এখন আর নিজেকে চেনাতে হবে না ও'কিফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট, ম্যাচে দশ উইকেট-ম্যাচসেরা স্টিভ ও’কিফ ছাড়া আর কে হবেন? ছবি: এএফপি।
ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট, ম্যাচে দশ উইকেট-ম্যাচসেরা স্টিভ ও’কিফ ছাড়া আর কে হবেন? ছবি: এএফপি।

‘আমি শুধু রাজ্যদলের খেলোয়াড় না, আমি অস্ট্রেলিয়া দলে খেলি!’

খুব বেশি দিন আগের কথা নয়। গত আগস্টে মাতাল অবস্থায় এক পুলিশের দিকে এভাবেই হুংকার ছুড়েছিলেন স্টিভ ও’কিফ। কিছুদিন আগেই শ্রীলঙ্কা সফরে গিয়েছেন। চোটের কারণে সফর শুরু না হতেই ফিরে এসেছেন দেশে। বত্রিশ বছর বয়সে এসে এভাবে সুযোগ হাতছাড়া করার হতাশাটা সেদিন কী ভয়ংকরভাবেই না ফুটে উঠেছিল তাঁর কণ্ঠে।
নিউ সাউথ ওয়েলসের সে ঘটনায় ১০ হাজার ডলার জরিমানা হয়েছিল এই বাঁহাতি স্পিনারের। ক্রিকেট অস্ট্রেলিয়ার ভর্ৎসনাও জুটেছিল। আচরণ ঠিক করার পরামর্শও দেওয়া হয়েছিল ও’কিফকে। সে সময়টা পার করতে সময়টা একটু বেশিই লেগেছে। রাজ্যদল, শেফিল্ড শিল্ড ঘুরে শুধুমাত্র ভারত সিরিজের প্রস্তুতি হিসেবেই সিডনি টেস্টে সুযোগ পেয়েছিলেন। তাতেও কত সমালোচনা, অ্যাশটন অ্যাগার কিংবা অ্যাডাম জাম্পার মতো তরুণ প্রতিশ্রুতিশীলদের জায়গা না দিয়ে কেন ও’কিফ?
সব জবাব মিলল মাত্র ২৮.১ ওভারে। ভারতের বিপক্ষে ভারতের মাটিতে ভারতকেই দুমড়ে-মুচড়ে-গুঁড়িয়ে দিলেন। প্রথম ইনিংসে তাঁর ২৪ বলের স্পেলে মাত্র ১১ রানে শেষ ৭ উইকেট হারাল। দ্বিতীয় ইনিংসে অমন নাটকীয় কিছু না করলেও ঠিকই কাজের কাজটা করে দিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত চাপে রেখে ভারতকে ধ্বংস করে দিয়েছেন আবারও। দুই ইনিংসেই ৬ উইকেট পেয়েছেন, দুই ইনিংসেই দিয়েছেন মাত্র ৩৫ রান! এতেই হলো ইতিহাস। ভারতের মাটিতে কত কত কিংবদন্তি স্পিনার খেলে গেছেন—শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, আবদুল কাদির কিংবা সাকলায়েন মুশতাক। কিন্তু ভারতের বিপক্ষে ওদেরই মাটিতে কোনো স্পিনারের সেরা বোলিং এখন স্টিভ ও’কিফের। এর আগের রেকর্ডটিও ছিল এক অস্ট্রেলিয়ানের। ২০০৮ সালে নাগপুর টেস্টে জেসন ক্রেজা পেয়েছিলেন ১২ উইকেট, তবে সেটা এসেছিল ৩৫৮ রানে! আর ও’কিফের মতো দলকে জেতানোর সৌভাগ্যও তাঁর হয়নি সেবার।
মাত্র ছয় মাস, কীভাবেই না বদলে যায় সবকিছু। এবার যদি সফরের মাঝপথে ফিরেও যান ও’কিফ, তবু স্বাভাবিক কিংবা মাতাল কোনো অবস্থাতেই আর দাবি করতে হবে না, ‘আমি অস্ট্রেলিয়া দলে খেলি!’