একটা প্রজন্মের অবসান

অবসরের মিছিলটা শুরু হয়েছিল রায়ান হ্যারিসকে দিয়ে। আপাতত মিচেল জনসনকে দিয়ে শেষ। মাঝে বিদায় বলেছেন মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন, ক্রিজ রজার্স, শেন ওয়াটসনও। এর মধ্যে ওয়াটসনই শুধু টেস্টকে বিদায় বলেছেন, বাকি সবাই ছেড়ে দিয়েছেন তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেটই। অস্ট্রেলিয়ান ক্রিকেটে একটা প্রজন্মের শেষও কি হলো এর মাধ্যমে?
হ্যারিস বিদায় বলেছিলেন সর্বশেষ অ্যাশেজের ঠিক আগ মুহূর্তে। অ্যাশেজের প্রথম টেস্টে খেললেও পারিবারিক কারণে লর্ডসে পরের টেস্টে খেলেননি ব্র্যাড হাডিন, জায়গা হয়নি সিরিজের পরের টেস্টগুলোতে। পরে সিরিজ শেষেই অবসরের ঘোষণা দেন হাডিন। কার্ডিফে প্রথম টেস্টের পর আর দলে জায়গা না পেয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন ওয়াটসনও। অ্যাশেজের শেষ টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন ক্লার্ক, রজার্স। সর্বশেষ এ তালিকায় নাম লিখিয়ে যেন বৃত্ত পূরণ করলেন জনসন!