একজন শাহরিয়ারের ফেরা

চেনামুখের হাসি তাঁর ভালো লাগে। আরও ভালো লাগে যখন হাজারো দর্শকের করতালিতে মুখরিত হয় গ্যালারি। কানে ভেসে আসে ‘নাফীস...নাফীস’ চিত্কার। কোচ-সতীর্থরা যখন পিঠ চাপড়ে বলে ‘শাবাশ’, তখন ভালো লাগাটা বাড়ে। এটুকুর জন্যই তো এত সংগ্রাম, এত কষ্ট করে নিজেকে ধরে রাখার চেষ্টা।
এবারের বিপিএলে এসব বেশ নিয়মিতই পাচ্ছেন বরিশাল বুলসের বাঁহাতি এই ব্যাটসম্যান। ফ্র্যাঞ্চাইজির নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে জুড়িটাও হচ্ছে দারুণ। বলতে পারেন নতুন-পুরোনো অনেক খেলোয়াড়ের ভিড়ে এবার এখন পর্যন্ত সবচেয়ে বড় চমক শাহরিয়ারের পারফরম্যান্স। চার ম্যাচের তিনটিতেই ফিফটি, অন্যটিতে অপরাজিত। টুর্নামেন্টে এ পর্যন্ত সবচেয়ে বেশি রানও তাঁর (১৮৪)। ১০ রান কম করে মুশফিক আছেন শাহরিয়ারের পরেই।
শুধু রানসংখ্যা দিয়ে অবশ্য শাহরিয়ারের প্রত্যাবর্তন পুরো চিত্রায়িত করা যাবে না। সে জন্য তাঁর ব্যাটিংটাও দেখতে হবে। প্রতিটি শটেই ঠিকরে বের হচ্ছে আত্মবিশ্বাস, নিজেকে ফিরে পাওয়ার উৎসব প্রতিটি চার-ছক্কায়। কাল চিটাগং ভাইকিংসের পেসার গ্র্যান্ট এলিয়টকে স্লগ সুইপে মিড উইকেটে মারা ছক্কা বা বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাককে পরপর মারা দুটি বাউন্ডারিতে দেখা মিলল হারিয়ে যাওয়া শাহরিয়ারেরই।
তবে তিনি নিজে বলছেন, এই ‘শাহরিয়ার’ হারিয়ে যাওয়া ‘শাহরিয়ার’ নন। এই ‘শাহরিয়ার’ নতুন ‘শাহরিয়ার’, ‘ক্যারিয়ারের যেকোনো সময়ের তুলনায় এখন আমি খেলাটা বেশি উপভোগ করছি। যেকোনো সময়ের তুলনায় বেশি আত্মবিশ্বাসী।’ ২০ বছর বয়সে অভিষেক ম্যাচ খেলা শাহরিয়ারের চেয়ে এখনকার ৩১ বছর বয়সী শাহরিয়ারের চিন্তাভাবনা বেশি পরিণত হবে, সেটাই স্বাভাবিক। নিজেও বললেন, ‘আমার যেটা সুবর্ণ সময় ছিল, তখন বয়স অনেক কম ছিল। অনেক কিছু বুঝতাম না। এখন খেলা সম্পর্কে জ্ঞান অনেক বেড়েছে। সবকিছু অনেক বেশি উপভোগ করি। সবচেয়ে বেশি উপভোগ করি অনুশীলন।’
শেষ কথাটা শুনে অবাকই হতে হলো। এই শাহরিয়ারের ফিটনেস নিয়েই না কত প্রশ্ন ছিল! সর্বশেষ জাতীয় দল থেকে বাদ পড়ার বড় কারণও তো ছিল ফিল্ডিংয়ে ক্ষিপ্রতা না থাকা। শাহরিয়ার নিজেই সেটা মনে করিয়ে দিয়ে বললেন, ‘আমি ভেবে বের করার চেষ্টা করেছি কোথায় আমার ঘাটতি আছে। কোনটা আমাকে বেশি করতে হবে। আমার মনে হয়েছিল ফিটনেসকেই বেশি প্রাধান্য দিতে হবে। কারণ আমি যত ভালোই খেলি, ফিটনেস ভালো না হলে টিকতে পারব না।’ সেই উপলব্ধি আছে এখনো, ‘যত দিন খেলব, ফিটনেস নিয়েই সবচেয়ে বেশি কাজ করব। কারণ অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমি যে জিনিসগুলো শিখেছি, ফিট না থাকলে সেগুলো কাজে লাগাতে পারব না।’ জাতীয় দলে আবার যদি কোনো দিন সুযোগ পান, একটাই লক্ষ্য থাকবে শাহরিয়ারের, দলের সেরা তিন ফিট খেলোয়াড়ের একজন হওয়া।
