একটুর জন্য 'ফিফটি' হলো না স্মিথের

স্টিভেন স্মিথও তাহলে ক্লান্ত হন! যেভাবে ছুটছিলেন তাতে ধন্দই লেগে যাচ্ছিল, স্মিথের কী ক্লান্তি-টান্তি লাগে না? প্রশ্নের উত্তর মিলল গত শুক্রবার। সেদিন সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্মিথকে ছাড়াই মাঠে নামল অস্ট্রেলিয়া। শেষ এমন ঘটেছিল ২০১৪ সালের ১৪ নভেম্বর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে স্মিথকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
এরপর টানা পনেরো মাস অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন স্মিথ। এই সময়ে ৪৭টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া—২৮টি ওয়ানডে, ১৭টি টেস্ট ও ২টি টি-টোয়েন্টি। এই ৪৭ ম্যাচে ৫৮ ইনিংসে ব্যাট করছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়ক।
এই ৫৮ ইনিংসে তাঁর মোট রান ৩৫৪০। এর মাঝে ওয়ানডেতে খেলেছেন ২৬টি ইনিংস। এই সময়ে ওয়ানডেতে ৫৯.৭৩ গড়ে ১৩৭৪ রান করেছেন। ৪টি সেঞ্চুরি পেয়েছেন, ৮টি ফিফটি। ২টি-টোয়েন্টিতে ১টি ফিফটিসহ ১১১ রান। স্মিথ সবচেয়ে ‘ভয়ংকর’ ছিলেন সাদা পোশাকে। ১৭ টেস্টের ৩০ ইনিংসে ২০৫৫ রান নিয়েছেন স্মিথ, ৯টি সেঞ্চুরি ও ৬টি ফিফটি পেয়েছেন এই সময়। আর গড় তো প্রায় ‘ব্র্যাডম্যান’ তুলনীয়—৮৫.৬২!
এর চেয়েও বিস্ময়কর ব্যাপার, এই ১৫ মাসে স্মিথের মাঠে কাটানো সময়। শুধু ব্যাটিংয়েই ১১৪ ঘণ্টা কাটিয়েছেন স্মিথ। মেরেছেন ৩৫৮টি চার ও ২৮টি ছক্কা। সেই সঙ্গে ফিল্ডিংয়ে পার করা আরও প্রায় ২০০ ঘণ্টা যোগ করলে তো ব্যাপারটি অবিশ্বাস্য ঠেকে। এত প্রাণশক্তি পাচ্ছেন কোথায়!
অবশেষ অস্ট্রেলিয়ার নির্বাচকদের টনক নড়েছে। সামনেই নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন ব্যস্ত সূচির আগে ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে স্মিথকে।
সেই সঙ্গে শেষ হয়েছে স্মিথের টানা ৪৭ ম্যাচ খেলার দৌড়। দুর্ভাগ্য স্মিথের, গত ১৫ মাসে ১৫টি ফিফটি করে অন্য রকম এক ‘ফিফটি’র দোরগোড়ায় গিয়েও থামতে হলো তাঁকে! সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া