একটু স্বস্তি পাচ্ছেন মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিম— প্রথম আলো
বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিম— প্রথম আলো

কদিন আগেও প্রিয় স্লগ সুইপটা ‘প্রাণঘাতী’ হয়ে উঠেছিল মুশফিকুর রহিমের কাছে। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুবার আউট হয়েছেন এই শট খেলতে গিয়ে। যে শটে বার বার আউট হচ্ছেন, তবুও সেটি কেন খেলতে যাচ্ছেন বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান?
আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে প্রশ্নটার উত্তর দিতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক অবশ্য সতীর্থকে লাইসেন্সই দিয়েছেন শটটা খেলতে, ‘ওর শক্তির জায়গা হচ্ছে ওই শট। এই শটে সে অনেক রান করে। যদি এটা বন্ধ করে দেয়, তাহলে রানের জায়গাও কমে যাবে।’
এবার উত্তর দিলেন মুশফিক নিজেই। বিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেসেছে তাঁর ব্যাট। বছরের শুরুতে টি-টোয়েন্টিতে যে রানখরায় ভুগেছেন, সেটিও কাটিয়ে উঠতে শুরু করেছেন। আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে দুটি ছক্কা মেরেছেন, দুটিই স্লগ সুইপে। যেকোনো শটে সফল হতে ভালো টেকনিক আর আত্মবিশ্বাস থাকাটা খুব জরুরি। দুটিরই প্রতিফলন দেখা যাচ্ছে মুশফিকের ব্যাটিংয়ে।
স্লগ সুইপে সফল হয়ে স্বস্তি পাচ্ছেন মুশফিকও, ‘কোনো শটে যখন ছয় হয়, ভালো লাগে। সেটা স্লগ সুইপ হোক কিংবা অন্য শট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ওই সময়টাতে একটু ঝুঁকি নেওয়ার দরকার ছিল। আমরা সেটা নিয়েছি। আমার শক্তিমত্তার কথা চিন্তা করেই ঝুঁকি নিয়েছি। সর্বশেষ দুটি ইনিংস ভালো হয়েছে, ছন্দে আছি। চেষ্টা করছি পুরো বিপিএল এই ছন্দে খেলার।’