একাডেমির কাছে হারল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীর সংগ্রহটা নেহাৎ খারাপ ছিল না। বিশেষ করে এমন একটি দলের বিপক্ষে—যে দল আজকের আগ পর্যন্ত প্রিমিয়ার লিগে একটি জয়েরও দেখা পায়নি! কিন্তু ২৮২ রান করেও দিন শেষে পরাজিত দল আবাহনীই। শক্তিশালী প্রতিপক্ষকে ৩ উইকেটে হারিয়ে লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি।
কলাবাগানের জয়ের নায়ক মাহমুদুল হাসান। নিজের দ্বিতীয় লিস্ট ‘এ’ সেঞ্চুরিতে তিনি দলকে উপহার দিয়েছেন দারুণ এক জয়। ১১১ বল খেলে ৮ চার ও ৩ ছয়ে মাহমুদুল করেছেন ১০৬ রান। তাপস ঘোষ করেছেন ৪৭ রান ও যতীন সাক্সেনা ৪৩। এছাড়াও ইরফান শুক্কুর ৩০, মোহাম্মদ আরাফাত ১৪, নুরুজ্জামান ও বিশ্বনাথ হালদার ১৭ ও ১৩ রান করে অপরাজিত থাকেন। আর তাতেই আবাহনীর ২৮২ রান ১৯ বল বাকি থাকতেই কলাবাগান একাডেমি টপকে যায় (২৮৬) ৩ উইকেট হাতে রেখে।
আবাহনীর পক্ষে সেরা বোলার ছিলেন আবুল হাসান। তিনি ৪৭ রানে নিয়েছেন ৩ উইকেট। পাশাপাশি তাসকিন আহমেদ, সাকলাইন সজীব ও জুবায়ের হোসেন নিয়েছেন একটি করে উইকেট।
সকালে টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনী শুরুটা করেছিল দুর্দান্ত। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও অভিষেক মিত্র প্রথম উইকেটে ৮৮ রান তুলে বড় স্কোরের ভিত গড়ে দেন। আবাহনী অধিনায়ক তামিম ৫২ বলে ৪৮ রান করে মাহমুদুল হাসানের বলে যতীন সাক্সেনাকে ক্যাচ দেন। অভিষেক ৬৩ রান করে নূর হোসেনের বলে স্টাম্পড হন ইরফান শুক্কুরের হাতে।
দুই ওপেনারের গড়া ভিতের ওপর দাঁড়িয়ে লিটন দাস ব্যর্থ হলেও ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন দারুণ ব্যাট করেন। তিওয়ারি ৪০ রান করে সাক্সেনার বলে মেহেদী মিরাজের হাতে ধরা পড়েন। নাজমুল হোসেন ৩৭ রানে শিকার মাহমুদুল হাসানের। মোসাদ্দেক ৪০ বলে করেন ৪২ রান। শেষ দিকে আবুল হাসানের ১৬ বলে ২২ দলের রান নিয়ে যায় ২৮২-তে।
দারুণ এই জয় কলাবাগান একাডেমিকে আত্মবিশ্বাস জোগালেও আবাহনীকে ফেলে দিল সংকটের মধ্যেই। এই হারে ৬ পয়েন্ট নিয়ে লিগের ষষ্ঠ স্থানে থাকা আবাহনীর সুপার লিগ যাত্রাই হয়ে পড়ল অনিশ্চিত।