একটা বল, একটাই ছক্কা...এবং নায়ক!

বেচারা জ্যাক লেম্যান। আগের দুই ম্যাচে ব্যাটিংই পেলেন না। তার আগেই খেল খতম। এবার ব্যাটিং পেলেন বটে, তবে মাঠে নামার সময় ভেতরে-ভেতরে গজরাচ্ছিলে কি না, কে জানে। বিগ ব্যাশে প্রথমবারের মতো ব্যাটিং করতে নামছেন। আর সেই সময় সমীকরণ কিনা জয়ের জন্য ১ বলে দরকার ৪ রান!
হোবার্ট হারিকেনের উইকেটরক্ষক বেন ডাঙ্ক এগিয়ে এলেন বোলার সাইমন মিলেঙ্কোর সঙ্গে শলাপরামর্শ করতে। মিড অফকে বৃত্তের ভেতরে আনা হলো, কাভারে বাড়ানো হলো নিরাপত্তা। উদ্দেশ্য পরিষ্কার, বল কর অফ স্টাম্পের বাইরে। মিলেঙ্কো তা-ই করলেন। বেশ বাইরের বল। চরম উত্তেজনাতেও মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করায় সুখ্যাত বাবার সুনামের মর্যাদা রাখলেন লেম্যান জুনিয়র। দুই ধাপ বেরিয়ে এলেন অফস্টাম্পের দিকে। অরক্ষিত মিড অফের ওপর দিয়েই ছক্কা!
একটাই বল, একটাই ছক্কা...আর তাতেই নায়ক অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানের ২৩ বছর বয়সী পুত্র। গত বছর প্রথম শ্রেণিতে অভিষেকের পরই যিনি চার ম্যাচে এক সেঞ্চুরি আর দুই ফিফটি দিয়ে বাবাকে গর্বিত করেছেন। গর্বের উপলক্ষ এনে দিলেন পরশুও। শেষ বলে ছক্কা হাঁকিয়ে জেতালেন অ্যাডিলেড স্ট্রাইকার্সকে।
লেম্যান জুনিয়র মনে করিয়ে দিলেন ক্রিকেটের বিখ্যাত কিছু শেষ বলের ছক্কার ঘটনা। অবশ্যই এর প্রায় সবগুলোই হয়েছে ওয়ানডে ক্রিকেটে। এবং সবার ওপরে আছে জাভেদ মিয়াঁদাদের সেই বিখ্যাত ছক্কা।
১৯৮৬ অস্ট্রেলেশিয়া কাপ ফাইনাল, ভারত-পাকিস্তান: রোমাঞ্চের জন্য আর কী চাই? ম্যাচটিকে মিয়াঁদাদ ক্রিকেটীয় রূপকথায় জায়গা করে দিলেন চেতন শর্মার করা ম্যাচের শেষ বলে ছক্কা মেরে। চার মারলেও পাকিস্তান জিতত। কিন্তু মিয়াঁদাদ ছক্কা মেরেছেন বলেই তো সেটি পেয়েছে অন্য মাত্রা। চার মেরে জেতালে এত দিনে বড়ে মিয়াঁ নিজেই হয়তো ভুলে যেতেন!
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, নেপিয়ার ১৯৯৯: নিজের সবচেয়ে সেরা ফর্মে থাকা ল্যান্স ক্লুজনার নিউজিল্যান্ডের ডিওন ন্যাশকেও শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন। এখানেও জয়ের জন্য দরকার ছিল চার রান। ন্যাশ নিজে ছিলেন অধিনায়ক। যন্ত্রণা তাঁর বহু গুণ বেড়ে গিয়েছিল, সন্দেহ নেই।
জিম্বাবুয়ে-বাংলাদেশ, হারারে ২০০৬: মিয়াদাঁদ-ক্লুজনারের চার মারলেও হতো। কিন্তু জেতাতে ছক্কার বিকল্প ছিল না ব্রেন্ডন টেলরের। শেষ বলে দরকার ছিল ৫ রান, ৪ হলে টাই। টেলর মাশরাফিকে ছক্কাই মেরে বসলেন!

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা, পোর্ট অব স্পেন ২০০৮: শেষ বলে ছক্কাই দরকার—এমন সমীকরণে প্রথম ওয়ানডেতে ম্যাচ জিতিয়েছেন যিনি, তাঁর নামের সঙ্গে আবার ঘটনাটি খুব একটা মেলে না। কিন্তু সেদিন নিজেকে যেন নতুন করে চেনাবেন বলেই ঠিক করেছিলেন শিবনারায়ণ চন্দরপল। শেষ দুই বলে দরকার ১০। চামিন্ডা ভাসের করা শেষ ওভারের পঞ্চম বলে চন্দরপল হাঁকালেন চার। শেষ বলে ৬ চাই। এবার ছক্কা!
ছক্কাতেও ‘মজা’ নেই: চন্দরপলের পরও ওয়ানডেতে শেষ বলে ছক্কা দিয়ে জয় এনে দিয়েছেন আরও তিনজন। এড রেইনসফোর্ড, রায়ান ম্যাকলারেন ও নাথান ম্যাককালাম। কিন্তু এঁদের আসলে শেষ বলে ছক্কা না মারলেও চলত। রেইনসফোর্ড আর ম্যাককালামকে তুলতে হতো এক রান; শেষ বলে জয়ের জন্য তিন দরকার ছিল ম্যাকলারেনের। কিন্তু কোনো ‘চান্স’ নেননি। ছক্কাতেই ম্যাচের শেষ টেনেছেন। তবে এমন শেষ বলে ছক্কা হাঁকিয়ে জেতালেও তাঁরা নিজেরাই কতটা মজা পেয়েছেন, কে জানে!
ছক্কা এবং টাই: শেষ বলে ছক্কা হাঁকিয়েও দলকে জেতানোর সুযোগ ছিল না। কিন্তু তবুও ছক্কা হাঁকিয়ে নায়ক হয়ে গিয়েছিলেন আসিফ মুজতবা। ১৯৯২-৯৩ মৌসুমের বেনসন অ্যান্ড হেজেস কাপ। ২২৯ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। ১ বল বাকি, পাকিস্তানের দরকার সাত রান। মুজতবা ছক্কাই হাঁকালেন। ম্যাচ টাই!
ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে মোবাইল থেকে C লিখে পাঠিয়ে দিন 2221 নম্বরে