এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

প্রথম দিন শেষে পাকিস্তান একটু এগিয়েই। কিন্তু এতে আতঙ্কিত যাওয়ার কিছু নেই। আগের টেস্টেও পাকিস্তান যখন প্রথম ইনিংসে বিশাল স্কোরের দিকে যাচ্ছিল, তখন আমি যা বলেছিলাম সেটিই আবার বলব। এটা টেস্ট ম্যাচ। এখানে ক্ষণে ক্ষণে ম্যাচের রং বদলায়। একটা সেশনই হিসেব পাল্টে দিতে পারে। বাংলাদেশ খুলনায় তা করেও দেখিয়েছে। কাজেই এখনই হতাশ হওয়ার কিছু দেখছি না। মাত্র তো প্রথম দিন গেল।
শাহাদাত চোট পাওয়ায় একটা বড় ক্ষতি হয়ে গেল, এটা সত্যি। বাকিদের ওপর চাপ বাড়ল এখন। কিন্তু শহীদ খুব ভালো বোলিং করছে। সাকিব আছে, তাইজুল আছে। দুজনেই দারুণ বোলার। আমার মনে হয় ধাক্কাটা সবাই মিলে সামলে নিতে পারবে।
আজ সকালের সেশনটা খুব গুরুত্বপূর্ণ। যদি শুরুতেই আমরা ওদের কয়েকটা উইকেট ফেলে দিতে পারি, তাহলে আবার ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। ওরা যদি একটু বেশি রানও করে তাহলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের ব্যাটসম্যানরা ফর্মে আছে। বড় স্কোর করার সামর্থ্য যে আমাদেরও আছে, সেটি তো প্রমাণিতই।
টস জিতে ফিল্ডিং নেওয়ায় অনেকেই হয়তো একটু বিস্মিত হয়েছেন। সত্যি কথা বললে আমি বিস্মিত নই। এমনকি পাকিস্তানের অধিনায়ক মিসবাহও বলেছেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। আমি উইকেট কাছ থেকে দেখিনি। কিন্তু দুই অধিনায়কই যখন ফিল্ডিং করতে চান, তখন বুঝতে হবে উইকেটে বোলারদের জন্য কিছু আছে। সেটা প্রথম কয়েক ওভারের বোলিংয়েই বোঝা গেছে। উইকেটে বেশ বাউন্স ছিল। বোলাররা ভালোই সাহায্য পেয়েছে। শাহাদাত শুরুতেই চোট না পেলে হিসেবটা অন্য রকম হতে পারত।
তবে একটা উইকেট তো আর সারা দিনে একই রকম আচরণ করে না। শুরুর সময়টা সামাল দিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা বেশ ভালো ব্যাটিং করেছে পরে। যদিও ওরা কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছে। যে দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন, দুজনেই তো নো বলের কারণে দুবার বেঁচে গেছেন। ক্রিকেটের রোমাঞ্চটাও এখানে। কখনো কখনো শুধু ভালো ব্যাট কিংবা বল করলেই হয় না, ভাগ্যকেও পাশে লাগে।