও ইয়র্কশায়ারের সাবেক এই অধিনায়কের ইতিহাসে ঠাঁই পেয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। পরিসংখ্যানের হিসাবে ইংল্যান্ডের সর্বকালের সফলতম অধিনায়কদের একজনও বটে। তবে ক্লোজ ক্রিকেট-ইতিহাসে আলাদা একটা জায়গা করে নিয়েছেন অন্য কারণে। ক্রিকেট-শৌর্যের প্রতীক হিসেবে তাঁর নাম এখনো মুখ ফেরে। খেলাটির ইতিহাসের সবচেয়ে বর্ণাঢ্য চরিত্রদের একজনও তিনি।
ক্লোজের পুরো ক্যারিয়ারটাই ভরা নানা রকম চড়াই-উতরাইয়ে। ১৯৪৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর কখনোই দলে থিতু হতে পারেননি। ১৯৬৫ সালে ইংল্যান্ডের অধিনায়ক হওয়াটাও অনেকটা পাকেচক্রেই, ৭ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন ৬টিতেই, ড্র ১টিতে। এরপর আবার দল থেকে বাদ পড়ে যান। কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজের কারণে ১৯৭৬ সালে ফিরে আসার সময় বয়স কত ছিল, জানেন? ৪৫! ওই বয়সেই তাঁকে সামলাতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত পেসার চতুষ্টয়ের গোলার মতো ধেয়ে আসা সব বাউন্সার। হোল্ডিং-রবার্টসদের সেই তোপ সামলানোর পর সারা শরীরে কালশিটে পড়ে গিয়েছিল ক্লোজের।
ক্লোজের পুরো ক্যারিয়ারই এমন অদম্য মানসিকতায় ভাস্বর। ব্যাটিংয়ের মতো ফিল্ডিংয়েও বলের আঘাত-টাঘাত একদমই গ্রাহ্য করতেন না। শর্ট লেগে দাঁড়াতেন অকুতোভয় মূর্তি হয়ে। একবার বল সজোরে শরীরে আঘাত করার পর বলেছিলেন, ‘বল আর কতক্ষণ আমাকে আঘাত করবে? বড়জোর এক সেকেন্ড!’
ইয়র্কশায়ারের অধিনায়ক হিসেবে ষাটের দশকে চারবার কাউন্টি শিরোপা জিতেছেন। সেই ইয়র্কশায়ারও ছাড়তে হয়েছে একসময়। সত্তরের দশকে সমারসেটের অধিনায়ক হিসেবেও বুনে দিয়েছিলেন সাফল্যের বীজমন্ত্র। সমারসেটের হয়ে তখন মাত্রই খেলা শুরু করেছিলেন ইয়ান বোথাম, ক্লোজকে যিনি বলেছিলেন তাঁর দেখা ‘সবচেয়ে সাহসী মানুষ’।
সত্যিকার অর্থেই ছিলেন একজন সব্যসাচী খেলোয়াড়। আর্সেনাল ও ব্র্যাডফোর্ড সিটির হয়ে ফুটবল খেলেছেন, খেলেছেন গলফও। ইতিহাস তাঁকে মনে রাখবে সারা জীবন বুক চিতিয়ে লড়াই করা যোদ্ধা হিসেবেই। ক্রিকইনফো, টেলিগ্রাফ।