এখন সাকিবের ছুটি

আপাতত তিনি আছেন যুক্তরাষ্ট্রে। স্ত্রী উম্মে শিশির আর দেড় মাসের ‘রাজকন্যা’র সঙ্গে সময় কাটাচ্ছেন। সময়টা যে দারুণ কাটছে, সেটা তো বলাই বাহুল্য। নিজের ফেসবুক পেজে গতকাল স্ত্রী শিশিরের সঙ্গে তোলা একটি ছবি আপলোড করলেন। সে ছবিতেই ‘সুখী’ ‘সুখী’ অভিব্যক্তিটা স্পষ্ট। ছুটির সময়টা যুক্তরাষ্ট্রে পুরোপুরিই উপভোগ করছেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা।
সাকিবের ছুটির মেয়াদ শেষ হবে আগামী ৯ জানুয়ারি। ফিরতে পারেন তার আগেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে এমনই জানা গেছে। শুরু হয়ে যাবে তাঁর পেশাগত ব্যস্ততা। সামনে আছে দীর্ঘ ক্রিকেট সূচি। জিম্বাবুয়ে সিরিজ দিয়েই শুরু হবে নতুন বছরের ক্রিকেট। এরপর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি লায়নসের হয়ে খেলার কথা। দেশের হয়ে আছে এশিয়া কাপ, এর পরপরই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা তো আছেই। দীর্ঘ ব্যস্ত সময়ের রসদ যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তান সান্নিধ্যে যতটা সম্ভব মজুত করে নিচ্ছেন তিনি।