একসুরে বাঁধা জনসন-আল আমিন
একজন বোলার, আরেকজন ব্যাটসম্যান। একজন খেলছেন বাংলাদেশ দলে, আরেকজন ওয়েস্ট ইন্ডিজে। তার পরও আল আমিন আর লিওন জনসনের কথায় কি একটা মিল খুঁজে পাওয়া গেল?
বোশেজো স্টেডিয়ামের উইকেটে ব্যাটিং নিয়ে দুজনের ভাবনাই এক। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ওপেনারদের ব্যাটিং দেখে সতীর্থ ব্যাটসম্যানদের প্রতি আল আমিনের পরামর্শ, ‘শুরুর দিকে সব বোলারই ভালো জায়গায় বল ফেলার চেষ্টা করে। সে ক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানদের উচিত হবে শুরুতে একটু দেখে খেলা।’ পরশু ইনিংসের শুরুর দিকে কেন ধীরলয়ে ব্যাট করছিলেন, সেই ব্যাখ্যায় একই কথা একটু অন্যভাবে বললেন জনসন, ‘উইকেটে সকালের দিকে পেসারদের জন্য সাহায্য ছিল। সে জন্য একটু ধীরেসুস্থে শুরু করেছি। একজন ওপেনার হিসেবে বোলারদের তাদের সময়টুকু দিতেই হবে। আমরা সেটাই করেছি এবং লাঞ্চের পরের সময়টা কাজে লাগিয়েছি।’
খুব সহজ ফর্মুলা এবং এই সহজ ফর্মুলাটাই মস্তিষ্কে গেঁথে নিতে কষ্ট হয় বাংলাদেশ ব্যাটসম্যানদের। অথচ জনসনকে দেখুন, ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেও কি দারুণভাবেই না মানিয়ে নিলেন! তাও আবার প্রথম শ্রেণির ক্রিকেটে যেখানে ব্যাট করেন পাঁচ-ছয় নম্বরে, টেস্টে করলেন ওপেনিংয়ে। আর এই জায়গা পরিবর্তনে নাকি তাঁর কোনো সমস্যাই হয়নি, ‘এর আগে তিনটা প্রথম শ্রেণির ম্যাচে আমি ওপেনার হিসেবে খেলেছি। ক্লাব ক্রিকেটেও ইনিংস শুরু করার অভিজ্ঞতা আছে। এটা ঠিক, টেস্ট ক্রিকেটে ব্যাপারটা একেবারেই ভিন্ন। কিন্তু ব্যাটসম্যান হিসেবে তো আপনাকে বহুমুখী হতেই হবে।’
ক্লাইভ লয়েডের তুলে দেওয়া ক্যাপ মাথায় দিয়ে খেলতে নেমেছেন ওয়েস্ট ইন্ডিজের ৩০০তম টেস্ট ক্রিকেটার হিসেবে। অভিষেক টেস্টেই করলেন ফিফটি। এমন সুন্দর শুরুর পরও আফসোস আছে জনসনের। ক্যারিয়ারের প্রথম টেস্টেই বড় ইনিংস খেলার সুযোগটা যে নষ্ট হলো ভাগ্যদোষে! আম্পায়ারের সিদ্ধান্তের ১৫ সেকেন্ডের মধ্যে না চাওয়ায় রিভিউ চেয়েও পাননি। পেলে হয়তো ৬৬ রানেই এলবিডব্লু হয়ে যেতে হতো না তাইজুলের বলে। দিন শেষে আফসোস, ‘আমি বা আমার ব্যাটিং সঙ্গী কেউই নিশ্চিত ছিলাম না কী হয়েছে। একটু দ্বিধায় ভুগছিলাম। আসলে আমি দলের রিভিউয়ের সুযোগ নষ্ট করতে চাচ্ছিলাম না।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ‘মিস্টার ফিফটি’ নামেই পরিচিত। মাত্র ১৬ বছর বয়সে গায়ানার হয়ে অভিষেক। এই টেস্টের আগে ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২১ বার পঞ্চাশ করলেও মাত্র দুবার সেটিকে রূপ দিতে পেরেছেন সেঞ্চুরিতে। ফিফটি করেছেন ২০০৮ সালে খেলা স্কশিয়া ব্যাংক সিরিজের তিন ওয়ানডের একটিতেও। কিন্তু বারমুডার বিপক্ষে একটি ও কানাডার বিপক্ষে দুটি ওয়ানডে খেলার পরই জনসন হারিয়ে যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে। একই ব্যাপার ঘটেছিল তাঁর প্রথম শ্রেণির ক্যারিয়ারেও। প্রথম মৌসুমে দুটি ম্যাচ খেলার পর পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছে চার-চারটি বছর। তবে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রতিবারই। এবার তার পুরস্কারও পেলেন। “শেষ আন্তর্জাতিক ম্যাচটা আজ থেকে পাঁচ-ছয় বছর আগে খেলেছি। তবে কখনো নেতিবাচক চিন্তা মনে আনিনি। আর ‘এ’ দলের হয়েও তো খেলেছি। কঠোর পরিশ্রম করেছি। সেটাই আমাকে আত্মবিশ্বাসী করেছে”—পরশু বোশেজো স্টেডিয়ামে দাঁড়িয়ে বলছিলেন জনসন। দীর্ঘ অপেক্ষার পর টেস্ট অভিষেকের সুযোগ এসেছে বলেই হয়তো ব্যাপারটা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো, ‘কয়েক বছর ধরেই কঠোর পরিশ্রম করছিলাম। সেটার পুরস্কার পেলাম, ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলা ৩০০তম ক্রিকেটার হওয়াটাও বিশেষ কিছু।’
সত্যিই তো! ৫০০তম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৩০০তম টেস্ট ক্রিকেটার হিসেবে শুরু—জনসনের অভিষেকের জন্য এর চেয়ে ভালো উপলক্ষ আর কী হতে পারত! প্রসঙ্গক্রমে বাংলাদেশের বোলিংও চলে এল আলোচনায়। জনসন অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না, ‘বোলিং নিয়ে মন্তব্য করতে পারব না। তবে প্রথম সেশনে তারা ভালো বল করেছে। ভালো জায়গায় বল ফেলেছে। ওই সময় উইকেটেরও সাহায্য পেয়েছে বোলাররা।’
কথাটা মানেন আল আমিনও। তার পরও আফসোস, উইকেটের সুবিধা নিয়ে শুরুতেই ভাঙন ধরাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে, ‘আমরা পেসাররা ভালো শুরু করতে পারিনি। ভালো শুরু করতে পারলে আমাদের অবস্থা আরও ভালো থাকত। পেস বোলাররা ভালো বল করলে ওরা এত বড় জুটি গড়তে পারত না।’
আল আমিন-শফিউলরা উইকেটের সুবিধা নিতে না পারলেও নিজেদের মাঠে সে ভুল করবেন কেন কেমার রোচ-জেরোম টেলররা? বোশেজোতে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে তাই একটাই পথ খোলা—আল আমিনের পরামর্শ নিয়ে অনুসরণ করতে হবে লিওন জনসনকে।