এখন সময় খেলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইদানীং বোলার সাব্বির রহমানের দেখা মেলে খুব কম। তবে আজ টেস্ট অভিষেক হয়ে গেলে সাব্বিরের লেগ স্পিনটা ভালো একটা অস্ত্র হয়ে উঠতে পারে চট্টগ্রাম টেস্টে। কাল তাই অনুশীলনে বোলিংটা ঝালাই করে নিলেন এই অলরাউন্ডার l প্রথম আলো
ইদানীং বোলার সাব্বির রহমানের দেখা মেলে খুব কম। তবে আজ টেস্ট অভিষেক হয়ে গেলে সাব্বিরের লেগ স্পিনটা ভালো একটা অস্ত্র হয়ে উঠতে পারে চট্টগ্রাম টেস্টে। কাল তাই অনুশীলনে বোলিংটা ঝালাই করে নিলেন এই অলরাউন্ডার l প্রথম আলো

দুর্ভাবনার অনেক কিছুই আছে। ১৪ মাস পর টেস্ট, সেটাও অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে। পেসে ধার নেই, স্পিনে টার্ন কম। প্রতিপক্ষ ইংল্যান্ড এসব দিক দিয়ে ততটাই সবল, যতটা দুর্বল বাংলাদেশ। অভিজ্ঞতার কথা বাদই দিন। এই সিরিজের আগে বাংলাদেশ যে সময়টায় কোনো টেস্ট খেলেনি, ইংল্যান্ড শুধু সেই সময়েই টেস্ট খেলেছে ১৬টি।
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের এসবের কোনোটাই অজানা নয় যে, এগুলো নিয়ে নতুন করে ভাবতে হবে। তারপরও পরীক্ষার আগের রাতে কঠিন প্রশ্নগুলো নিয়েই নাড়াচাড়া বেশি হয়। সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনেও কাল বারবার এল এসব প্রসঙ্গ। কিন্তু অধিনায়ক মাত্র একটি কথাতেই বুঝিয়ে দিলেন, এখন আর এসব নিয়ে ভাবার সময় নেই। যা আছে তা-ই নিয়ে ঝাঁপিয়ে পড়ার সময় এটা, ‘এগুলো নিয়ে এখন চিন্তা করলে আমরা ব্যাকফুটে চলে যাব। এখন সময় খেলার। সেদিকেই মনোযোগ দিচ্ছি।’
দুর্ভাবনা ঝেড়ে ফেলে মুশফিক আশার ছবি আঁকেন। টেস্ট ক্রিকেট থেকে ১৪ মাস দূরে থাকলেও এই সময়ে ওয়ানডে ক্রিকেটে নিজেদের পরিচয় নতুন করে জানিয়েছে বাংলাদেশ। টেস্টের মনোজগতেও যে সেই সাফল্য গোপনে কোনো বদল আনেনি, তা কে বলবে! আজ টেস্ট খেলতে নামলেই হয়তো দেখা যাবে বাংলাদেশ লাল বল-সাদা পোশাকেও অন্য রকম হয়ে গেছে। তা ছাড়া আফগানিস্তান সিরিজের আগে ১০ মাস ওয়ানডেও খেলা হয়নি। ফিরে আসার পর সেখানে তো অনভ্যস্ততার মরচে দেখা যায়নি! মুশফিক আশাবাদী, ‘অসম্ভব কিছুই নয়। মানসিক ও শারীরিকভাবে হয়তো এই সিরিজে গত ১০-১১ বছরে যা করেছি, তার চেয়ে বেশি করতে হবে। সেটাই চ্যালেঞ্জ এবং তা নেওয়ার জন্য আমাদের সিনিয়র ক্রিকেটাররা প্রস্তুত। জুনিয়ররাও সুযোগ পেলে নিজেদের উজাড় করে দেবে।’
সেশন ধরে ধরে খেলে টেস্টটাকে পঞ্চম দিনে নিয়ে যাওয়া বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য। জয় কিংবা ড্রয়ের চিন্তা আসবে এর পরে। মুশফিক বিশেষভাবে বললেন প্রথম ইনিংসের কথা, ‘প্রথম ইনিংসটা গুরুত্বপূর্ণ হবে। যে লিড পাবে বা শুরুতে লাগাম ধরতে পারবে, তারাই পুরো টেস্ট নিয়ন্ত্রণ করবে।’
এ জন্য মানসিক দৃঢ়তারই বেশি প্রয়োজন দেখেন অধিনায়ক। আর প্রয়োজন নিজেদের মাঠ ও কন্ডিশনের সুবিধা নেওয়া। উইকেট সম্পর্কে যা পূর্বাভাস, তাতে মনে হচ্ছে চাইলে এখানে রান করা অসম্ভব হবে না। কাল অনুশীলনের আগে দু-একটা ‘ট্রাই বল’ করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আরেকটা ব্যাপারও বুঝেছে—উইকেটে সাহায্য থাকবে স্পিনারদের জন্যও।

উইকেটের কথা মাথায় রেখেই গড়া হচ্ছে প্রথম টেস্টের দল। কাল রাত পর্যন্ত যা খবর, তাতে নতুনদের মধ্যে সাব্বির রহমান, মেহেদী হাসান (মিরাজ) ও কামরুল ইসলামের টেস্ট অভিষেক নিশ্চিত। নুরুল হাসানের সঙ্গে দলের বাইরে থাকার কথা শুভাগত হোম চৌধুরী ও সৌম্য সরকারের। তবে আজ সকালে উইকেটের চেহারায় ভিন্ন কোনো আভাস দেখলে একাদশের চেহারাও বদলাতে পারে।

টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন ইংল্যান্ডের বেন ডাকেট, হাসিব হামিদ আর জাফর আনসারিও। তাঁদের সম্পর্কে বাংলাদেশের ধারণা কম। তবে এটিকে বড় সমস্যা মনে করছেন না মুশফিক। প্রস্তুতি ম্যাচে তাঁদের ব্যাপারে কিছু ধারণা মিলেছে। তা ছাড়া বাংলাদেশ দলেও যেহেতু ইংল্যান্ডের জন্য ‘অজানা’ ক্রিকেটার আছেন, ব্যাপারটা কাটাকাটি হয়ে যাচ্ছে।

কয়েক দিন ধরে চট্টগ্রামে প্রচণ্ড গরম। টেস্টের পাঁচ দিনে সেটা কমার কোনো সম্ভাবনা দেখাচ্ছে না আবহাওয়ার পূর্বাভাসও। দুই দলের খেলোয়াড়দেরই তাই সমস্যায় ফেলতে পারে গরম। অধিনায়কের ভাষায়, ‘আবহাওয়া অনেক বড় প্রভাব ফেলবে। টানা পাঁচ দিন মনোযোগ ধরে ধারাবাহিকভাবে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং হবে।’ এ ক্ষেত্রে সুবিধা একটাই—এমন গরমে বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডের খেলোয়াড়দেরই নাকাল হওয়ার সম্ভাবনা বেশি।