একটি পারিবারিক রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার কীর্তিধন্য দিনেই ছেলেদের লিগে ৮ উইকেট নিয়েছেন কেট ক্রস। দলে ছিলেন ভাই, মাঠে ছিলেন মা ও বোনও l ওয়েবসাইট
বাবার কীর্তিধন্য দিনেই ছেলেদের লিগে ৮ উইকেট নিয়েছেন কেট ক্রস। দলে ছিলেন ভাই, মাঠে ছিলেন মা ও বোনও l ওয়েবসাইট

চলচ্চিত্রের চিত্রনাট্যেও বোধ হয় এতটা নাটকীয়তা থাকে না। ১৯৮০ সালের ১০ মে ডেভিড ক্রস এফএ কাপ জিতেছিলেন ওয়েস্ট হামের হয়ে। ৩৫ বছর পর তাঁর মেয়ে কেট ক্রস সেই তারিখটিতেই এক ম্যাচে নিলেন ৮ উইকেট। উঁহু, যা ভাবছেন তা নয়! কেটের কীর্তি কিন্তু মেয়েদের নয়, ছেলেদের ম্যাচে। তাঁর সঙ্গে আরও দুটি তথ্য যোগ করে নিন। কেটের এই গৌরবভাস্বর দিনে ভাই ববও খেলেছেন তাঁর সঙ্গে। আর মা ছিলেন ম্যাচের অফিশিয়াল স্কোরার। বাস্তব কখনো কখনো কল্পকাহিনির মতো!
শুধু কেটকে নিয়েই দারুণ একটা গল্প হতে পারে। সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার লিগে ১২৩ বছরের মধ্যে প্রথম মেয়ে ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েই ইতিহাস গড়ে ফেলেছিলেন। সেটিও প্রায় দুই সপ্তাহ আগের কথা। অভিষেকেই ৩ উইকেট নিয়ে প্রমাণ করেছিলেন, নিজের যোগ্যতা দিয়েই দলে সুযোগ পেয়েছেন। পরশু তো ঘোষণাই করে দিলেন, আরও অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে তাঁর।
কেট অবশ্য নিজের কীর্তিকে অত বড় করে দেখছেন না, ‘আমাদের সবার জন্য এটা অসাধারণ এক দিন। বিশেষ করে বাবার এই উপলক্ষে। কিন্তু সত্যি বলতে কি, আমি পিচ থেকে প্রচুর সাহায্য পেয়েছি।’ কেটের তোপে প্রতিপক্ষ আন্সওয়ার্থ অলআউট হয়ে গেছে ১২১ রানে। তাঁর দল হেউড সেই রান টপকে গেছে ৪ উইকেট হাতে রেখেই। সবচেয়ে বেশি ৬৩ রান করেছেন কেটের ভাই বব!
ইংল্যান্ডের হয়ে দুটি টেস্ট খেলা কেট এখানেই থামার কথা ভাবছেন না, ‘আমি ছেলেদের সঙ্গে খেলেই বড় হয়েছি। এটা বোধ হয় আমার পক্ষে এসেছে। তার মানে ছেলেদের যে লেংথে বল করতে হয় সেটার সঙ্গে আমি অভ্যস্ত। আর সবচেয়ে বড় কথা, এই ক্লাবে আমাকে সবাই চেনে। আমি এখানে বড় হয়েছি। এমন নয়, আমি একটা ক্লাবে হুট করে ঢুকেই ছেলেদের সঙ্গে খেলা শুরু করে দিলাম।’
ছেলেমেয়ের কীর্তি ডেভিড ক্রস মাঠে বসেই দেখেছেন। স্ত্রী তো স্কোরারই ছিলেন। ইসিবি, বিবিসি।