একটা হাসি বদলে দিয়েছে ধোনির জীবন

তাঁরা যেন মহাসমুদ্রের নাবিক। কিংবা সীমান্তের পাহারায় নিয়োজিত সেই সৈনিক। ক্রিকেটারদের জীবনও এমন কঠিন। দিনের পর দিন পড়ে থাকতে হয় মাঠে। অনুশীলন-খেলা মিলিয়ে মাঠই যেন তাদের ঘর। দেশে থাকলেও বেশির ভাগ সময় সংসার পাততে হয় হোটেলে। আর বিদেশ বিভুঁইয়ে দীর্ঘ সফর তো আছেই।
যোগাযোগ প্রযুক্তির কারণে এখন অবশ্য ঘরের সঙ্গে যোগাযোগ রাখাটা খুব কঠিন কিছু নয়। তবুও, প্রিয়জনদের সঙ্গ কী আর মুঠোফোনের ছোট্ট মনিটর মেটাতে পারে!
প্রথমবার বাবা হওয়ার খবরটা যখন পেলেন, মহেন্দ্র সিং ধোনি তখন তাঁর মেয়ের থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরে, বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত। দেশে এসে বিমানবন্দরে প্রথম যখন মেয়ের মুখ দেখলেন ততদিনে পেরিয়ে গেছে এক মাসেরও বেশি সময়। মাঝের সময়টুকু কেমন কেটেছে ধোনির? ধোনি তাঁর আবেগ লুকিয়ে রাখতে ওস্তাদ। ভারতের অন্যতম সফল এই অধিনায়ক মুখের কথায় তেমন কিছু বুঝতেও দিলেন না। সরল অভিব্যক্তিতে জানালেন, ‘সময়টা খুব কঠিন ছিল।’ মুখে যা-ই বলুন, প্রথমবারের মতো বাবা হওয়া ধোনি নিশ্চয়ই ব্যাকুল হয়ে ছিলেন মেয়েকে কোলে তুলে নিতে।
ধোনির মেয়ের নাম জিভা। হিব্রু এই নামটির অর্থ দীপ্তি, বুদ্ধিমত্তা, আলো। এমনিতেও তো কম উজ্জ্বল নয় এই অধিনায়কের ক্রিকেট-ইতিহাস। তার পরও জিভা যেন তাঁর জীবনে নিয়ে এসেছে নতুন আলোকচ্ছটা। মেয়ের উপস্থিতি তাঁর জীবন-যাপনও পাল্টে দিয়েছে অনেক। ধোনি বললেন, ‘সন্তান যখন আপনার দিকে তাকিয়ে হাসে, আপনার জগৎটাই বদলে যায়।’ এই বদলে যাওয়াটা যে কী, কী সেই স্বর্গীয় অনুভূতি, সেটা কেউ বলে বোঝাতে পারে না। অনির্বচনীয়, লিখেও সেই দৃশ্য আঁকা অসম্ভব। কেবল বাবারাই বুঝবেন, ছোট্ট পরির মতো মেয়েটি যখন আনমনে হেসে ওঠে বাবার দিকে তাকিয়ে, কী এক আবেশে আচ্ছন্ন হন বাবা!
মেয়েকে আরেকটি কারণে পছন্দ হচ্ছে ধোনির। ১০০ কোটি জনগণ তাঁর ক্রিকেট নিয়ে চিন্তিত, চারদিকে কত কথা। কখনো প্রশংসা, কখনো ধিক্কার। কিন্তু এই সবের মধ্যে তাঁর মেয়ে নেই। মজা করে ধোনি বলেছেন, ‘আমি দেশের হয়ে খেলি নাকি চেন্নাইয়ে, এসবে কিছুই যায় আসে না জিভার। ও যখন যা খুশি তা-ই করে। যখন কাঁদতে ইচ্ছে করে, চিৎকার করে কাঁদে। ব্যাপারটি দারুণ উপভোগ করি।’