একাই এক হাজার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক হাজার রান করার পর মুম্বাইয়ের স্কুলবালক প্রণব ধানাওয়ারেকে কাঁধেই তুলে নিল সতীর্থরা। ইনসেটে ধানাওয়ারের অবিশ্বাস্য কীর্তির ‘প্রমাণ’! l ছবি: ফেসবুক
এক হাজার রান করার পর মুম্বাইয়ের স্কুলবালক প্রণব ধানাওয়ারেকে কাঁধেই তুলে নিল সতীর্থরা। ইনসেটে ধানাওয়ারের অবিশ্বাস্য কীর্তির ‘প্রমাণ’! l ছবি: ফেসবুক

শচীন টেন্ডুলকার পর্যন্ত উচ্ছ্বসিত হয়ে টুইট করেছেন। বাহবা দিয়ে বলেছেন, ‘আরও উচ্চতায় যেতে হবে।’ প্রণব ধানাওয়ারে বলতেই পারে, আরও উচ্চতায়! আদৌ সম্ভব?
ভারতের ১৫ বছর বয়সী এই কিশোর ব্যাটসম্যান যা করেছে, মোটামুটি নিশ্চিত, সেটা তার নিজের পক্ষেই আর ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়। এক ইনিংসে ১০০৯ রান কি আর ক্রিকেটে হররোজ ঘটে? হোক না সেটা স্কুল ক্রিকেটেরই কোনো ম্যাচে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত স্কুল টুর্নামেন্টে গতকাল এমনই অবিশ্বাস্য কীর্তি গড়েছে কেসি গান্ধী স্কুলের এই ছাত্র। ভেঙে দিয়েছে ১১৭ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড। ১৮৯৯ সালে ইংল্যান্ডের আর্থার কলিন্স একটি ক্রিকেট ম্যাচে ৬২৮ করেছিলেন। স্বীকৃত ক্রিকেটে এত দিন এটাই ছিল কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।
পরশু শুরু হয়েছিল আরিয়া গুরুকুল ও কেসি গান্ধী স্কুলের ম্যাচটি। প্রথমে ব্যাট করতে নেমে গুরুকুল অলআউট হয়ে যায় মাত্র ৩১ রানে। প্রথম দিনের খেলা শেষ হতে হতে প্রণব একাই করে ফেলে ৬৫২ রান! তখনই আসলে ভেঙে গিয়েছিল কলিন্সের শতবর্ষী পুরোনো রেকর্ডটি। প্রণব তাতেও থামেনি। কাল শেষ পর্যন্ত ৩২৩ বল খেলে অপরাজিত ১০০৯ রান। যাতে ৫৯টি ছক্কা। ছক্কা দিয়ে না হলেও এক ইনিংসেই চারের ‘সেঞ্চুরি’ করেছে ১২৯টি বাউন্ডারিতে। প্রণবের দল ইনিংস ঘোষণা করে ১৪৬৫ রানে। যেটি ১৯২৬ সালে ভিক্টোরিয়ার করা ১১০৭ রানের ইনিংসকেও পেছনে ফেলে দিয়েছে। যদিও সেটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে। গুরুকুল দ্বিতীয় ইনিংসে ৭২ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ইনিংস ও ১৩৬২ রানে!
রান, ছক্কা-চারের বহর আর ম্যাচের ফলাফল দেখে আপনি হাসতেই পারেন। এ আবার কেমন ধারা ম্যাচ রে বাপু! তবে ক্রিকেটে আউট হতে মাত্র একটি বলই লাগে—এই সত্যটি জানেন বলেই মহেন্দ্র সিং ধোনি কিন্তু প্রণবের ইনিংসটিকে হালকাভাবে নিতে নারাজ। ভারতীয় অধিনায়ক বললেন, ‘এটা মোটেও হাসি-ঠাট্টার বিষয় নয়। ওর বয়সটা মাথায় রাখলে যেকোনো কন্ডিশন কিংবা মাঠে এমন ইনিংস খেলা খুবই কঠিন একটি কাজ। ও অবশ্যই স্পেশাল একটা ছেলে।’
স্কুল ক্রিকেট ভারতীয় ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ অংশ। অনেক নামীদামি ক্রিকেটারই স্কুল ক্রিকেটের মাধ্যমেই প্রথম নজর কেড়েছিলেন। টেন্ডুলকারই সবচেয়ে বড় উদাহরণ। বন্ধু বিনোদ কাম্বলিকে নিয়ে তখনকার জুটির বিশ্ব রেকর্ড গড়েই প্রথম আলোচনায় এসেছিলেন। মুম্বাইয়ের ঘরের ছেলে হয়ে যাওয়া হরভজন সিং তো এমন প্রশ্নও রাখলেন, ‘প্রণবই কি আমাদের আগামীর টেন্ডুলকার?’ অজিঙ্কা রাহানের আশা, প্রণব এখান থেকে প্রেরণা নিয়ে নিজেকে আরও এগিয়ে নেবে। একদিন জায়গা করে নেবে ভারতের জাতীয় দলে।
প্রণবের বাবা প্রশান্ত ধানাওয়ারে গ্যালারিতেই ছিলেন। ছেলে ৩০০ রান ছোঁয়ার পরই মাঠে এসেছিলেন প্রশান্ত। ছেলেকে একের পর এক রেকর্ড ভেঙে কাল ১০০০ ছুঁতেও দেখলেন। পেশায় অটোরিকশাচালক। টানাটানির সংসার। কিন্তু ছেলের স্বপ্নের পথে সব সময়ই প্রেরণা জুগিয়েছেন। মানুষ তো তার আশার সমান, স্বপ্নের সমান বড়! পরশু সাংবাদিকেরা অনেকটা মজা করেই প্রশ্ন করেছিলেন, ৬০০ তো হলো, এক হাজার করতে পারবে? প্রণবের উত্তর কি ছিল জানেন? ‘কেন নয়? দুই সেশনেই ৬৫০ করতে পেরেছি যখন, ১০০০ তো মাত্র ৩৫০ রান দূরে।’
একমাত্র প্রণবেরই অধিকার আছে ‘৩৫০’-কে ‘মাত্র’ বলার! তথ্যসূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, ডিএনএ।