এখন শুধুই লড়াই

আগের দিন এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে কিছু দর্শক ছিল। কাল তৃতীয় দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনেক দর্শক। হাজার পাঁচেক হবেই, মতান্তরে সাত হাজার। তা তাদের পয়সা অনেকটাই উশুল। বাংলাদেশের প্রথম ইনিংসের আধখানা, পাকিস্তানের দ্বিতীয় ইনিংস, তারপর আবার বাংলাদেশ—একই দিনে তিন ইনিংস দেখার ‘সৌভাগ্য’ তো সচরাচর ঘটে না। আবার সব মিলিয়ে ১১টি উইকেট পতনের সাক্ষী হওয়া—দর্শককুল যথেষ্টই বিনোদিত!
কিন্তু এই বিনোদনের উল্টো পিঠেই নিরানন্দের চোরাস্রোত বইছে। টেস্ট এখন যে জায়গায় দাঁড়িয়ে, তাতে শুধু দুটি ফল হওয়াই সম্ভব—পাকিস্তানের জয় এবং অনেক অ-নে-ক দূরের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের। লক্ষ্য ৫৫০ রান, জিততে হলে হাতের ৮ উইকেট নিয়ে বাকি দুটি দিনে করতে হবে আরও ৪৮৭ রান। মানে বিশ্ব রেকর্ড! আর সে জন্য বাংলাদেশের অন্তত চারজন ব্যাটসম্যানকে খেলতে হবে সাকিব আল হাসানের কালকের মতো ইনিংস। আর যদি খুলনায় দ্বিতীয় ইনিংসের মতো তামিম-ইমরুলের ৩১২ রানের মতো কোনো জুটি হয়ে যায়!
বিনোদন প্রসঙ্গের অনেকটাই আসছে সাকিবের কালকের ইনিংসের সূত্রে। ৯১ বলে ৮৯ রানের ইনিংসটার ৭৫ করেছেন কাল, এর মধ্যেই তাঁর ১৪টি চার, যথেষ্টই যন্ত্রণাদায়ক লেগ স্পিনার ইয়াসির শাহকে মিড উইকেটের ওপর আছড়ে মেরেছেন দুটি ছয়। বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজের সঙ্গে তাঁর যে ছোট্ট দ্বৈরথ চলল, তা ক্রিকেটপিপাসুদের তৃপ্তি দেয়। সঞ্জয় মাঞ্জরেকার যেমন সঙ্গে সঙ্গেই টুইট করলেন, ‘কী দুর্দান্তই না খেলছে সাকিব!’ এই দ্বৈরথে সাকিব রিয়াজের পর পর ৩ ওভারে নিলেন ১২, ৮ ও ১২ মিলিয়ে ৩২ রান। আর কী সব দাপুটে শট—কাট, পুল, পাঞ্চ। এরই মধ্যে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে একই ভেন্যুতে (মিরপুর) করে ফেলেছেন হাজার রান। নবম উইকেটে (আসলে দশম) ২০ বল খেলে সঙ্গ দিয়েছেন মোহাম্মদ শহীদ, তার আগে তাইজুল ইসলাম। কিন্তু সৌম্য সরকার ও শুভাগত হোম যদি আরেকটু সঙ্গ দিতে পারতেন, তাঁর চতুর্থ সেঞ্চুরিটি হয়তো হতো। ওঁরা পারলেন না। সৌম্য আউট ১ রান করে। শুভাগত ‘গোল্ডেন ডাক’। আট ব্যাটসম্যানে দল ভারী করার তাহলে গুরুত্ব কী ! দিনের পঞ্চম বলেই ওয়াহাব রিয়াজকে একটা সুযোগ দিয়েছিলেন, পরে ২৩ রানে বোল্ড হওয়ার হাত থেকে বেঁচেছেন ‘নো’ বলের সৌভাগ্যে। সাকিবের ব্যাটই পরে দেখিয়েছে পাল্টা-আক্রমণের নমুনা। ৫৪ বলে ৬৩ রানের জুটি, যাতে তাঁর একারই ৬২ রান।
