এখন আমিরাতের বিপক্ষেও সতর্ক বাংলাদেশ

কথাবার্তায় খুব আত্মবিশ্বাসী মনে হলো আমজাদ জাভেদকে। গড়গড় করে বলে গেলেন, ‘এই উইকেটে আগে বল করাটাই সহজ। আশা করি, ওদের ১৩০-এর মধ্যে আটকে রাখতে পারব।’
সংযুক্ত আরব আমিরাত অধিনায়কের কথা শুনে মাশরাফি বিন মুর্তজার কান খাড়া করার দরকার নেই। আমজাদ ওই কথা বাংলাদেশকে নিয়ে বলেননি। বলেছেন শ্রীলঙ্কাকে নিয়ে। কাল বাংলাদেশ শিবির যখন হোটেলে আমিরাতের বিপক্ষে আজকের ম্যাচের কৌশল নির্ধারণ নিয়ে বুদ্ধি-পরামর্শ করছিল, তখনো শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচটাই খেলেনি আমিরাত। রাতে এই প্রতিবেদন লেখার সময় সেই ম্যাচ চলছিল। আর আমজাদ কথাগুলো বলেছেন টসে জেতার পর। বাংলাদেশকে নিয়ে আলাদা করে ভাবারই যে সময় পাননি তখনো!
মিরপুরে আজ দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশই পরিষ্কার ফেবারিট। অভিজ্ঞতায় এবং ২০০৮ এশিয়া কাপে হওয়া বাংলাদেশ-আমিরাত একমাত্র ওয়ানডের ফলাফল বিবেচনায়ও। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০০ করে বাংলাদেশ ম্যাচ জিতেছিল ৯৬ রানে। সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল।
আশরাফুলসহ সেই দলের বেশির ভাগ খেলোয়াড়ই এখন নেই। আমিরাতের বিপক্ষে প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাংলাদেশ দলে ‘কমন’ খেলোয়াড় তিনজন—মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। অন্যদিকে ২০০৮-এর আমিরাত ওয়ানডে দলের একজনই আছেন এবারের টি-টোয়েন্টি এশিয়া কাপে—অধিনায়ক আমজাদ জাভেদ।
আমিরাতের অপরিচিত খেলোয়াড়দের জানতে তাই বাছাইপর্বের ভিডিও ফুটেজই ভরসা। সেসব দেখেও অবশ্য কাল সন্ধ্যা পর্যন্ত দলটার কারও ব্যাপারে বাড়তি সতর্ক হওয়ার প্রয়োজন দেখেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে অভিজ্ঞতার কারণে অলরাউন্ডার আমজাদ জাভেদ কিছুটা বাড়তি মনোযোগ তো পেতেই পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে কাল তাঁর বোলিং সাফল্যের পর সেটা আরও বেড়ে যাওয়ার কথা। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেওয়া তাঁর ৩ উইকেটই শ্রীলঙ্কার ১২৯ রানে আটকে যাওয়ায় বড় ভূমিকা রেখেছে।
অবশ্য আজকের ম্যাচের আগে বাংলাদেশ দল যতটা না আমিরাতকে নিয়ে ভেবেছে, তার চেয়ে বেশি ভেবেছে নিজেদের নিয়ে। গতকাল টিম মিটিংয়ের মূল উপজীব্য ছিল আগের ম্যাচের ভুলত্রুটি সংশোধন। তবে সাধারণ্যে আলোচনাটা বেশি হয়েছে সাকিব আল হাসানের হাত থেকে রোহিত শর্মার ক্যাচ পড়া ও মুস্তাফিজুর রহমানের নির্বিষ বোলিং নিয়ে।
মাশরাফি এর কোনোটাকেই খুব একটা পাত্তা দিচ্ছেন না। উল্টো তরুণ মুস্তাফিজের সাহসী মানসিকতার প্রশংসা করলেন, ‘ও খেলাটা নিয়ে এত ভাবে না। আগের ম্যাচগুলোয় ভালো বল করায় মুস্তাফিজের কাছে হয়তো এই পারফরম্যান্স সবার অপ্রত্যাশিত। কিন্তু একজন খেলোয়াড়ের খারাপ দিন আসতেই পারে। ভালো দিক হলো, সে এটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছে। কাজেই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’
প্রথম ম্যাচের হারের ধাক্কা সামলে উঠতে পরের ম্যাচের প্রতিপক্ষ হিসেবে আরব আমিরাতই সবচেয়ে কাঙ্ক্ষিত। টুর্নামেন্টে ফেরার ম্যাচে কিছুটা নির্ভার অন্তত থাকা যাবে। তবে মাশরাফি আগে দেখছেন মুদ্রার উল্টো পিঠটা, ‘টুর্নামেন্টে টিকে থাকার জন্য আগামীকালের (আজ) ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ম্যাচটাকে আমরা গুরুত্ব দিয়েই দেখছি।’
সেটার অবশ্য অন্য একটা কারণও আছে। আমিরাত এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলছে বাছাইপর্বের সেরা দল হয়ে। সেই আত্মবিশ্বাসের জোরে ‘ছোট-বড়’র ব্যবধান কমিয়ে দেওয়া টি-টোয়েন্টি ক্রিকেটে অঘটন ঘটানোর স্বপ্ন তাদেরও দেখার কথা। তা ছাড়া বাংলাদেশকে যে তারা কখনো হারায়নি, তা তো নয়! চমকে ওঠার কিছু নেই। দুই দলের মধ্যে হওয়া একমাত্র আন্তর্জাতিক ওয়ানডেতে জিতলেও ১৯৯৪ আইসিসি ট্রফিতে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের কাছেও হারতে হয়েছিল বাংলাদেশ দলকে।
সেই সময়ের দর্শক আর রেডিওতে ধারাবিবরণী শোনা শ্রোতাদের কিছুটা নস্টালজিক করে তুলতে পারে আজকের ম্যাচ। তবে ১৯৯৪ সালের ফলাফলটা নিশ্চয়ই এবার আর কল্পনাতেও আনছেন না কেউ।