
স্রোত যখন ধেয়ে আসছে দুই পাশ থেকে, এক পাশে বাঁধ দিয়ে কি আর ঠেকানো যায় ভেসে যাওয়া? এক পাশে প্রতিরোধ গড়ে হাশিম আমলা দেখলেন আরেক পাশের পতন।
এক পাশে রঙ্গনা হেরাথ, আরেক পাশে দিলরুয়ান পেরেরা। দু্ই পাশ থেকে আক্রমণ করে গেলেন শ্রীলঙ্কার দুই স্পিনার। দক্ষিণ আফ্রিকার এক পাশে আমলা, আরেক পাশে কেউ নেই! লঙ্কান স্পিনস্রোত বারবার বাধা পেয়েছে আমলা নামক প্রতিরোধের দেয়ালে। কিন্তু এক দিকে বাধা পেয়ে ফিরতি স্রোত ভাসিয়ে নিয়ে গেছে আরেক দিক। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিতে পারেননি কোনো সতীর্থ। ৮ ঘণ্টার বেশি উইকেটে থেকেও আউট হননি আমলা, অপরাজিত থেকে গেছেন শেষ পর্যন্ত। কিন্তু প্রথম ইনিংসে দল ঠিকই গুনেছে ১৩৯ রানের লিড। শেষ বিকেলে ১০ উইকেট হাতে রেখেই শ্রীলঙ্কা লিড বাড়িয়ে নিয়েছে ১৫০ রানে।
কালকের সকালটি দক্ষিণ আফ্রিকার জন্য ছিল আশা-জাগানিয়া। আগের দিনের মতোই আমলা এক পাশে ছিলেন আস্থা হয়ে, আরেক পাশে এবি ডি ভিলিয়ার্সও থিতু হয়ে গিয়েছিলেন। প্রথম ঘণ্টায় উইকেট পড়েনি একটিও। কিন্তু তিন বলের মধ্যে খেলার মোড় পাল্টে দেন দিলরুয়ান পেরেরা। দারুণ এক ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে ৭৯ রানের জুটি ভাঙেন এই অফস্পিনার। এক বল পরই সোজা বলে বোল্ড করেন কুইন্টন ডি কককে। বাকি সময়টা ছিল কেবল দক্ষিণ আফ্রিকার টিকে থাকার লড়াই। দারুণ ফর্মে থাকা জেপি ডুমিনিও যেন রান করতে ভুলে গেলেন। উইকেট আঁকড়ে রাখার চেষ্টায় টানা ৫০ বল ডট দিয়ে নিজের ওপরই বুঝি বিরক্ত হয়ে গিয়েছিলেন। বাইরে বেরিয়ে এসে খেলে শেষ পর্যন্ত স্টাম্পড (৫৮ বলে ৩)!
স্টেইন-তাহিরদের নিয়ে পরে লড়াই চালিয়ে গেছেন আমলা। অষ্টম উইকেটে স্টেইনকে নিয়ে গড়েছেন ৪৭ রানের জুটি। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ২২তম টেস্ট সেঞ্চুরি ছুঁয়েছেন ২৫৩ বলে। শ্রীলঙ্কার মাটিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কের সেঞ্চুরি এটাই প্রথম! লোয়ার অর্ডারে স্টেইনের পর তাহিরও লড়াই করেছেন খানিকটা। শেষ পর্যন্ত দিনটা অবশ্য কাটিয়ে দিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। পরপর দুই ওভারে শেষ ২ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার দুই স্পিনার। ৪৮৬ মিনিটের ইনিংস খেলেও হার না-মানা আমলা ফিরেছেন প্রতিপক্ষেরও বাহবা নিয়ে।
শেষ দিকে লড়াই জমে উঠেছিল দুই লঙ্কান স্পিনারের মধ্যে, কে পাবেন ৫ উইকেট! অভিজ্ঞ হেরাথকে হারিয়ে শেষ পর্যন্ত জিতেছেন পেরেরা। পঞ্চম টেস্টে দ্বিতীয়বার পেয়েছেন ৫ উইকেট। জিততে হলে দ্বিতীয় ইনিংসেও এমন কিছুর পুনরাবৃত্তি করতে হবে লঙ্কান স্পিন জুটিকে। আর ম্যাচ বাঁচাতে হলে আমলার প্রয়োজন হবে যোগ্য একজন সঙ্গী। টেন ক্রিকেট, ক্রিকইনফো।