দ্বিতীয় ইনিংসে এ রকম আক্রমণাত্মক ব্যাটিং করেই বাংলাদেশ দিন শেষ করেছে ১ উইকেটে ৬৩ রানে। তামিমের সঙ্গে ৪৮ রানের ওপেনিং জুটি গড়ে ইমরুলের (১৬) বিদায় ইয়াসিরের িবস্ময়কর এক টার্নারে পরাস্ত হয়ে। তিন হাজার রান পূর্ণ করে তামিম ব্যাট করছেন ৬ চারে সাজানো ৩২ রানে, মুমিনুল ৩ চারে ১৫ রানে।
এর আগে প্রথম ইনিংস ২০৩ রানে শেষ হতে লাঞ্চের আগেই যখন বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরুর মানসিক প্রস্তুতি চলছে, হঠাৎই চমক। ৩৫৪ রানের লিড নিয়েও প্রতিপক্ষকে ফলোঅন করায়নি পাকিস্তান। উল্টো তারাই আবার ব্যাটিংয়ে। এরই মধ্যে হাফিজকে শূন্য রানে ফেরান শহীদ, পাকিস্তান লাঞ্চে যায় ১ উইকেটে ৭ রান নিয়ে। তারা ব্যাট করল চা-বিরতি পেরিয়ে ৪১.১ ওভার পর্যন্ত। ৮২ রানে মাহমুদউল্লাহর বলে ডিপ মিড উইকেটে মিসবাহ—উল-হক ক্যাচ হতেই আবারও পাকিস্তানের ইনিংস ঘোষণা। মিসবাহর আগে আসাদ শফিক বোল্ড শুভাগতর বলে, ইউনিসকে ফিরিয়েছেন তাইজুল, সৌম্যর প্রথম আন্তর্জাতিক উইকেট হয়ে ফিরেছেন আজহার। ওপেনার সামি আসলামকে নিয়ে এই ইনিংসেও ২ উইকেট শহীদের। ৪৩ রান দিয়ে উইকেটশূন্য সাকিব। বল হাতে তাঁর আরেকবার ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স। দুই ইনিংস মিলিয়ে ১৭৯ রান দিয়ে ১ উইকেট!
পাকিস্তানের ইনিংস ঘোষণা দেখে খোদ বাংলাদেশই একটু বিস্মিত। কিন্তু মুশতাক আহমেদ বলে গেলেন, এটাই তাঁরা চেয়েছিলেন, ‘প্রতিপক্ষকে সম্মান দেখিয়েছি আমরা। খুলনায় ওদের দ্বিতীয় ইনিংস দেখার পর তাদের বিপক্ষে তৃতীয় দিনেই জয়ের আশা আপনি করতে পারেন না। তা ছাড়া আমাদের পেসাররা লম্বা স্পেলে বোলিং করেছে, তাদের একটু বিশ্রামও দিতে চেয়েছি।’
অবশ্য নিজেদের জয়ের ভালো সুযোগই দেখছেন পাকিস্তানের স্পিন বোলিং কোচ। বাংলাদেশ তাহলে কী দেখছে? ‘আমরা হয়তো হারতে যাচ্ছি’—বাস্তবতা ছোঁয়া অপ্রিয় সত্য সাকিবের মুখে। তবে এর পরও তাঁর কিছু কথা ছিল, ‘এটুকু বলতে পারি, লড়াই ছাড়া আমরা ম্যাচ ছাড়ব না। কালকের (আজ) প্রথম ঘণ্টাটা উইকেটবিহীন পার করে দেওয়া গুরুত্বপূর্ণ। যদি খুলনার মতো ৩০০ বা ২০০ রানের জুটি হয়ে যায়, অন্য কিছু হতেও পারে।’
সেই তো অনাদি পরিস্থিতি—লড়াই, লড়াই এবং লড়াই! খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংস লড়াই করার অনেক বারুদই বুকে জমিয়েছে সাকিবদের।
দেখা যাক চতুর্থ দিনে আজ কেমন লড়াই হয়!
তৃতীয় দিনের শেষে
পাকিস্তান: ৫৫৭/৮ ডি. ও ১৯৫/৬ ডি.
বাংলাদেশ: ২০৩ ও ৬৩/১