এখন সাকিবের পক্ষে বোর্ড সভাপতিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট কথা বলছে। বল কথা বলছে। উপায়ন্তর না দেখে এখন বিসিবি সভাপতি নাজমুল হাসানও কথা বলতে শুরু করলেন সাকিব আল হাসানের পক্ষে। কাল ঢাকায় সাংবাদিকদের তিনি বলেছেন, জিম্বাবুয়ে সিরিজে সাকিবের যা পারফরম্যান্স, তাতে বিদেশি লিগে খেলার অনুমতি চেয়ে আবেদন করলে সাকিবকে না করাটা তাঁদের পক্ষে কঠিন হবে।
সভাপতি একটু ঘুরিয়ে বলেছেন। সোজা কথায় ব্যাপারটা হলো, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাকিবের বিদেশের লিগে খেলার ব্যাপারে যে নিষেধাজ্ঞা দিয়েছিল বিসিবি, সাকিব চাইলে এখন তাঁরা সেটাও তুলে নেবেন। তবে নাজমুল হাসান এটাও বলেছেন, ‘যেহেতু এটা বোর্ডের সিদ্ধান্ত, আমাকে বোর্ডে বসেই সিদ্ধান্তটা নিতে হবে।’
এর আগে গত ৭ জুলাই সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই সাকিবকে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়। সঙ্গে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁর বিদেশি লিগে খেলার ব্যাপারেও। সে নিষেধাজ্ঞার মেয়াদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। সাকিবের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এখনো রয়ে গেছে বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞা। এসব শাস্তির আগে সাকিবকে কোনো কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়নি, হয়নি কোনো শুনানিও।
জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের পারফরম্যান্সের প্রশংসা করে নাজমুল হাসান বলেছেন, ‘সাকিব দুই ম্যাচেই নেতৃত্বের ভূমিকায় ছিল। সাকিব বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। এ ব্যাপারে কারও সন্দেহ নেই।’ সাকিবের শাস্তির ব্যাপারে বলেন, ‘ও আমাকে মৌখিকভাবে জানিয়েছিল যে, ও একটা চিঠি দিতে চায়। আমি ওকে বলেছিলাম খেলার ওপর সব নির্ভর করবে। এখন ও যেহেতু দুটি ম্যাচে ভালো খেলেছে, ও আবেদন করলে না করাটা কঠিন হবে।’ এ ছাড়া সাকিবের মধ্যে কিছু ইতিবাচক পরিবর্তনও নাকি লক্ষ করেছেন তিনি, যেগুলোর প্রতিফলন দেখছেন মাঠে।
তবে বিসিবি সভাপতি চান না তাঁর এই বক্তব্যের কোনো প্রভাব পড়ুক জিম্বাবুয়ে সিরিজের ওপর, ‘আমি চাই না এ কথার জন্য তৃতীয় টেস্টের আগে সব ওলট-পালট হয়ে যাক। আমরা চাই আমরা ২-০ অথবা ৩-০তে জিতি। ২-১ হোক, এটা আমরা চাই না।’