এখন অস্ট্রেলিয়ার জন্য অপেক্ষা
অস্ট্রেলিয়া দল তাহলে শেষ পর্যন্ত আসছে! কথাটা বলতেই কাল বিসিবির এক কর্মকর্তার রসিকতা, ‘আগেরবারও তো মনে হয় এয়ারপোর্ট পর্যন্ত এসেছিল...।’
বাংলাদেশে সফরের জন্য দুই টেস্টের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফরসূচিও চূড়ান্ত। কিন্তু আগের অভিজ্ঞতাটা এমনই হতাশাজনক ছিল যে এবার অস্ট্রেলিয়া দল ঢাকায় না নামা পর্যন্ত যেন তাদের আসার ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। সেবার সফরের একেবারে আগ মুহূর্তে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া।
তবু বসে নেই বিসিবি। অস্ট্রেলিয়ার জন্য অপেক্ষা সবার। বসে নেই নির্বাচকেরাও। পাকিস্তান জুলাইয়ের বাংলাদেশ সফর বাতিল করায় এ বছর বাংলাদেশ দলের সিরিজ আছে আর দুটি। অস্ট্রেলিয়া দল আসবে। এরপর ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় যাবে দুই টেস্ট, তিন ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে। এই দুই সিরিজ সামনে রেখে ২৮-৩০ জনের প্রাথমিক দল ঠিক করে সেটি বোর্ডে জমাও দিয়ে দিয়েছেন নির্বাচকেরা। কোচ চন্ডিকা হাথুরুসিংহের হঠাৎ নতুন কাউকে পছন্দ হয়ে না গেলে এই তালিকা থেকেই হওয়ার কথা আসন্ন দুই সিরিজের দল।
মিরপুরের বিসিবি কার্যালয়ে কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন প্রাথমিক দল সম্পর্কে জানালেন, ‘সামনে জাতীয় দলের অনেক খেলা। সে জন্য কিছু খেলোয়াড়কে দেখতে হবে। দেশের মাটিতে টেস্ট ম্যাচ আছে। দক্ষিণ আফ্রিকায় তিন সংস্করণের খেলা। এসব মাথায় রেখেই আমরা কিছু খেলোয়াড়কে দেখব।’
বিসিবির ১৬ সদস্যের হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট দল আগামী ১ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাবে। সেই দলের প্রায় সবাই আছেন ২৮-৩০ জনের প্রাথমিক দলে। এ ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি ও নিউজিল্যান্ড সফরের দলের খেলোয়াড়েরা তো আছেনই। ঈদের পর আগামী ১০ জুলাই থেকে শুরু হওয়ার কথা ফিটনেস ট্রেনিং। যথারীতি ফিজিও মারিও ভিল্লাভারায়ণই পরিচালনা করবেন সেটি। চন্ডিকা হাথুরুসিংহে এবং তাঁর অন্য সহযোগীরা ছুটি শেষ করে ফিরবেন ক্যাম্প শুরুর পর।
চ্যাম্পিয়নস ট্রফিতে প্রত্যাশা মেটাতে পারেননি সৌম্য সরকার ও সাব্বির রহমান। তবে প্রধান নির্বাচক মনে করিয়ে দিলেন, ‘সৌম্য একদমই ভালো খেলছে না, এ রকম বলা ঠিক নয়। পরপর দুটি সিরিজ হয়েছে। আয়ারল্যান্ডে সে কিন্তু ভালো খেলেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে হয়তো পারেনি। একজন খেলোয়াড়কে এভাবে মূল্যায়ন না করে তার পুরো বছরের পারফরম্যান্স দেখা উচিত।’ প্রধান নির্বাচকের এমনও বিশ্বাস, সৌম্যের সমস্যা বড় কিছু নয়, ‘হয়তো ট্যাকটিক্যাল একটু সমস্যা হচ্ছে বা মানসিক কোনো সমস্যা। সে জন্য রান করতে পারছে না। আমার বিশ্বাস, সামনে আমাদের যে ক্যাম্প হবে, সেখানে কাজ করে ও ফিরে আসবে।’
সাব্বির রহমানকে দিয়ে তিন নম্বরের সমাধান খুঁজছিলেন হাথুরুসিংহে। কিন্তু শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সফরে তাঁকে টানা তিনে খেলানোর পরও চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দুই ম্যাচে তাঁকে নামানো হয় ছয় নম্বরে। পরের দুই ম্যাচে তিন ফিরলেও ফিরতে পারেননি ফর্মে। মিনহাজুলের কথায় মনে হচ্ছে, এ নিয়ে নির্বাচকদের মনেও অস্বস্তি আছে, ‘কন্ডিশনের কারণেই সাব্বিরকে প্রথমে নিচে ব্যাটিং করিয়েছি। পরে আমরা চিন্তা করলাম ওকে ওর জায়গায় ফিরিয়ে এনে দেখা যাক। আসলে আমরা যখন ক্রিকেট খেলতাম তখন থেকেই তিন নম্বর জায়গা নিয়ে সমস্যা ছিল। আশা করছি, শিগগিরই এর সমাধান খুঁজে পাব।’