মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ
একটা মাইলফলক হয়ে থাকবে এই জয়
বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্মের সময় সাংগঠনিকভাবে জড়িত ছিলেন তিনি। নিজেও খেলেছেন আশির দশকে। বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর অনুভূতির কথা বলছেন মনোয়ার আনিস খান
ভাষা হারিয়ে ফেলেছি, এমন ম্যাচের পর এমন প্রতিক্রিয়াই হয়তো স্বাভাবিক। পাকিস্তানকে আগেও বাংলাদেশ হারিয়েছে, তবে বিশ্বকাপের মতো এমন একটা আসরে, এ রকম একটা জয়—আসলেই ভাষায় প্রকাশ করা যায় না। এটি আমাদের ক্রিকেট ইতিহাসের বিশেষ স্মরণীয় জয় হিসেবে থাকবে। ইতিহাস গড়ার জন্য মেয়েদের অভিনন্দন জানাই। সঙ্গে পুরো দলকে, সাপোর্ট স্টাফকে।
এই জয় এমন একটা মাইলফলক, ভবিষ্যতে যারা খেলবে, তারাও এটা স্মরণ করবে। বিশ্বকাপ ক্রিকেটে মেয়েদের প্রথম জয়—প্রতিপক্ষ কে ছিল, কে ভালো ব্যাটিং করেছিল, কে কে বোলিং...এসব আলোচিত হবে।
পেছন ফিরে তাকালে মনে পড়ে, ২০০৬ সালে ক্রিকেট বোর্ড প্রথম উইমেনস ক্রিকেট কমিটি গঠন করেছিল। ২০০৭ সালে মেয়েদের জাতীয় দল তৈরি হয়েছিল প্রথমবার, মালয়েশিয়ায় গিয়ে খেলে এসেছিল। জিতেওছিল। ২০১১ বিশ্বকাপ বাছাইপর্ব খেলেছিল আমাদের দেশেই।
মেয়েদের প্রথম জাতীয় দল গঠনের সময়ে এমন একটা দিনের স্বপ্ন তো দেখেছিই। তখন আমরা কিছু পদক্ষেপও নিয়েছিলাম। আমাদের সময়ে এটি স্ট্যান্ডিং কমিটির স্বীকৃতি পায়। একদম শুরুতে তো অ আ ক খ থেকে শুরু করতে হয়েছে। আমাদের পাঁচজনের কমিটি একটা মেধা অন্বেষণ শুরু করেছিলেন ছয়টি বিভাগে। কিছু খেলোয়াড় জোগাড় করে অনুশীলনের আওতায় এনেছিলাম। এরই মধ্য দিয়েই ফারজানা হক–ফাহিমা খাতুনরা নজরে এসেছিল।
ঘরোয়া ক্রিকেটেও কিছু পরিকল্পনা বাস্তবায়ন করেছিলাম। স্কুল ক্রিকেট, বিভাগীয় পর্যায়ের ক্রিকেট। স্কুল ক্রিকেট যদিও পরে আয়োজন করা হয়নি আর। পনেরো মাসের মধ্যে তিনটি ক্রিকেট টুর্নামেন্ট করেছিলাম আমরা। এই সময়ই মেয়েরা প্রথম এশিয়া কাপ ক্রিকেটে অংশ নেয়। পরে যারা দায়িত্বে এসেছে, তারা আরও এগিয়ে নিয়েছে মেয়েদের ক্রিকেটকে। অনুশীলনের সুবিধা বেড়েছে। দিন দিন তারা এগিয়েছে আসলে। মেয়েদের ঘরোয়া ক্রিকেট বিসিবির দারুণ একটি উদ্যোগ। এমন দিনে বিসিবিকেও অভিনন্দন জানাই। আশা করি এ সুযোগে মেয়েদের আর্থিক ব্যাপারটারও উন্নতি হবে।
উন্নতির সুযোগ আছে আরও। মেয়েদের একটা একাডেমির কথা তখন থেকেই চিন্তা করছিলাম আমরা। মাঠও দেখা হয়েছিল। কিন্তু পরে কেউ এটিকে গুরুত্ব দেয়নি। আমাদের মেয়েরা প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, ওদের থাকা ও অনুশীলনের ভালো একটা ব্যবস্থা প্রয়োজন। ঘরোয়া ক্রিকেটের পরিসর আরেকটু বাড়াতে পারলে ভালো হয়।
মেয়েদের ক্রিকেটের ইতিহাসের একটা অংশ ছিলাম আমরা, এমন দিনে এটিও মনে পড়ে। ১৯৮২ সালে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল প্রথম মেয়েদের জন্য তিন মাসের একটা ক্রিকেট ক্যাম্প করেছিল। এরপর তো আমরা ১৫-২০ জন নেশায় পড়ে গিয়েছিলাম। কিন্তু প্ল্যাটফর্ম ছিল না। শেষ পর্যন্ত জাতীয় কোচ আলতাফ হোসেন আমাদের ডেকে অনুশীলন করিয়েছিলেন, ছেলেদের সঙ্গেই। এরপর তো আবাহনীর সে সময়কার সভাপতি মাজহারুল ইসলাম আমাদের ভারতেই পাঠিয়ে দিলেন, ইডেন গার্ডেনে গিয়ে খেলে এলাম। আমরা যখন গেলাম, আমাদের কেউ আবাহনীর মেয়ে বলত না। বলত, বাংলাদেশের মেয়ে। ১৯৮৫ সালে পশ্চিমবঙ্গের দল এল, দুটি ম্যাচ খেলল। এটি যে ইতিহাস হয়ে যাবে, তখন বুঝিনি। এখন বুঝি। তবে তখন তো বিশ্বকাপ খেলাও খুব একটা কঠিন কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমরা হারিয়ে গেলাম, লম্বা একটা বিরতি পড়ল।
আশা করি, পাকিস্তানের বিপক্ষে এমন জয়ের পর মেয়েদের ক্রিকেট নিয়ে আগ্রহ-উৎসাহ বেড়ে যাবে। আর মেয়েদের দলের আত্মবিশ্বাসও বাড়বে এমন পর্যায়ে এমন জয়ের পর, যা এই বিশ্বকাপে তো বটেই, ভবিষ্যতেও কঠিন সব প্রতিপক্ষের সঙ্গে খেলার ক্ষেত্রে আত্মবিশ্বাস জোগাবে বলে আশা করি।
হয়তো ওয়ানডে ক্রিকেটে অন্য দলগুলো অনেক বেশি অভিজ্ঞ, শক্তিও বেশি। তবে আমাদের মেধা আছে। ওদের যদি পরিকল্পিতভাবে অনুশীলনের মধ্যে রাখা যায়, তাহলে অন্তত শীর্ষ পাঁচটি দলের মধ্যে যেতে পারবে।