একটি গুগলির গল্প শুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদির। যখন খেলতেন। ছবি: টুইটার
পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদির। যখন খেলতেন। ছবি: টুইটার
>

পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদির হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কাল পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এ লেগির স্মরণীয় দুটি আউটের স্মৃতি তুলে ধরা হলো পাঠকদের জন্য। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার আট বছর পর অবিশ্বাস্য দুটি ডেলিভারির জন্ম দিয়েছিলেন কাদির। ক্রিকইনফো থেকে তা সংক্ষেপে তুলে ধরা হলো

পেশোয়ার টেস্ট, ১৯৯৮। পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি তুলে নেন মার্ক টেলর। সে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মোট ৩২৭ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন পাকিস্তানের তিন স্পিনার। আবদুল কাদির তখন অস্ট্রেলিয়ায়। জাতীয় দলে সাবেক হয়েছেন আট বছর হয়ে গেছে। তবে খেলা ছাড়েননি। মেলবোর্নের প্রিন্সেস পার্কে সেদিন কার্লটনের প্রতিপক্ষ ছিল ফুটসক্রাই। কার্লটন কাদিরের নতুন ক্লাব।

গাড়ি চালিয়ে কাদিরকে মাঠে নিয়ে যাচ্ছিলেন কার্লটনের সহসভাপতি ক্রেগ কুক। ছেলের পাঠানো একটি মেইল নিয়ে ভাবছিলেন তিনি। ফুটসক্রাইয়ের ব্যাটসম্যান ‘লারকো’কে নিয়ে লিখেছে তাঁর ছেলে ক্যালাম। লারকো বোলারের হাত থেকে গুগলি পড়তে পারে না, পিচে পড়ার পর বুঝতে পারে—বাবাকে পাঠানো মেইলে তথ্যটা জানান ক্যালাম। সে নিজেও একজন লেগ স্পিনার। বাবার মাধ্যমে এ তথ্য কাদিরকে জানাতে চেয়েছিল সে। ক্রেগ কুক গাড়িতেই সে দায়িত্ব সারলেও পাকিস্তানির কোনো ভাবান্তর ঘটল না। জানালার কাচ গলে কাদির বাইরে কি যেন দেখছিলেন।

গাড়ি গিয়ে থামল ওভালে। ওখানেও একই সেই এক কথা। কার্লটন অধিনায়ক ইয়ান রিগলসওর্থ বললেন, ‘শোনো, লারকো রং ওয়ান (গুগলি) বুঝতে পারে না। ফাঁদটা তুমি পাতবে। যা খুশি করতে পারো।’ এ কাদির শুধু সম্মতিসূচক মাথা ঝাঁকালেন। কিন্তু কিছু বললেন না। শুধু মাঠে নামার সময় এক সতীর্থের কাছে জানতে চেয়েছিলেন, ‘এই লারকো-টা কখন নামবে?’ লারকো আসলে রোহান লারকিন। ভিক্টোরিয়া রাজ্য দলের সাবেক ব্যাটসম্যান। সেদিন তিনি চারে ব্যাট করতে নামলেন।

কাদির তাঁর ব্যাটিং আগে ভালোমতো খেয়াল করে বোলিংয়ে এলেন। গালি অঞ্চলের কাছাকাছি ফিল্ডার রেখে ছুড়লেন গুগলি। লারকিন তা পড়তে না পারলেও স্কয়ার কাট করে ব্যাটে লাগাতে সমর্থ হলেন। বল ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপের হাত গলে দুই রান এনে দিল লারকিনকে। তিনি ভাবলেন, ‘বেশ তো! গুগলিটা ধরতে পেরেছি। শুরুটা ভালোই হলো।’

দ্বিতীয় বলটা ছিল একটু দ্রুতগতির এবং বেশ বাইরে। উইকেটরক্ষক মিকি বাতেরা বলটা ওয়াইডের দাগ বরাবর ধরতে প্রস্তুত ছিলেন। আর লারকিনও ভেবেছিলেন ওয়াইড হবে। তাঁর ভাষায়, ‘বলটা পিচের একদম কানায় পড়েছিল।’ অর্থাৎ এত বাইরে ছিল যে সেখান থেকে অবিশ্বাস্য কিছু ঘটার সম্ভাবনা দেখতে পাননি লারকিন। আম্পায়ারও ওয়াইড দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। আর লারকিন? নিশ্চিন্তে ব্যাট তুলে অপেক্ষায় ছিলেন ‘নিরীহ দর্শন ডেলিভারিটা বেরিয়ে যাক।’

কিন্তু এ কী কাণ্ড! বলটা পড়ে সোজা আঘাত হানল মাঝের স্টাম্পে! দেখলে মনে হবে কেউ যেন রিমোট কন্ট্রোল দিয়ে বলের দিক পাল্টে ফেলেছে। আর সেটি এতটাই যে ১৯৯৩ অ্যাশেজে শেন ওয়ার্নের ‘বল অব দা সেঞ্চুরি’কে মনে পড়বেই। ওয়ার্ন লেগ স্টাম্পের বাইরে পিচ করিয়ে অফ স্টাম্পের বেলস ফেলেছিলেন। আর কাদির অফ স্টাম্পের অনেক অনেক বাইরে পিচ করিয়ে মাঝের স্টাম্প ভাঙলেন। এ ডেলিভারি দুটো আলাদা ঘরানার তবে নিশানা একই—ম্যাজিক!

