একাডেমির কাছে স্কুলের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটদের ‘বড়’ লড়াই। আর তাতে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) হারিয়ে দিল শক্তিমত্তায় একটু ‘বড়’ কলাবাগান ক্রিকেট একাডেমি। কাল ফতুল্লায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জিতে পয়েন্ট তালিকায় সিসিএসকে ধরে ফেলল একাডেমি। ১০ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান ৪, তবে নেট রানরেটে এগিয়ে সিসিএস। একাডেমির জয়ে এটি নিশ্চিত হয়েছে যে তৃতীয় আরেকটি দলের সঙ্গে রেলিগেশন লিগে খেলতে হবে এই দুই দলকে।
কাল টসে জিতে ব্যাটিং নিয়ে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে মাত্র ১৮৫ রান করে সিসিএস। মন্থর ব্যাটিং না করে অবশ্য উপায় ছিল না দলটির। ২৬.৩ ওভারে ৯৫ রান তুলতেই যে ৬ উইকেট নেই সিসিএসের। সপ্তম উইকেটে সাইফউদ্দিনকে নিয়ে ৫২ রান যোগ করে বিপর্যয়টা কিছুটা হলেও সামাল দেন অমিত মজুমদার। ৮৩ বলে ইনিংস-সর্বোচ্চ ৩৮ রান বাঁহাতি অমিতের। তবে সিসিএসের রানটা ১৮৫ হয়েছে ১০ নম্বর ব্যাটসম্যান নাসুম আহমেদের ১৫ বলে ২২ রানের ছোট ঝড়েই।
১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করা একাডেমি ২ উইকেটে ১১১ রান তুলতেই হানা দেয় বৃষ্টি। ৩৩ মিনিট পর আবার খেলা শুরু হলে ৪৯ ওভারে ১৮৪ রানের নতুন লক্ষ্য পায় দলটি। ধীরেসুস্থে খেলে ৪০.১ ওভারেই লক্ষ্যটা পেরিয়ে গেছে একাডেমি। সর্বোচ্চ ৮৭ রান করেছেন তৃতীয় উইকেটে মাহমুদুল হাসানের সঙ্গে ১০৯ রানের জুটি গড়া ভারতীয় ব্যাটসম্যান যতীন সাক্সেনা। ম্যাচসেরা সাক্সেনার ৯৫ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। অধিনায়ক মাহমুদুল ৪ রানের জন্য ফিফটি পাননি।

সংক্ষিপ্ত স্কোর
সিসিএস: ৫০ ওভারে ১৮৫/৯ (অমিত ৩৮, সাইফউদ্দিন ২৮, নবী ২৭, সালমান ২৪, নাসুম ২২; মাহমুদুল ৩/৩৭, সাক্সেনা ২/২৬, নুরুজ্জামান ১/৮, বিশ্বনাথ ১/১৫, জায়েদ ১/৩৮, মিরাজ ১/৪২)। কলাবাগান একাডেমি (লক্ষ্য ৪৯ ওভারে ১৮৪): ৪০.১ ওভারে ১৮৬/৫ (সাক্সেনা ৮৭, মাহমুদুল ৪৬; নাসুম ২/৩১, শাওন ২/৫৪, সাইফউদ্দিন ১/৩৯)।
ফল: কলাবাগান একাডেমি ৫ উইকেটে জয়ী (ডি/এল)।
ম্যান অব দ্য ম্যাচ: যতীন সাক্সেনা।