একটাই উইকেট চেয়েছিলেন ব্রড!

ট্রেন্ট ব্রিজে প্রথম দিনের সবচেয়ে গর্বিত দর্শক তিনি। গর্বিত বাবাও। বুঝে গেছেন নিশ্চয়ই কার কথা বলা হচ্ছে! ক্রিস ব্রড। অস্ট্রেলিয়াকে দুরমুশ করে দিয়ে ছেলে স্টুয়ার্ট ব্রডের গড়া কীর্তিটা বিস্ময়কর ঠেকছে বাবার কাছেও। বিস্ময়ের ঘোরের মধ্যেই ক্রিস ব্রড পরশু বিবিসি রেডিওকে বললেন, ‘ও শুধু একটাই উইকেট চেয়েছিল! কী লোভী মনে হচ্ছে এখন তাঁকে, তাই না? ’
৩০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁতে ট্রেন্ট ব্রিজে একটি মাত্র উইকেটই দরকার ছিল স্টুয়ার্ট ব্রডের। কিন্তু ইংলিশ পেসার মাত্র ১৫ রানে নিলেন ৮ উইকেট। টেস্টের প্রথম সেশনেই ৮ উইকেট নেওয়ার কীর্তি গড়ে নাম লেখালেন ইতিহাসে। সম্ভাব্য অর্জনের সামনে দাঁড়িয়ে যে ভীষণ রোমাঞ্চিত ছিলেন ব্রড সেটা অনুমান করেছিলেন বাবা ক্রিস ব্রডও, ‘টেস্ট শুরুর দুদিন আগে ওর সঙ্গে কথা হয়েছিল। তখন আমাকে বলেছিল—আমি শুধু একটাই উইকেট চাই। ৩০০ উইকেটের জন্য ওর এই ব্যাকুলতা দেখে আমিও একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম।’
তখন নাকি ক্রিস ব্রডের মনে হয়েছিল, সম্ভাব্য অর্জনের এই ব্যাকুলতা ব্রডের বোলিংয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কী দারুণভাবেই না বাবাকে ভুল প্রমাণ করলেন ইংলিশ পেসার! সাবেক ইংল্যান্ড ওপেনার ও বর্তমানে আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে তাই পুরো ব্যাপারটাই নিয়তি বলে মনে হচ্ছে, ‘হয়তো এটাই হওয়ার ছিল—সে ট্রেন্ট ব্রিজে আসবে আর এই কীর্তিটা গড়বে।’
অবিশ্বাস্য লাগছে ২৯ বছর বয়সী স্টুয়ার্ট ব্রডের কাছেও, ‘এটা ছিল স্বপ্নের মতো একটা দিন—নিজের মাঠ, ৩০০ উইকেট পাওয়া, তারপর ক্যারিয়ার-সেরা বোলিং। আমার জীবনে এর আগে সেরা বোলিং ছিল কিম্বলটন স্কুলের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ১২ রানে ৭ উইকেট। আমি কোনো দিন ভাবিনি এক স্পেলেই ৮ উইকেট পাব। আমি স্কোর বোর্ডটা বারবার দেখছিলাম। আমার কাছে মনে হচ্ছিল না এটা সত্যি।’
ব্রডের আটটি উইকেটই উইকেটের পেছনে ক্যাচ। এর মধ্যে বেন স্টোকসের নেওয়া অ্যাডাম ভোজেসের ক্যাচটা তো দুর্দান্ত। ব্রডের কৃতজ্ঞতা তাই সতীর্থদের কাছেও, ‘একটা পর্যায়ে আমরা ক্যাচ ধরার জন্যই ছয়জনকে রাখার মতো সাহস দেখিয়েছি আর অবিশ্বাস্য কিছু ক্যাচও হয়েছে। স্টোকসের ক্যাচটা তো মাঠে থেকে আমার দেখা অন্যতম সেরা।’ এএফপি, রয়টার্স।