একটু সময় নিয়েই কাজ করতে চান আকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের পেসারদের নিয়ে ব্যস্ত সময় কাটছে আকিব জাভেদের। কাল বিসিবি একাডেমি মাঠে l প্রথম আলো
বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের পেসারদের নিয়ে ব্যস্ত সময় কাটছে আকিব জাভেদের। কাল বিসিবি একাডেমি মাঠে l প্রথম আলো

বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ারই প্রস্তাব পেয়েছিলেন আকিব জাভেদ। কিন্তু পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সে যোগ দেওয়ায় বিসিবিকে ‘না’ করে দেন সংযুক্ত আরব আমিরাতের সাবেক এই কোচ। অবশ্য বিসিবির ডাক পেয়েই শেষ পর্যন্ত এসেছেন, তবে এক সপ্তাহের জন্য। পারফরম্যান্স (এইচপি) ইউনিটের পেসারদের পরামর্শক হিসেবে এসে এই স্বল্প সময়ে আকিব কতটুকুই বা শেখাতে পারবেন?
বিসিবি একাডেমি মাঠে কাল সকাল ৯টায় শুরু করে আকিব তিন ঘণ্টা কাজ কাজ করলেন এইচপির ১৭ জন পেসারকে নিয়ে। প্রথম দিনে পেস বোলিংয়ের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মোমেন্টাম, গ্রাউন্ড ফোর্স ও গতি নিয়ে কাজ করেছেন ২২ টেস্ট ও ১৬৩ ওয়ানডে খেলা পাকিস্তানের সাবেক পেসার। তবে গতি নিয়েই ছিলেন বেশি মনোযোগী। আজ দ্বিতীয় দিনে জোর দেবেন বোলারদের মানসিক দক্ষতার ওপর।
আকিব নিশ্চয়ই চেষ্টা করবেন আগামী কদিনে আরও কিছু শেখানোর। কিন্তু সাত দিন শেখানো বা শেখার জন্য পর্যাপ্ত নয়, সেটি মানছেন তিনি, ‘আমি সব সময়ই পদ্ধতির ওপর বিশ্বাস রাখি। আপনি পার্থক্য গড়ে দিতে পারেন। এক সপ্তাহে কিছু জ্ঞান দেওয়া যায়। কিন্তু বিরাট উন্নতি আনা যায় না।’
বিসিবি চাইলে বছরের বিভিন্ন সময়ে তিন-চার সপ্তাহ বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে আকিবের। তিন মাস পর আবার এসে বোলারদের উন্নতিটা পর্যবেক্ষণ করতে চান, ‘যেটি মানানসই নয়, কখনো কখনো সেটি গ্রহণ করা কঠিন। তবে কিছু শেখানো, একটা পরিকল্পনা করা ও তিন মাস পরে এসে দেখতে পারি তারা কতটুকু এগোল। তাদের শেখানোর সর্বোচ্চ চেষ্টাই করব। ছয়-সাত দিন পর আমি চলে গেলেও মনে হয় না তাদের কোনো সমস্যা হবে। তবে তাদের জানতে হবে কোথায় যেতে হবে।’
প্রথম দিনের কাজে বেশ সন্তুষ্ট আকিব। প্রথম সেশন শেষেই উন্নতির লক্ষণ দেখতে পাচ্ছেন তিনি, ‘যখন আপনি একটা স্কিলের ওপর জোর দেবেন পার্থক্য দেখতে পাবেন। আমার মনে হয় প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে। আজ (কাল) ও পরের দুই দিনের কিছু ভিডিও তৈরি করব। আমি নিশ্চিত, নিজেদের পরিবর্তনে তারা চমকে যাবে।’
আকিব প্রথম চার দিন কাজ করবেন এইচপির পেসারদের নিয়ে। পরের দুই দিন তাঁর ক্লাস জাতীয় দলের নয় পেসারের সঙ্গে। অল্প সময়ে এত বোলারকে নিয়ে কাজ করাটাকে কঠিন মনে করছেন না আকিব, ‘আপনি যদি পরিষ্কার থাকেন কী করতে যাচ্ছেন, তাহলে ৫০০ খেলোয়াড় হলেও সমস্যা নেই। বার্তাটা ঠিকমতো পৌঁছাল কি না সেটাই গুরুত্বপূর্ণ।’