একটু হলেও এগিয়ে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯৫ রানের ইনিংস খেলার পথে ক্রিস রজার্স l এএফপি
৯৫ রানের ইনিংস খেলার পথে ক্রিস রজার্স l এএফপি

ছয় বছর আগে কার্ডিফ টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৪৩৫ রান। কাল প্রথম ইনিংসে ইংল্যান্ড থেমে গেল ৪৩০ রানে। জবাবে সেবার অস্ট্রেলিয়া চড়েছিল ৬৭৪ রানের পাহাড়ে, কিন্তু এবার সেটির পুনরাবৃত্তি হচ্ছে না বলেই দেওয়া যায়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে করেছে ২৬৪ রান। দ্বিতীয় দিন শেষে হাসিটা ইংল্যান্ডেরই বেশি চওড়া। ব্যাটিংয়ের পর দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছেন মঈন আলীই।
অস্ট্রেলিয়াকে এ পর্যন্ত নিয়ে আসতে ক্রিস রজার্সের অবদানই বেশি। অস্ট্রেলিয়ান ওপেনার আউট হয়েছেন ৯৫ রানে। তবে তার আগে দারুণ একটা কীর্তি গড়ে ফেলেছেন। টানা সাত ইনিংসে ফিফটি করে বসে গেছেন স্যার এভারটন উইকস, অ্যান্ডি ফ্লাওয়ার, শিবনারায়ণ চন্দরপল ও কুমার সাঙ্গাকারার পাশে। তবে বাকিদের এই সাত ইনিংসে অন্তত একটি সেঞ্চুরি আছে, রজার্স পাননি একটিতেও।
মার্ক উডের বলে রজার্সের আউটের পর অধিনায়ক মাইকেল ক্লার্কও বেশিক্ষণ থাকেননি, মঈনের বলে ফিরে গেছেন ৩৮ রানে। অ্যাডাম ভোজেস ও শেন ওয়াটসন মেরামতের চেষ্টা করেছিলেন, ভোজেস আউট হয়ে গেছেন ৩১ রানে। বাকি সময়টা নাইটওয়াচম্যান নাথান লায়নকে (৬*) নিয়ে পার করে দিয়েছেন ওয়াটসন (২৯*)।
শুরুতে রজার্স নড়বড়েই ছিলেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই স্টুয়ার্ট ব্রডের জোরালো এলবিডব্লুর আবেদন থেকে বেঁচে গেছেন দুবার। এই ব্রডকেই পুল করে পরে পেয়েছেন টেস্টে নিজের প্রথম ছক্কা।
এর আগেই ইংল্যান্ডকে আরও দুবার আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন জেমস অ্যান্ডারসন ও মঈন। ১৭ রানে স্লিপে কুকের দুর্দান্ত এক ক্যাচে অ্যান্ডারসনের বলে আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। মঈনের ওপর শুরু থেকেই চড়াও ছিলেন স্টিভেন স্মিথ, এক ওভারে তিনটি চারও মেরেছেন। পরে মঈনকেই উইকেট ছেড়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন ৩৩ রানে।
সকালের সেশনে অস্ট্রেলিয়াকে হতাশ করে গেছেন ইংলিশ টেলএন্ডাররা। মঈন ও ব্রড মিলে অষ্টম উইকেটে যোগ করেছেন ৫২ রান। দলীয় ৩৯৫ রানে ব্রডকে (১৮) উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন নাথান লায়ন। ৭৭ রান করে মঈন আউট হয়েছেন মিচেল স্টার্কের বলে। অ্যান্ডারসনকে বোল্ড করে টেস্টে তৃতীয়বারের মতো ৫ উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক। স্টার স্পোর্টস।