ভারত 'এ' দলের বিপক্ষে ব্যর্থ বোলাররাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৫৮ রান। ছবি: ফাইল ছবি।
মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৫৮ রান। ছবি: ফাইল ছবি।

মুশফিকুর রহিম ও সৌম্য সরকার ছাড়া ব্যাট হাতে বলার মতো তেমন কিছু করতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান। বল হাতে দিনটি ভালো যায়নি বোলারদের। দুই দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ২২৪ রানের জবাবে প্রথম দিন শেষে মাত্র ২২ ওভারে ১ উইকেটে ৯১ রান তুলে ফেলেছে ভারত ‘এ’ দল।
বোলিংয়ে মুশফিকের দলের একমাত্র সাফল্যটা এসেছে শুভাশিস রায়ের হাত ধরে। তাঁর বলে অভিনব মুকুন্দের ক্যাচ নিয়েছেন ইমরুল কায়েস। ওপেনিংয়ে প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চালের সঙ্গে অভিনবের জুটিটা ছিল ৪১ রানের। ওয়ান ডাউনে নামা শ্রেয়াশ লিয়ারকে সঙ্গে নিয়ে আরও ৫০ রান যোগ করেছেন পাঞ্চাল। দিন শেষে লিয়ার অপরাজিত ২৯ রানে, পাঞ্চাল ৪০ রানে।
শুভাশিস ৫ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন অভিনবের উইকেটটি। তাসকিন ৬ ওভারে দিয়েছেন ২৫ রান। শফিউলও বল করেছেন ৪ ওভার, দিয়েছেন ১৭ রান। মেহেদী হাসান মিরাজ ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে তিনি দিয়েছেন ২৭ রান। এর আগে টসে জিতে ব্যাটিং নেমেও খুব একটা ভালো করেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। তবে অলআউট হয়নি, ৮ উইকেটে ২২৪ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফিফটি করেছেন মুশফিকুর রহিম (৫৮) ও সৌম্য সরকার (৫২)। সাব্বির রহমানের ৩৩, মাহমুদউল্লাহর ২৩ আর লিটন দাসের অপরাজিত ২১ রান ছাড়া বলার মতো সংগ্রহ নেই আর কারওরই। মুশফিক ও সাব্বিরের ৭১ রানের জুটি ছাড়া ভালো জুটি নেই আর একটিও।

দিনের শুরুতে স্কোরবোর্ডে ২২ রান যোগ হতেই ফিরে যান ইমরুল (৪)। চামা মিলিন্দের বলে হার্দিক পান্ডিয়াকে ক্যাচ দেন বাঁ-হাতি ওপেনার। সৌম্যর সঙ্গে দ্বিতীয় উইকেটে ২২ রানের জুটি গড়ে অনিকেত চৌধুরীর বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার তামিম (১৩)। এরপর সৌম্য ও মুমিনুল গড়েন ২৮ রানের জুটি। মুমিনুল ৫ রানে আউট হন ওই অনিকেতের বলেই ঈশান কিষানের ক্যাচ হয়ে। মাহমুদউল্লাহর সঙ্গে সৌম্যর জুটিটা পরে ১৭ রানের বেশি হয়নি।
ভারতীয় ‘এ’ দলের সেরা বোলার অনিকেত চৌধুরী। তিনি ২৬ রানে তুলে নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন চামা মিলিন্দ, বিজয় শঙ্কর, শাহবাজ নাদিম ও কুলদীপ যাদব।

আরও পড়ুন: