একটা রানই দুজনকে জায়গা করে দিয়েছে ইতিহাসে!

এমন অভিষেক জোটে কতজন ক্রিকেটারের ভাগ্যে? দেশের হয়ে প্রথম টেস্ট খেলাই কেবল নয়, দলের জয়সূচক রানটিও যখন কোনো অভিষিক্ত ক্রিকেটারের ব্যাট থেকে আসে, তাঁকে ভাগ্যবান বলতেই হয়। কত কত ক্রিকেটারের ক্যারিয়ারই শেষ হয়ে যায় জীবনেও কখনো জয়সূচক রান নেওয়ার সৌভাগ্য না পেয়ে। পিটার হ্যান্ডসকম্বের অভিষেক-ভাগ্যটা সোনায় মোড়ানো।
গত অ্যাডিলেড টেস্টে হ্যান্ডসকম্ব জয়সূচক রান নেওয়ার সময় তাঁর সঙ্গে দৌড়েছেন ম্যাথু রেনশ। যদিও রানটা লেখা হয়েছে হ্যান্ডসকম্বের নামে, কিন্তু ইতিহাসের পাতায় নাম উঠে গেছে দুজনেরই। কোনো দলের জয়সূচক রান দুই টেস্ট অভিষেকের মাধ্যমে আসার মাত্র দ্বিতীয় নজির এটি। সেই ১৮৮০ সালে ইংল্যান্ডের ওভালে ইতিহাসের মাত্র চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশদের বিজয়-মুহূর্তের সাক্ষী হয়েছিলেন দুই অভিষিক্ত। টেস্টের ১৩৮ বছরের ইতিহাসে ২ হাজার ২শ ৩৬তম টেস্টে এসে হ্যান্ডসকম্ব-রেনশর এমন মুহূর্তের সঙ্গী হওয়া—বিরল তো বটেই।
অ্যাডিলেড টেস্টে যেন নতুন দিনের দেখা মিলেছে অস্ট্রেলীয় ক্রিকেটে। পার্থ আর হোবার্টের বাজে পারফরম্যান্স অস্ট্রেলীয় ক্রিকেটে যে তোলপাড় ফেলেছিল, তার অংশ হিসেবেই পিটার হ্যান্ডসকম্ব, ম্যাট রেনশ আর নিক ম্যাডিসনের অভিষেক হয়েছিল। অভিষেকটা রেনশ আর হ্যান্ডসকম্বের জন্য যতটা স্মরণীয় হয়েছে, ম্যাডিসনের জন্য হয়েছে ততটাই তিক্ত। তিনি অভিষেকে আউট হয়েছেন শূন্য রানে!
হ্যান্ডসকম্ব নিজে রোমাঞ্চিত এমন একটা বিরল ঘটনায় নিজের নাম লেখাতে পেরে, ‘ব্যাপারটা যেন একটা ছোট্ট সুন্দর চিত্রনাট্য। আমি মনে মনে ভাবছিলাম, আমাকে হয়তো দ্বিতীয় ইনিংসে ব্যাট করার জন্য নামতে হবে না অথবা রেনশই দলের জয়ের জন্য প্রয়োজনীয় দুটি রান নিয়ে ফেলবে। আমি হয়তো কেবল ব্যাট হাতে বসে থাকব। তবে মাঠে নামাটা ছিল দারুণ অনুভূতি। রেনশরও এটি অভিষেক টেস্ট। পুরো ব্যাপারটাই দুর্দান্ত।’
হ্যান্ডসকম্বের একটু খারাপ লাগছে ম্যাডিসনের জন্য। প্রথম ইনিংসে ১২ বল খেলে শূন্য রানে ফিরেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে সুযোগ পাননি ব্যাট করার। হ্যান্ডসকম্ব ও রেনশর আনন্দানুভূতি হয়তো কিছুটা হলেও আক্ষেপের জন্ম দিচ্ছে ম্যাডিসনের মনে। হ্যান্ডসকম্ব অবশ্য সাহস জোগাচ্ছেন সতীর্থকে, ‘ফিরে আসার ক্ষমতা ম্যাডিসনের দুর্দান্ত। নিজের খেলা সম্বন্ধে ভালো ধারণা আছে ওর। মানুষ হিসেবেও সে দারুণ। ভালো বলে আউট হয়ে গেলে বলার কিছু নেই। বোলাররা তো ভালো বল করবেই। ওর মনে কোনো দুঃখবোধ নেই। আমি নিশ্চিত, সে যদি আরও একবার সুযোগ পায়, সবাইকে উড়িয়ে দিতেই চাইবে।’ সূত্র: ক্রিকইনফো।