একটুর জন্য স্মরণীয় ক্যাচ হলো না সৌম্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌম্যের হাত ফসকে বল চলে যাচ্ছে। ছবি: শামসুল হক
সৌম্যের হাত ফসকে বল চলে যাচ্ছে। ছবি: শামসুল হক

ক্যাচ, না ছক্কা? আনন্দ না হতাশা? বেশ একটা নাটকীয় উত্তেজনাই উপহার দিল খুলনাতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি। তাতে অবশ্য শেষে হতাশই হতে হলো বাংলাদেশের সমর্থকদের।


ম্যাচের ১২তম ওভারের খেলা চলছে তখন। সাকিবের বলটা লং অনে উড়িয়ে মেরেছিলেন ভুসি সিবান্দা। দর্শকদের মনে চাপা উত্তেজনা, অবশেষে জিম্বাবুয়ের প্রথম উইকেট পড়তে যাচ্ছে। বাউন্ডারির পাশে যে দাঁড়িয়ে আছেন সৌম্য। কিন্তু প্রথমবারে বলটা ধরতে পারলেন না সৌম্য। তাঁর হাতে লেগে বল চলে যাচ্ছিল সীমানা দড়ির ওপারে।

বল চলে যাচ্ছে সীমানার বাইরে, কিন্তু হাল ছাড়লেন না সৌম্য। ছবি: শামসুল হক
বল চলে যাচ্ছে সীমানার বাইরে, কিন্তু হাল ছাড়লেন না সৌম্য। ছবি: শামসুল হক

সৌম্য ভুলের ‘প্রায়শ্চিত্ত’ করতে অনেক চেষ্টা করলেন। তাতেই বেশ একটা নাটকীয়তার জন্ম হলো মাঠে। দ্বিতীয় চেষ্টায় বলটা ধরে ফেলেছিলেন সৌম্য। কিন্তু ততক্ষণে তিনি প্রায় বাউন্ডারির ওপাশে চলে যাচ্ছিলেন। ভাসমান অবস্থাতেই বলটা ওপরে ছুড়ে মারেন সৌম্য। উদ্দেশ্য—মাঠে ফিরে এসে আবার সঠিকভাবে ক্যাচটা ধরবেন।

কিন্তু বিধি বাম! শরীরের ভারসাম্য ঠিকমতো ধরে রাখতে না পেরে বলটা ছুড়ে মেরেছিলেন তো সৌম্য, সেটি তাই হয়তো ঠিক সীমানা দড়ির ভেতরে এসে পড়ল না। কিন্তু সৌম্য তো সীমানা দড়ির ভেতরে। তবুও শেষ চেষ্টা করলেন বাংলাদেশ ওপেনার। মাঠের ভেতরে থেকেই নিজের হাতটাকে যতটুকু সম্ভব বাড়িয়ে ক্যাচ ধরার চেষ্টা করলেন। ধরলেনও। কিন্তু তার আগে পায়ের আলতো ছোঁয়া লেগে গেল বাউন্ডারি লাইনে। ক্যাচ ধরেও কোনো লাভ হলো না। ছক্কা!

সীমানার বাইরে থেকে বল আবারও মাঠে পাঠালেন সৌম্য। ছবি: শামসুল হক
সীমানার বাইরে থেকে বল আবারও মাঠে পাঠালেন সৌম্য। ছবি: শামসুল হক

সুন্দর পরিণতি পেল না সৌম্যর সুন্দর চেষ্টাটা। হলো না সৌম্যর ম্যাক্সওয়েল হওয়া। এর আগে গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে এমন একটি ক্যাচ ধরেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। তিনিও ‘উড়তে থাকা অবস্থায়’ মাঠের বাইরে ক্যাচ ধরে সেটিকে আবার ছুড়ে দিয়েছিলেন বাউন্ডারির ভেতরের দিকে। ফিরে এসে আবার ক্যাচটি ঠিকভাবে ধরেছিলেনও।

সৌম্যর ক্যাচটা ‘ক্যাচ’ হলে ম্যাক্সওয়েলের ক্যাচটিকেও হয়তো ছাড়িয়ে যেত নিঃসন্দেহে। ক্রিকেটেরই সেরা ক্যাচগুলোর একটি হিসেবে থেকে যেত ‘আর্কাইভে’। এভাবে বেঁচে যাওয়া সিবান্দা পরের বলেই একেবারে সাদামাটা একটি ক্যাচে আউট হয়ে সাজঘরে ফিরেছেন।

বল এবার তালুবদ্ধ করলেন, কিন্তু পা ছুঁয়েছে সীমানা দড়ি। ছবি: শামসুল হক
বল এবার তালুবদ্ধ করলেন, কিন্তু পা ছুঁয়েছে সীমানা দড়ি। ছবি: শামসুল হক

আউট ঠিকই হলেন সিবান্দা, মাঝে শুধু শুধুই ছয়টা রান 'বাড়তি' খরচ হলো বাংলাদেশের। আর পূর্ণতা পেল না সৌম্যর অমন সুন্দর প্রচেষ্টা। আউটই যদি হবেন, আগের বলে হলে কী এমন ক্ষতি হতো সিবান্দার!