একের সঙ্গে তিনের লড়াই

বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশালের লড়াইটা যেন হয়ে দাঁড়াচ্ছে সাকিবের সঙ্গে ডু প্লেসি, মঈন ও নারাইনের লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দলে টি-টোয়েন্টি ক্রিকেটেরই তিন মহাতারকা। ফাফ ডু প্লেসি ও মঈন আলী সর্বশেষ আইপিএলের শিরোপাজয়ী দল চেন্নাই সুপার কিংসের সদস্য। সুনীল নারাইন খেলেছেন রানার্সআপ কলকাতা নাইট রাইডার্সে। তাঁদের দলে নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস যেন আইপিএলের চ্যাম্পিয়ন-রানার্সআপদেরই এক ছাতার নিচে নিয়ে এল! বিপিএলের দুবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে তৃতীয়বারের মতো ফাইনালে নিয়ে এলেন তাঁরাই।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সেই ফাইনালে আজ কুমিল্লার প্রতিপক্ষ ফরচুন বরিশাল। এই দলেও যে বড় নামের বিদেশি ক্রিকেটার নেই, তা নয়। দুই ক্যারিবীয় ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোর সঙ্গে আছেন আফগানিস্তানের মুজিব উর রেহমানও। কিন্তু যদি প্রশ্ন করেন, কুমিল্লাকে তো তিন বিদেশি মিলে ফাইনালে তুললেন, বরিশালকে ফাইনালে তুললেন কে? তখন কিন্তু বলতে হবে একটা নামই, সাকিব আল হাসান।

অষ্টম বিপিএলের ফাইনালটাকে তাই একের সঙ্গে তিনের লড়াইও বলতে পারেন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের তিন বিদেশির সঙ্গে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিবের। ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে বিচক্ষণ অধিনায়কত্ব দিয়ে তিনি বলতে গেলে একাই ফাইনাল পর্যন্ত টেনে নিয়েছেন বরিশালকে। কুমিল্লা হয়তো এই ভেবে সাহস সঞ্চয় করতে পারে যে সাকিব বিপিএলে যত ভালোই খেলুন, দুই দলের সর্বশেষ সাক্ষাৎ প্রথম কোয়ালিফায়ারে তো তিনি ভিক্টোরিয়ানসদের ব্যাটে-বলে কোনোভাবেই চ্যালেঞ্জ জানাতে পারেননি। তবু কুমিল্লার ওই তিন বিদেশি তারকাও জানেন, ফাইনালের মঞ্চে তাঁদের সবচেয়ে বড় বাধার নাম সাকিব আল হাসান।

কুমিল্লার একটা সুবিধা, তাদের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাকিবের ক্রিকেট মস্তিষ্কের অলিগলি খুব ভালো চেনেন। বিপিএল আবহের বাইরে ক্রিকেটীয় সমস্যার সমাধানের জন্য সাকিব যাঁদের দরজায় কড়া নাড়েন, সালাউদ্দিন তাঁদের মধ্যে অন্যতম। ফাইনালের আগে সেই সালাউদ্দিনও স্বীকার করলেন, ‘আমাদের খেলতে হবে সাকিবের মস্তিষ্কের বিপক্ষে। খুব ভালো অধিনায়কত্ব করছে। যতটুকু সামর্থ্য আছে তার খুব ভালো ব্যবহার করছে, বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে। চার-পাঁচটি ম্যাচে তারা কম রান করেও জিতেছে। সাকিবের চিন্তাভাবনা অনেক সময় ব্যাটসম্যানরা ধরতে পারে না। এ কারণেই বলছি, খেলতে হবে সাকিবের মস্তিষ্কের বিপক্ষে।’

ভালো বোলিং আর দুর্দান্ত অধিনায়কত্বের সঙ্গে এবার যোগ হয়েছে সাকিবের ব্যাটিংটাও। টি-টোয়েন্টিতে মাঝের ৪৫ ইনিংসে অর্ধশত পাননি সাকিব। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে সে বন্ধ্যত্ব ঘোচানোর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স টানা পাঁচ ম্যাচে সাকিবকে এনে দিয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার, সঙ্গে একটা বিশ্ব রেকর্ড।

বিপিএলে এবার ১০ ইনিংস খেলে সাকিবের রান ২৭৭। গড়ের (৩০) মতো স্ট্রাইক রেটটাও বেশ ঈর্ষণীয় (১৪৫)। সাকিবের মতো ছন্দে আছে তাঁর দল বরিশালও। বিপিএলে তাদের প্রথম শিরোপা জয়ের এটাই যেন আদর্শ সুযোগ! সাকিব অবশ্য এখন পর্যন্ত দুবার পেয়েছেন বিপিএল শিরোপার স্বাদ। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দিকে তাকালে তাঁর চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আরও সমৃদ্ধই মনে হবে। সিপিএলে দুবার ও পিএসএলেও একবার শিরোপা জিতেছে সাকিবের দল। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও চ্যাম্পিয়ন হয়েছেন দুবার।

কলকাতায় সাকিবের সতীর্থ ছিলেন নারাইন। একসঙ্গে দীর্ঘদিন খেলার সুবাদে একজনের আরেকজন সম্পর্কে ভালো ধারণা আছে। কুমিল্লার আরেক বিদেশি ক্রিকেটার মঈনও একই ড্রেসিংরুমে দেখেছেন সাকিবকে। কাউন্টি ক্রিকেটে উস্টারশায়ারের পর ২০১০-১১ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলেছেন দুজন। ডু প্লেসি অবশ্য সাকিবকে সব সময় প্রতিপক্ষ শিবিরে দেখেই অভ্যস্ত।

কোচ সালাউদ্দিন তো আছেনই, নারাইন-মঈনেরও সাকিব সম্পর্কে আছে ভালো ধারণা। সাকিবকে সামলানো নিয়ে হয়তো সে কারণেই খুব বেশি চিন্তিত মনে হচ্ছে না কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসকে। তবে গতকাল ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসেও তিনি বুঝিয়ে দিলেন তিন বিদেশির ওপর তাঁর নির্ভরতার বিষয়টি, ‘আমাদের দলের দিকেও তাকান, অনেক বড় বড় নাম আছে। মঈন আলী, সুনীল নারাইন, ফাফ ডু প্লেসির মধ্যে যদি কেউ ভালো খেলে, আমার মনে হয় না ফাইনাল জেতাটা কঠিন কাজ হবে। গতকাল (পরশু) তো নারাইন দেখিয়েছে, সে কী করতে পারে।’

কুমিল্লার হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান ডু প্লেসির (২৯১) ও সেরা ইকোনমি রেট নারাইনের (৬.০০)। আর মঈনের মতো এত স্ট্রাইক রেটে (১৫৮.৪৭) তো এত রান (১৮৭) কেউ করেননি এ বিপিএলেই।

তথ্যগুলো বোধ হয় আরও একবার জানিয়ে দিল—বিপিএল ফাইনালটা সত্যিকার অর্থেই হয়ে দাঁড়িয়েছে একের সঙ্গে তিনের লড়াই।