একটি জুটির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা প্রিমিয়ার লিগের গতবারও একই দলে খেলেছেন। মুশফিকুর রহিম ও নাঈম ইসলাম এবারও একই দলে। গতবার ছিলেন মোহামেডানে। এবার লিজেন্ডস অব রূপগঞ্জে।
নতুন মৌসুমে ২২ গজে মুশফিক-নাঈমের দুর্দান্ত রসায়নের প্রথম প্রদর্শনীটা কাল বিকেএসপিতে হয়ে গেল। ১৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে দল যখন বেশ চাপে, ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়িয়ে উল্টো প্রতিপক্ষকেই চাপে ফেলে দিয়েছেন বিকেএসপির সাবেক দুই ছাত্র। তাতে শুধু রূপগঞ্জের ইনিংসের চেহারাটাই বদলে যায়নি, বদলে গেছে পুরো ম্যাচের চিত্রও। মুশফিক-নাঈমের ঔজ্জ্বল্যে ফিকে হয়ে গেছে বাকি সবকিছু।
দ্রুত ২ উইকেট পড়লেও দুজনেরই বিশ্বাস ছিল, উইকেট বিলিয়ে না দিয়ে এলে এই ব্যাটিং-বান্ধব উইকেটে বোলাররা এমন কোনো সমস্যায় ফেলতে পারবে না। ম্যাচ শেষে মুশফিক বললেন, ‘মাঠটা এমনিতেই ছোট। পরে পুষিয়ে নেওয়ার সুযোগ আছে। তুলে না মেরে আমরা আগে থিতু হয়েছি। পরে নিজেদের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’
দুজন সেটি করতে পেরেছেনও। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন। জুটি গড়তে যে মুশফিকের জুড়ি নেই, সেটি তাঁর রেকর্ড দেখলেও বুঝবেন। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতরানের জুটির অংশীদার (১৫ বার) তিনি। হোক ঘরোয়া ক্রিকেট, আরও একটি দুর্দান্ত জুটির অংশীদার হয়ে স্বাভাবিকভাবেই খুশি ‘মুশি’। তবে তাঁর চেয়ে বেশি খুশি বোধ হয় নাঈম, ‘মুশফিকের সঙ্গে ব্যাটিং করা আনন্দের। সে শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক ক্রিকেটেই দুর্দান্ত এক ব্যাটসম্যান। আমার ভূমিকা ছিল ওকে সমর্থন করা। জুটি গড়ার সব কৃতিত্বই মুশফিকের। সে যে ক্রিকেট খেলে, তার সঙ্গে যে কেউ দাঁড়িয়ে থাকলে এমন একটা রেকর্ডের অংশীদার হয়ে যাবে!’
দলের অসাধারণ জয়, নিজেদের দুর্দান্ত জুটি যেমন তৃপ্তি দিয়েছে মুশফিক-নাঈমকে, ছোট্ট একটু আফসোসও থেকে গেছে তাঁদের। এই আফসোস অবশ্য ‘আরও ভালো করার’! মুশফিক যেমন বললেন, ‘১৫০ না করতে পারার আক্ষেপ আছে। আমরা তো লক্ষ্য ছিল পুরো ৫০ ওভার খেলার। সেটা না করতে পেরে একটু খারাপ লাগছে।’
মাংসপেশিতে হালকা টান পড়ায় একটা সময় নাঈমের সেঞ্চুরি করা নিয়ে খানিকটা সংশয় জেগেছিল। সেঞ্চুরি শেষমেশ হলেও শেষ দিকে আরেকটু মেরে খেলতে না পারার আফসোস কাজ করছে তাঁর মনে, ‘আরও ভালো করা দরকার ছিল। যেমন উইকেট, আমি ১৩০-১৪০ রান করতে পারতাম। মাংসপেশিতে টান পড়ায় পরে সেভাবে শট খেলতে পারিনি।’
একজন জাতীয় দলে নিয়মিত, অন্যজন লড়াই করছেন জাতীয় দলে ফিরতে। দুজনকে এক বিন্দুতে মিলিয়ে দিচ্ছে সাফল্যের ক্ষুধা। সেঞ্চুরি করেও তৃপ্ত নন দুজনের কেউই!