একটু উজ্জ্বল সাকিব, নিষ্প্রভ জ্যামাইকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবের অলরাউন্ড নৈপূন্যের পরও হারল জ্যামাইকা। ফাইল ছবি।
সাকিবের অলরাউন্ড নৈপূন্যের পরও হারল জ্যামাইকা। ফাইল ছবি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে নিজেকে পুরোপুরি চেনাতে পারেননি সাকিব আল হাসান। তারপরও জিতেছিল তাঁর দল জ্যামাইকা তালওয়াস। বাংলাদেশ সময় আজ ভোরে সাকিব তাঁর অলরাউন্ড নৈপুণ্যের একটা ঝলক দেখালেও জিততে পারেনি তাঁর দল। ২৩ বলে করেছেন ২৫ রান এবং ৪ ওভারে ২১ রান দিয়ে সাকিব ১ উইকেট নিলেও জ্যামাইকা ৭ উইকেটে হেরে গেছে গায়ানা আমাজোন ওয়ারিয়র্সের কাছে।
আসলে ম্যাচের প্রথমার্ধেই হেরে গিয়েছিল সাকিবের দল। টস হারা জ্যামাইকা ব্যাটিংয়ে এসে ১৮ ওভারে অলআউট। রান করে মাত্র ১০০। প্রথম ম্যাচে ফিফটি ও দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করা ক্রিস গেইল ম্যাচের দ্বিতীয় বলেই আউট শূন্য রানে। প্রতিপক্ষ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সর্বোচ্চ ৩৮ করেন রোভমান পাওয়েল। দ্বিতীয় সর্বোচ্চ সাকিবের ২৫ রানে আছে ১টি ছয়। বাঁহাতি স্পিনার ভিরাসামি পেরমল ২০ রানে নিয়েছেন ৩ উইকেট।
এত কম রানের পুঁজি নিয়ে জিততে হলে অসাধারণ কিছু করতে হতো জ্যামাইকা বোলারদের। ১১ রানের মধ্যে দুই ওপেনার ডোয়াইন স্মিথ ও মার্টিন গাপ্টিলকে ফিরিয়ে দিয়ে তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন ইমাদ ওয়াসিম। কিন্তু উইকেটে দাঁড়িয়ে যান ক্রিস লিন (৩৯*) ও অ্যান্থনি ব্রাম্বল (২৭*)। চতুর্থ উইকেটে তাঁরা অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়লে ১২ বল হাতে রেখেই জিতে যায় গায়ানা। ক্রিকইনফো।