কাদিরের সেই ডেলিভারি কতটা বাঁক নিয়েছে তার সাক্ষী উইকেটের পেছনে দাঁড়ানো বাতেরা, ‘গুগলিটা দেড় ফুটের মতো বাঁক নিয়েছে। বলার সময় নিজের কানেই অবিশ্বাস্য শোনায়।’ আর লারকিনের ভাষায়, ‘আমি এক শ-বারে এক শ-বারই ওভাবে খেলতাম।’ ক্রেগ কুক অবশ্য বিষয়টিকে দেখেন ভিন্ন চোখে, ‘ওয়ার্নের ডেলিভারিতে ভাগ্যের পরশ ছিল। কিন্তু কাদিরেরটা নিখুঁত মাথা খাটানোর ফল।’

সেদিন মাঠে কাদিরের সেই অবিশ্বাস্য ডেলিভারিতে সবাই অবাক হলেও জাদুকর নিজে ছিলেন ভাবলেশহীন। যেন এসব করে অভ্যস্ত। অনেকে হয়তো ভেবেছিলেন কাদির এ বয়সেও পাকিস্তান দলে খেলতে পারেন। কিন্তু সমস্যা হলো ৪৩ বছর বয়সী কারও জন্য টেস্ট দলের নির্বাচকদের মায়া থাকে না। আর তাই পেশোয়ারে টেস্ট রেখে কাদিরকে খেলতে হয়েছে অস্ট্রেলিয়ায়।

শুধুই কী খেলা? জাদু বললে মোটেও অত্যুক্তি হবে না। সে মৌসুমে গিলং ক্লাবের ইনফর্ম ব্যাটসম্যান জেসন বাক্কেরের কথাই ধরুন। কাদিরকে খেলার প্রস্তুতি নিতে তাঁকে নেটে তৈরি করলেন কোচ কেন ডেভিস। তাঁর হাত পড়ে পড়ে কাদিরকে খেলার প্রস্তুতি নিলেন বাক্কের। এরপর ম্যাচেও ভালোই খেলছিলেন কাদিরকে। গুগলি ধরতে সমস্যা হয়নি। অন্য ডেলিভারিগুলোতেও যেমন খেলা দরকার তেমনই খেলছিলেন।

পানি পানের বিরতিতে অধিনায়ক রিগলসওর্থ তো মরিয়া। কাদিরকে তিনি বললেন, ‘সে (বাক্কের) তোমার গুগলি ধরে ফেলছে?’ জবাব এল না। তবে খেলা পুনরায় শুরুর হলে কাদির তাঁর ঝুলি বন্ধ করলেন। না গুগলি, না ফ্লোতিল্লা বা ফ্লিপার। কিছুই না! স্রেফ প্রথাগত লেগ স্পিন করে গেলেন। প্রায় এক ঘণ্টা এমন চলল। বাক্কের ফিফটি তুলে নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠলেন। এ পথে একটি ডেলিভারি পড়ল বেশ বাইরে। আর দশটি নিরীহ দর্শন লেগ স্পিনের মতো ভেবেই বাক্কের সামনে পা বাড়িয়ে বলটা বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিলেন। কিন্তু বলটা বাউন্স করার ঠিক আগ মুহূর্তে তিনি বুঝতে পারলেন, আরে! বলে সিম পজিশন তো আলাদা! কিন্তু ততক্ষণে ভুল শুধরে নিতে অনেক দেরি হয়ে গেছে। বল আঘাত হানল মাঝের স্টাম্পে।

এ ম্যাচের এগারো বছর পর বাক্কের বলেছিলেন, ‘এক ঘণ্টা—হ্যাঁ, সে এক ঘণ্টা ধরে প্রস্তুতি নিয়েছে। অথচ আমি বোকার মতো ভেবেছিলাম তাকে বাগে পেয়ে গেছি। কিন্তু এ সময় ধরে সে আমার জন্য ফাঁদ পেতেছে। লোকটার মানসিকতা একবার ভেবে দেখুন, ওহ ঈশ্বর!’