একেই বলে অলরাউন্ডার!

খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন অলরাউন্ডার। তবে তাঁর আসল অলরাউন্ডার সত্তার দেখা মিলেছে খেলা ছাড়ার পর। তিনি বিসিবির পরিচালক, কোচ (সেটিও তিন কি চার দলের!), সংগঠক, ম্যানেজার, নির্বাচক...খালেদ মাহমুদ দুর্দান্ত অলরাউন্ডার তো বটেই! এরই মধ্যে সাত-আটটি দায়িত্বে থাকা মাহমুদের কাঁধে জাতীয় দলেরই তিনটি মূল দায়িত্ব বর্তাচ্ছে: ম্যানেজার-কোচ-নির্বাচক! মানুষ হিসেবে তাঁর বহুমুখী প্রতিভা, একাধিক দায়িত্ব পালনে কর্মদক্ষতা প্রশংসা পেতেই পারে। কিন্তু তাঁর এই বিভিন্ন ভূমিকাই পরস্পরের সঙ্গে স্বার্থের সংঘাত ঘটায়, যার সঙ্গে জড়িত বাংলাদেশের ক্রিকেটের স্বার্থও।
২০১৫ বিশ্বকাপ থেকে খালেদ মাহমুদ বিভিন্ন সময়ে জাতীয় দলের ম্যানেজার। ঢাকা প্রিমিয়ার লিগে একটা সময় প্রাইম ব্যাংকের কোচ ছিলেন। ২০১৬ সাল থেকে আবাহনীর কোচ হিসেবে কাজ করছেন। ২০১৩ বিপিএলে চিটাগং কিংসের কোচ ছিলেন। গত বিপিএল থেকে ঢাকা ডায়নামাইটসের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু দেশের ক্রিকেটের শীর্ষপর্যায়ে কোচিং করাচ্ছেন তা নয়, ঢাকা প্রথম বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন শাইনপুকুর ক্রিকেট ক্লাবেরও কোচ তিনি। ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন জাতীয় দলের। যদিও তা এখনো আনুষ্ঠানিক ঘোষণা আকারে আসেনি।
খেলার বাইরে সংগঠক হিসেবেও দেশের ক্রিকেটে মাহমুদ অনেক বড় নাম। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সহসভাপতি। বিসিবির পরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানের দায়িত্ব তাঁর।
এখন প্রশ্ন উঠছে, বিসিবির একজন পরিচালক কোচ হতে পারেন কি না। বিসিবির পরিচালক বিসিবির অধীনে চাকুরে হিসেবে নিয়োগ নেওয়া অনেকটা প্যারাডক্সের মতো। এমন স্বার্থের সংঘাত একাধিক জায়গায় দেখা যায় বা যাওয়ার সুযোগ থাকে। বিসিবির প্রভাবশালী পরিচালক, গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান যখন একটা ক্লাবের কোচ হন; তাঁর পক্ষে সুযোগ থাকে ওই লিগ বা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তকেই প্রভাবিত করার।
সূচি কেমন হবে, কোন মাঠে খেলা হবে, কোন আম্পায়ার দায়িত্ব পালন করবেন...এই সিদ্ধান্তগুলো প্রভাবিত করার ক্ষমতা তাঁর আছে। আবার গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান একটা ক্রিকেট একাডেমির কোচ হলে সেই একাডেমির পক্ষে সুযোগ থাকে বাড়তি সুবিধা পাওয়ার। ঢাকার প্রিমিয়ার ক্রিকেটের একটি ক্লাবের কোচ যখন জাতীয় দলের ম্যানেজার ও নির্বাচক হয়ে যান, সেটিও জাতীয় দল নির্বাচনের সময় স্বার্থের সংঘাত তৈরি করার শঙ্কা তো জাগাবেই।
এর সবগুলোই আর অনুসিদ্ধান্ত বা ‘হতে পারে’ এমন সম্ভাবনা আকারে নেই। বাংলাদেশের ক্রিকেট মহলে অভিযোগ আছে, এর অনেক কিছুই হরহামেশাই হয়। কোচ হিসেবে মাহমুদের সাফল্যের অনুঘটক হিসেবে কাজ করে তাঁর এই প্রভাব খাটানোর ক্ষমতা, এমন কথাও প্রচলিত আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বোর্ড কর্মকর্তা একটি ভালো উদাহরণ দিলেন, ‘আমি বলছি না এমন হয়। তবে মনে করুন তাঁর ক্লাব দলের খেলা চলছে। এমন সময় একটি আউটের সিদ্ধান্তে ফিফটি-ফিফটি সম্ভাবনা তৈরি হলো। এখন যিনি আম্পায়ার আছেন, তাঁর ওপর কি অবচেতন বা সচেতনভাবে এই ভাবনা কাজ করে না, মাহমুদের দলের বিরুদ্ধে সিদ্ধান্তটা গেলে আমি বিপদে পড়তে পারি? মাহমুদ যদি দাবিও করেন, এমনটা হয় না, তবু তাঁর নিজের ভাবমূর্তির স্বার্থে উচিত হবে বোর্ড পরিচালক ও কোচ—এই পরস্পরবিরোধী ভূমিকায় না থাকা। বোর্ড পরিচালকের দায়িত্বের মধ্যে পড়ে কোচকে জবাবদিহি করা। বিচারক আর বিচারপ্রার্থী বা অভিযুক্ত তো একই ব্যক্তি হওয়া সম্ভব নয়! যিনি ক্রেতা, তিনিই বিক্রেতা হন কী করে!’
