রূপগঞ্জকে উড়িয়ে দিল দোলেশ্বর

লিজেন্ডস অব রূপগঞ্জের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ঢংয়েই জবাব দিতে শুরু করেছিল দোলেশ্বর। পরে অবশ্য ধীরলয়ে খেললেও বড় জয় পেতে অসুবিধা হয়নি তাদের। বিকেএসপিতে ২৫.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের তীরে পৌঁছে গেছে বুড়িগঙ্গার ওপারের দলটি।
৬ রানে ওপেনার ইমতিয়াজ হোসেনকে হারালেও রকিবুল-রনি তালুকদার দ্বিতীয় উইকেট জুটি ৭০ রান যোগ করে দলকে এগিয়ে নেন অনেকটা। আলাউদ্দিন বাবুর বলে মিড অফে সৌম্য সরকারের হাতে ক্যাচ হওয়ার আগে রনি করেন ৪২। রকিবুল অপরাজিত ছিলেন ৬৬ রানে।
দোলেশ্বরের বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌসের ঘূর্ণি-জাদু আর পেসার আল আমিনের তোপে ৪১.২ ওভারে রূপগঞ্জ অলআউট ১৪৩ রানে। ব্যাটিং বিপর্যয়ে যা একটু লড়াই চালিয়েছেন আসিফ আহমেদ। রূপগঞ্জের এই মিডল অর্ডার ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ৫৯ রানে।
দোলেশ্বরের রাহাতুল নিয়েছেন ৩৬ রানে ৪ উইকেট, আল আমিন পেয়েছেন ২৯ রানে ৩ উইকেট।
১৫ ম্যাচে ১০ জয়ে দোলেশ্বরের পয়েন্ট দাঁড়াল ২০। ওদিকে আবাহনী প্রাইম ব্যাংককে হারালে ১৫ ম্যাচে ১১ জয়ে তাদের পয়েন্ট হবে ২২। এখন আবাহনী-দোলেশ্বরের স্থগিত ম্যাচটায় নির্ধারণ করবে কার হাতে উঠছে এবারের শিরোপা। যদিও দুপুর পর্যন্ত জানা যায়নি, ম্যাচটার ভবিষ্যৎ কী! ম্যাচ যদি শেষ পর্যন্ত হয় এবং তামিম-সাকিবদের দোলেশ্বর হারিয়ে দেয়, তাদের পয়েন্ট হবে ১৬ ম্যাচে ২২।
আবাহনীর সঙ্গে দোলেশ্বরের মুখোমুখি লড়াইয়ের হিসাব থাকবে ১-১ সমতায়। মুখোমুখি লড়াই ও মোট জয়ের হিসাবে সমতায় থাকায় বাইলজ অনুযায়ী নেট রানরেটের হিসাবে নির্ধারিত হবে শিরোপা।