একা ধোনির দোষ দেখেন না গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুঃসময় চলছে ধোনির। ছবি- এএফপি।
দুঃসময় চলছে ধোনির। ছবি- এএফপি।

পরপর দুই ম্যাচে ৩০০-র বেশি রান করেছে দল। দুটি ম্যাচেই একটা সময় মনে হচ্ছিল, ভারত ৩৫০-এর কাছাকাছি স্কোর করবে। পারেনি মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায়। তার খেসারতই হয়তো দিতে হলো, অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি ম্যাচেই হেরে গেছে ভারত।

কোনো দল হেরে গেলে যা হয়, অধিনায়কের ওপর চাপটা বাড়ে। আর ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তো সিরিজ শুরুর আগে থেকেই অধিনায়কত্ব নিয়ে চাপে ছিলেন। তার ওপর সিরিজে এখনো ব্যাটিং বা উইকেট কিপিং—কোনো দিক দিয়েই খুব একটা অবদান রাখতে পারছেন না ধোনি। দুই ম্যাচে রান মাত্র ২৯, কোনো ক্যাচ-স্টাম্পিং নেই।

দল হারছে। অধিনায়ক, খেলোয়াড় কোনো ভূমিকাতেই বড় কোনো অবদান রাখতে পারছেন না ধোনি। ভারতের সফলতম অধিনায়ককে ঘিরে তাই চারিদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। তবে একা ধোনিকে দোষ না দিতে অনুরোধ করছেন গাভাস্কার।

ভারতের একটি টিভি চ্যানেলকে কিংবদন্তি এ ব্যাটসম্যান বলেছেন, ‘ও ভালো একজন ফিনিশার, ভারতের গর্ব ও বিশ্বের ঈর্ষা। এখন কিছুটা ফর্ম নিয়ে ধুঁকছে। এটা হতেই পারে, নিয়মিত খেলার মধ্যে না থাকলে পারফরম্যান্সে এর প্রভাব পড়বেই। তবে আমার মনে হয় ওকে এভাবে একা দোষ দেওয়া উচিত নয়।’

দায়টা পুরো দলের বলেই মনে করেন গাভাস্কার, ‘ধোনি আমাদের অনেক ম্যাচে জিতিয়েছে। এখন একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু ওকে ওর মতো থাকতে দিন। অবশ্যই আজ মিডল অর্ডার ভালো খেললে আমরা আরও ২০-৩০ রান বেশি করতে পারতাম। তবে অস্ট্রেলিয়া যেভাবে ব্যাট করেছে, তাতে সেই রানও কম হয়ে যেত। তাছাড়া যখন জেতে তখন পুরো দল জেতে। তেমনি যখন হারে তখন পুরো দলকেই দায় নিতে হবে।’

এর পাশাপাশি ভারতের হারের পেছনে আরও একটি কারণ দেখছেন গাভাস্কার। তাঁর মনে হয়েছে, মুহূর্তের মধ্যে খেলায় পার্থক্য গড়ে দিতে পারেন, এমন বিশেষ ধরনের খেলোয়াড়ের অভাব আছে ভারতীয় দলে। দুর্দান্ত কোনো বোলিং স্পেল, ব্যাটিংয়ে ঝোড়ো কোনো ইনিংস বা ফিল্ডিংয়ে দু-একটি অসাধারণ ক্যাচ-রানআউটে ফলটাকে ভারতের দিকে টেনে নেওয়ার মতো খেলোয়াড় নেই বলেই মনে করেন গাভাস্কার।


সাবেক ভারতীয় ওপেনার বললেন, ‘পুরো পথটুকু পাড়ি দিতে আপনাকে আরও বাড়তি চেষ্টা করতে হবে। দুর্ভাগ্যবশত সাম্প্রতিক সময়ে ভারত ওরকম জাদুকরি কোনো খেলোয়াড় খুঁজে পায়নি। এই একটা জায়গায় ভারত এখনো ধুঁকছে। আর দুই ম্যাচেই কিছু ক্যাচও মিস করেছে দল।’