আরেকজন কর্মকর্তা সরাসরি অভিযোগ করেননি। তবে তিনি মনে করেন, মাহমুদের কোচ হিসেবে সাফল্য যে তাঁর নিজের কৃতিত্বে, এটা প্রশ্নের ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য হলেও তাঁর বোর্ডের ক্ষমতার বৃত্তের বাইরে যাওয়া উচিত। কিংবা বোর্ডে থাকলে তাঁর উচিত হবে না কোচ হিসেবে কোনো পর্যায়ে দায়িত্ব পালন করা।
সমস্যা হলো, বোর্ডের সঙ্গে যুক্ত আছেন এমন অনেকে এই যৌক্তিক প্রশ্নগুলো তোলেন। কিন্তু সাংবাদিকদের সামনে অন দ্য রেকর্ড বা স্বনামে কিছুই বলতে রাজি নন। মাহমুদের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য করতে সাহস বা স্বস্তিবোধ করেন না। তবে কি এতটাই তাঁর প্রভাব!
বিসিবির সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফিন অবশ্য খোলাখুলি মন্তব্য করলেন। তাঁর দাবি, পছন্দের লোককে পুরস্কৃত করতেই মাহমুদকে অন্তর্বর্তী কোচ করতে চাইছে বিসিবি, ‘একটা সময় বোর্ডের উপকমিটিতেও স্বার্থের দ্বন্দ্ব দেখা যেত। একজন পরিচালক যখন জাতীয় দলের কোচ হন, সরাসরি সেটা স্বার্থের দ্বন্দ্ব হবেই। টেকনিক্যালিও তো জিনিসটা হয় না। ধরুন, একজন কোচ যখন ব্যর্থ হন, তখন তিনি কাকে জবাবদিহি করবেন? বোর্ড বা ফেডারেশনকে। কিন্তু সুজন (খালেদ মাহমুদ) যদি ব্যর্থ হন, কাকে জবাবদিহি করবেন? তিনি নিজেই তো বোর্ড পরিচালক! প্রাতিষ্ঠানিকভাবে নিজের দায়বদ্ধতা নিজের কাছে নিশ্চয়ই কেউ জবাবদিহি করতে পারে না। আপনি পরিচালক, আপনিই আবার একটা দলের হর্তাকর্তা! যার কথা আসছে, বোঝাই যাচ্ছে, পছন্দের লোককে দায়িত্ব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
স্থানীয় কাউকে অন্তর্বর্তী কোচ হিসেবে যদি দায়িত্ব দিতেই হয়, সে ক্ষেত্রে দেওয়ান শফিউলের যুক্তি, ‘ক্রিকেট কিংবা ফুটবলে বাংলাদেশে কেন বিদেশি কোচ আনা হয়? অন্যতম কারণ এখানকার কোচেরা খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে পারেন না। তাঁদের আবেগ কাজ করে, ঘরোয়া যে দলে কাজ করেন, সেই দলের কথা ভাবেন। স্বজনপ্রীতি চলে আসে। তবু বিদেশি কোচ যদি না পান, অন্তর্বর্তীকালীন কোচই যদি দরকার হয়, ঘরোয়া ক্রিকেটে যাঁদের কোনো সংগঠক পরিচয় নেই তাঁদের থেকে কেন নেওয়া হচ্ছে না?’
প্রশ্ন তো অনেক। কিন্তু সেগুলো বিসিবির নিরেট দেয়ালে ধাক্কা খেয়েই ফিরে আসে বারবার। আর তাই উত্তর যে মেলে না!