প্রত্যেক মানুষের সাফল্যের পেছনেই কারও না কারও অনুপ্রেরণা থাকে। শাহরিয়ার যেমন লড়াই করার মূল শক্তিটা পেয়েছেন স্ত্রী আর সন্তানের কাছ থেকে। আর একজনের কথাও না বললেই নয়—বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার ও বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীন, ‘ফাহিম স্যার গত তিনটি বছর আমাকে অনেক সময় দিয়েছেন। স্যার সব সময় একটা কথা বলেন, যে সংস্করণের ক্রিকেটই খেলি না কেন, নিজের চিন্তা না করে যেন দলের চিন্তা করি। প্রতিটি ম্যাচে আমি সে কথা মেনে চলার চেষ্টা করি।’
শাহরিয়ারের প্রতিভা নিয়ে কখনোই সন্দেহ ছিল না। ওয়াহিদুল গনি ‘অঙ্কুর’ থেকে উঠে এসে জাতীয় দলে পাকা করে নিয়েছিলেন জায়গা। ২০০৫ সালের জুনে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক। এরপর স্বপ্নের মতো কেটে যেতে থাকে বছরগুলো। ধারাবাহিক ফর্ম দিয়ে একটা সময় জাতীয় দলের সহ-অধিনায়ক হয়ে গেলেন। জাতীয় দলের ভবিষ্যৎ অধিনায়কও ভাবা হতে লাগল তাঁকে। টি-টোয়েন্টিতে সেটা হয়েও ছিলেন। এই সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ দলের প্রথম অধিনায়কের নামই শাহরিয়ার নাফীস। ২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল।
কিন্তু ভালো সময় বুঝি দ্রুতই ফুরিয়ে যায়! আইসিএলের দুষ্টচক্রে পড়ে ২০০৮ সালে বহিষ্কৃত হলেন। প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেও ধারাবাহিক হতে পারলেন না। এই ফর্ম নেই, তো ওই ফিটনেসে ঘাটতি। ২০১৩ পর্যন্ত ৯টি টেস্ট খেললেও বলার মতো অর্জন ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ৯৭ রানের ইনিংস। ওয়ানডেতে ফিরে প্রথম ম্যাচে ৭৩ করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুই ওয়ানডেতে ফিফটি। এরপর আস্তে আস্তে জাতীয় দল থেকে তাঁর ছায়াটাও হারিয়ে যেতে লাগল। ২০১৩-এর এপ্রিলের পর আর তাঁকে দেখা যায়নি আন্তর্জাতিক ক্রিকেটে।
নিজেকে ফিরে পাওয়ার সংগ্রামটা তবু থামাননি। থামাননি বলেই তারুণ্যের টি-টোয়েন্টিতেও ছড়াতে পারছেন অভিজ্ঞতার আলো। অবশ্য পরিশ্রমের পুরস্কার ঘরোয়া ক্রিকেটে অনেকবারই পেয়েছেন। সর্বশেষ উদাহরণ ২০১৫-১৬ মৌসুমের জাতীয় লিগ। ছয় ম্যাচে ৭১৫ করে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন তিনি।
ভালো খেলা মানেই আরও ভালো কিছুর স্বপ্ন। মনের মধ্যে সেটা আছে শাহরিয়ারেরও। তবে তা বাস্তবতা ভুলে নয়, ‘এখন বাংলাদেশ দলে ঢোকা অনেক কঠিন। আমার শুধু একটাই স্বপ্ন—যত দিন, যে ক্রিকেটেই খেলি, দলের জন্য খেলব।’
এই উপলব্ধির কারণেই হয়তো ক্রিকেটটা এখন অনেক বেশি উপভোগ্য শাহরিয়ারের কাছে।