একটু এগিয়ে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায়ী টেস্টে ব্যাট করতে নেমেছেন। বিরাট কোহলিদের অভিবাদন আবেগাপ্লুতই করে দিল কুমার সাঙ্গাকারাকে। কাল কলম্বোর পি সারা ওভালে l এএফপি
বিদায়ী টেস্টে ব্যাট করতে নেমেছেন। বিরাট কোহলিদের অভিবাদন আবেগাপ্লুতই করে দিল কুমার সাঙ্গাকারাকে। কাল কলম্বোর পি সারা ওভালে l এএফপি

শ্রীলঙ্কা ব্যাট করতে নামার পর মাত্র ৭টি বল হয়েছে। উমেশ যাদবের বলে এলবিডব্লু হয়ে দিমুথ করুনারত্নেকে যেতে হলো ড্রেসিংরুমে। উঠে দাঁড়ানো গ্যালারি আর করতালির শব্দে অষ্টম বলটা খেলার জন্য ড্রেসিংরুম থেকে নেমে এলেন তিনি। মাঠে নেমে ‘গার্ড অব অনার’ পেলেন ভারতীয় খেলোয়াড়দের কাছ থেকেও। কুমার সাঙ্গাকারা তখন আবেগাপ্লুত। সেই আবেগ সামলে নিয়ে শুরুতেই উইকেট হারানোর ধাক্কাটাও সামাল দিলেন কৌশল সিলভার সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে। মাঝে একবার নিজের ২৪ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচও দিয়েছিলেন। বেশ কঠিন সেই ক্যাচটা ধরতে পারেননি অজিঙ্কা রাহানে।
শেষ পর্যন্ত সেই অশ্বিনের বলে ওই রাহানের হাতেই ক্যাচ। সাঙ্গাকারার নামের পাশে তখন ৮৭ বলে ৩২ রান। বিদায়ী টেস্টের প্রথম ইনিংসটা খুব বড় হলো না। ফিরে যাওয়ার সময় তাঁর সম্মানে আরও একবার দাঁড়াল পি সারা ওভালের গ্যালারি। ভিআইপি বক্সে স্ত্রী ইয়েহালি ও দীর্ঘদিনের বন্ধু মাহেলা জয়াবর্ধনেও বুঝি কিছুটা আবেগাপ্লুত!
সাঙ্গাকারার বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি কুশল সিলভাও। হাফ সেঞ্চুরির পরপরই অশ্বিনের হাতে ক্যাচ দিয়েছেন অমিত মিশ্রর বলে। অবশ্য এর আগেই একবার জীবন পেয়েছেন। ১৪ রানে রাহানের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেওয়ার পর রিপ্লেতে ধরা পড়ে সেটি ‘নো’ বল ছিল। দিন শেষে ভারতের চেয়ে ২৫৩ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। ক্রিকেটীয় বিচারে তাই ভারতকেই কিছুটা এগিয়ে রাখতে হচ্ছে। অশ্বিন-বিনি আর মিশ্রদের আঁটসাঁট বোলিংয়ে রান নিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দলকে।
এর আগে ৬ উইকেটে ৩১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত বাকি ৪ উইকেটে যোগ করেছে আরও ৭৪ রান। দিনের তৃতীয় ওভারেই অশ্বিনকে হারানো ভারত সাড়ে তিন শ পার হয় ঋদ্ধিমান সাহা ও অমিত মিশ্রর দৃঢ়তায়। অষ্টম উইকেটে এ দুজন মিলে গড়েন ৪৬ রানের জুটি।
তুলনায় খুব বড় না হলেও গুরুত্বপূর্ণ ২৪ রান এসেছে মিশ্রর ব্যাট থেকে। তাঁর বিদায়ের পর উইকেটকিপার ঋদ্ধিমানের সঙ্গে ১৯ রানের জুটি গড়েন ইশান্ত শর্মা। ৮ উইকেটে ৩৮৬ রান নিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া ভারত তখন হয়তো চার শ রানের কথাই ভাবছিল। কিন্তু দ্বিতীয় সেশনে রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে আর মাত্র ৭ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস। চার শ থেকে সাত রান দূরে থেকে গেছে বিরাট কোহলির দল। তবে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ঋদ্ধিমান পেয়ে গেছেন সিরিজে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। সনি সিক্স, ক্রিকইনফো।