একবার না পারিলে দেখ ৭৯ বার

সেই ৯ সেপ্টেম্বরের কথা মনে আছে?
শচীন টেন্ডুলকারকে প্রশ্নটা জিজ্ঞেস করলে উৎসুক মনে জানতে চাইতে পারেন, ‘কেন, বিশেষ কোনো দিবস-টিবস নাকি?’ ব্যাট-প্যাড তুলে রাখার পর ভারতীয় কিংবদন্তি অবশ্য দিবস নিয়ে বেশ সচেতন। বিশেষ দিবসে টুইট করে ভক্তদের বার্তা দেন। টেন্ডুলকারকে অবশ্য বলা যেতেই পারে, ‘হ্যাঁ, এটা আপনার জন্য এক অর্থে দিবস, সেঞ্চুরি দিবস!’
টেন্ডুলকার কি ফিরে যাবেন ২১ বছর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে? টেস্টে দ্বিতীয় ইনিংসেই দেখা পেয়েছিলেন ফিফটির । ১৪তম ইনিংসে সেঞ্চুরি। অথচ ওয়ানডেতে ঠিক তার বিপরীত, শুরুই হলো ইয়া বড় গোল্লা দিয়ে। প্রথম দুই ইনিংসেই শূন্য। সেটাও ব্যাপার নয়। ভারতীয় ক্রিকেটে তখন বড় ভাবনা হয়ে দাঁড়াল তিন অঙ্ক কেন ছুঁতে পারছেন না ‘লিটল জিনিয়াস’? এক-দুই করে ৭৮ ম্যাচ হয়ে গেল, টেস্টে ৭টি সেঞ্চুরি হয়ে গেল, আন্তর্জাতিক ক্যারিয়ারে পাঁচ বছর হয়ে গেল, তবু ওয়ানডেতে সেঞ্চুরির দেখা কেন মিলছে না? ভারতীয় ক্রিকেটে বিরাট এক প্রতিভার আবির্ভাব ঘটেছে, এ ব্যাপারে তত দিন সবাই নিঃসন্দেহ। টেন্ডুলকারের ওয়ানডে-সেঞ্চুরি না পাওয়া তাই হয়ে দাঁড়াল বিরাট এক রহস্য। আর সেই ‘রহস্যোদঘাটনে’ সাংবাদিকদের ফুরোলো দিস্তার পর দিস্তা কাগজ।
অবশেষে এল সেই দিন—৯ সেপ্টেম্বর। দিলেন সব আলোচনা-সমালোচনার জবাব, সমাধান হলো জটিল ধাঁধার রহস্য। কলম্বোয় সিঙ্গার ওয়ার্ল্ড সিরিজে ব্যাক্তিগত ৭৯তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা পেলেন আরাধ্য সেঞ্চুরি। ক্রেইগ ম্যাকডারমটের বলে বোল্ড হওয়ার আগে খেললেন ১৩০ বলে ১১০ রানের দারুণ এক ইনিংস। দল জিতল ৩১ রানে। দলের জয়, নিজের জয়—টেন্ডুলকারের মুখে নিশ্চয় ধরা দিয়েছিল তৃপ্তির বর্ণিল ছটা। তবে ম্যাচ শেষে সাংবাদিকদের নাকি নির্লিপ্ত ভঙ্গিতে জানিয়েছিলেন, ‘আমি এটা নিয়ে ভাবিইনি।’
যথার্থই বলেছিলেন। গ্রেটরা কখনো রেকর্ড-টেকর্ড নিয়ে ভাবেন না, টেন্ডুলকারও ভাবেননি। ধারাবাহিক ছন্দে থাকলে রেকর্ড আপনা-আপনি ধরা দেবে চরণ তলে, এ বিশ্বাসে নিজেকে ছাড়িয়ে নিয়েছেন নিরন্তর, করেছেন সেঞ্চুরির পর সেঞ্চুরি। আরোহণ করেছেন ব্যাটিং রেকর্ডের এভারেস্টে। ২২ গজ থেকে বিদায় নেওয়া টেন্ডুলকারের হাজারো কীর্তির মধ্যে নিশ্চয় ছোঁ মারবে ২১ বছর আগের সেই কলম্বোর স্মৃতি, যেটি সরিয়ে দিয়েছিল মাথার ওপর ঘুরতে থাকা স্পেস শিপের মতো বিরাট চাপ!