এখন তিন সংস্করণেই সবার ওপরে সাকিব
প্রয়োজন ছিল একটি উইকেট। প্রথম ওভারে একটি, দ্বিতীয় ওভারে দুটি চারের মার খেলেন সাকিব আল হাসান, সব কটিই ব্রেন্ডন টেলরের হাতে। তৃতীয় ওভারে এসে সেই টেলরকে ফিরিয়েই অপেক্ষা পূরণ হলো সাকিবের।
ওয়ানডেতে ২৭০তম উইকেট পেলেন বাঁহাতি অলরাউন্ডার, বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট হয়ে গেল তাঁর। তিন সংস্করণেই এখন বাংলাদেশের উইকেটশিকারির তালিকায় সবার ওপরে সাকিব।
সাকিব ওয়ানডেতে টপকে গেলেন মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশের হয়ে এ সংস্করণে মাশরাফির উইকেট ২৬৯টি। ক্যারিয়ারে মাশরাফি সব মিলিয়ে ২৭০টি উইকেট পেলেও এর মধ্যে একটি উইকেট তিনি পেয়েছিলেন এশিয়া একাদশের হয়ে।
ইনিংসের সংখ্যার বিচারেও মাশরাফিকে পেছনে ফেলেছেন সাকিব। ২১৩ ম্যাচে ২১০তম ইনিংসে এ মাইলফলক হলো সাকিবের। মাশরাফি এখন পর্যন্ত ২১৮ ম্যাচে সমানসংখ্যক ইনিংসেই বোলিং করেছেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে উইকেটের তালিকায় সাকিব ও মাশরাফির পরই আছেন আবদুর রাজ্জাক। ক্রিকেট ছেড়ে এখন জাতীয় দলের নির্বাচক রাজ্জাক ২০৭ উইকেট নিয়েছিলেন ১৫২ ইনিংসে।
এ ছাড়া ওয়ানডেতে ১০০ বা তার বেশি উইকেট আছে আরও তিনজনের—রুবেল হোসেন (১২৯), মোস্তাফিজুর রহমান (১২৪) ও মোহাম্মদ রফিক (১১৯)।
টেস্ট ও টি-টোয়েন্টিতে আগে থেকেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড সাকিবের দখলে। টেস্টে তাঁর (২১৫ উইকেট) ধারেকাছেও আপাতত কেউ নেই। তালিকার ২ নম্বরে থাকা তাইজুল ইসলামের উইকেট ১৩৪টি। এরপর আছেন মেহেদী হাসান মিরাজ (১১৩) ও রফিক (১০০)।
টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ৯২টি। দুইয়ে থাকা মোস্তাফিজ নিয়েছেন এখন পর্যন্ত ৫৮টি উইকেট।