একাই লড়ছেন মঈন আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবের বলে তিনবার রিভিউ নিয়ে বেঁচে গেলেন মঈন আলী। ছবি: শামসুল হক।
সাকিবের বলে তিনবার রিভিউ নিয়ে বেঁচে গেলেন মঈন আলী। ছবি: শামসুল হক।

নিজেকে দুর্ভাগাই ভাবতে পারেন সাকিব আল হাসান। তাঁর দুই ওভারের মধ্যে তিন-তিনবার মঈন আলীর বিরুদ্ধে আঙুল তুলেছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তিনবারই রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। মধ্যাহ্ন বিরতির আগে সাকিবের বলে সুইপ করতে গিয়ে প্যাডে বল লাগলেও ব্যাটে হালকা স্পর্শ লাগায় রিভিউতে ‘নট আউট’ ঘোষিত হন মঈন। বিরতির পরে সাকিবের ওভারে তিন বলের মধ্যে দুবার তাঁকে আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিয়ে বাতিল হয়ে যায় সেই সিদ্ধান্ত। প্রথমবার বল মিস করেছিল লেগ স্টাম্প, পরেরবার তিনি বেঁচে যান বল অফ স্টাম্পের বাইরে পড়ায়।
সৌভাগ্য নিয়েই লড়াইটা যেন একাই চালিয়ে যাচ্ছেন মঈন। অপরাজিত আছেন ৬১ রানে। বল খেলেছেন এখনো পর্যন্ত ১৫৩টি। সাকিবের বলে তিন বার বেঁচে যাওয়ার পর মেহেদী হাসান মিরাজের বলেও আরও একটি রিভিউ বাঁচিয়ে দেয় মঈনকে। এবার অবশ্য রিভিউটা নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমই।
চা বিরতির আগ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৭৩ রান। দারুণ অভিষেক হয়েছে মেহেদীর। ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। বাকি দুটি উইকেট সাকিবের।
দলীয় ১৮ রানের মাথায় প্রথম উইকেট পড়ে ইংল্যান্ডের। আউট হন বেন ডাকেট। মেহেদীর দারুণ এক অফব্রেকে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না করেই সাকিবের বলে দুর্ভাগ্যজনক এক আউটের শিকার হন অধিনায়ক অ্যালিস্টার কুক। সাকিবের বলটি সুইপ করতে গেলে তা কুকের ব্যাটে লেগে ভেঙে দেয় স্টাম্প। ইংল্যান্ডের তৃতীয় উইকেট গ্যারি ব্যালান্স-তিনি ফিরেছেন মেহেদীর বলে এলবিডব্লিউ হয়ে।
ব্যালান্সের উইকেটটি এসেছে রিভিউয়ের মাধ্যমে। মেহেদীর ভেতরের দিকে ঢোকা বলটি ব্যাট-প্যাড এক করে ব্যালান্স ব্লক করেন। তবে উইকেটের পেছনে দাঁড়িয়ে মুশফিকুর রহিমের মনে হয়েছিল, ব্যাটের আগে বলটি ব্যালান্সের প্যাডেই লেগেছিল, টেলিভিশন আম্পায়ারের কাছেও রিভিয়ে তারই প্রমাণ মেলে।
গ্যারি ব্যালান্স আউট হন ইংল্যান্ডের স্কোর যখন ২১। ২১ রানেই নেই ৩ উইকেট। এর আগে ২০০৭-০৮ মৌসুমে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রাতে ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। এত দিন সেটিই ছিল এশিয়ার মাটিতে ইংলিশদের সবচেয়ে বাজে প্রাথমিক বিপর্যয়। আজ চট্টগ্রামে ২১ রানে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড গড়েছে নতুন রেকর্ড।
ভয়াবহ বিপর্যয়ের মুখে ইংল্যান্ডকে পথ দেখাতে লড়েছিলেন জো রুট। মঈন আলীকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তোলেন ৬২ রানের এক জুটি। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই রুটকে ফেরান মেহেদী। তাঁর বলটি রুটের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটকিপার মুশফিকের কাছে। মুশফিক ধরতে ব্যর্থ হলেও ব্যর্থ হননি স্লিপে দাঁড়ানো সাব্বির।
রুটের বিদায়ের পর বেন স্টোকস ১৮ রান করে আউট হন সাকিবের দারুণ এক বলে। স্টোকসের ব্যাট ও প্যাডের মধ্য দিয়ে বলটি ভেঙে দেয় তাঁর স্টাম্প।
এই মুহূর্তে ‘কই মাছের প্রাণ’ মঈন আলীর সঙ্গে উইকেটে আছেন জনি বেয়ারস্টো। তিনি অপরাজিত ১৪ রানে। তাইজুলের বলে অবশ্য একবার স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গেছেন তিনি। তাঁর সহজ ক্যাচটি ফেলেছেন ‘নিরাপদ হাত’ সাব্বির।