একটুর জন্য 'লজ্জা' এড়াল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যালুট ঠুকে দিলেন ওয়ার্নার। ছবি: এএফপি
স্যালুট ঠুকে দিলেন ওয়ার্নার। ছবি: এএফপি

এটা টি-টোয়েন্টি, নাকি টেস্ট? পাকিস্তানের রান তোলার গতিটা দেখে এই প্রশ্ন আপনার মনে জাগতেই পারে। শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান কাল দুবাইয়ে একমাত্র টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে। ওভারপিছু ৪.৮ করে রান তোলা শহীদ আফ্রিদির দল ৯ উইকেটে ৯৬ রানে আটকে যায়। ডেভিড ওয়ার্নারের ফিফটিতে ৬ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। লক্ষ্যটা ৯৭ রানের, ওয়ার্নার একাই করেছেন ৫৩। বাকিদের তাই তেমন কিছু করতে হয়নি।
দুই বছর আগে দুবাইয়ের এই মাঠে ৭৪ রানে অলআউট হয়েছিল পাকিস্তান, যেটা টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন স্কোর। কাল ৫৭ রানে ৭ উইকেট হারানোর পর মনে হচ্ছিল, সেই লজ্জাতে যেন আবারও পড়তে যাচ্ছে তারা। শেষ দুটো জুটিতে ২৫ রান যোগ করে সেই লজ্জা এড়াতে পেরেছে পাকিস্তান। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে দলের এমন দুর্দশা দেখে হয়তো অবাক হয়েছিলেন সাদ নাসিম। তবে তার চেয়েও বেশি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান এসেছে লাহোরের এই উদীয়মান ব্যাটসম্যানের ব্যাটে।
অস্ট্রেলিয়ার তরফে বল হাতে নায়ক আরেক অভিষিক্ত ক্যামেরন বয়েস। ৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। শুরুতেই বেশ নজর কেড়েছেন দুর্দান্ত টার্ন দিয়ে। গ্লেন ম্যাক্সওয়েল ১৩ রানে নিয়েছেন ৩ উইকেট।