এখনই কেন বিদায় নিচ্ছেন সাঙ্গা?

অবসর নেওয়ার আদর্শ সময় কোনটি, এ নিয়ে একটা কথা খেলাধুলায় বেশ চালু—‘কেন যাচ্ছে না’ বলার বদলে সবাই যেন বলে ‘কেন যাচ্ছ? ’ নিশ্চয় কথাটা জেনে থাকবেন কুমার সাঙ্গাকারা। জানবেন না-ই বা কেন? কথাটা তো শতভাগ খাটে তাঁর ক্ষেত্রেই।
গত বছর যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করলেন, তখনই রব উঠেছিল, কেন যাচ্ছেন সাঙ্গা? ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তি টানলেন ২০১৫ বিশ্বকাপ দিয়ে। যাওয়ার আগে রাঙিয়ে গেলেন রংধনুর রঙে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের পরই লঙ্কানদের আর্তি—কেন যাচ্ছেন সাঙ্গা?
বাদ ছিল টেস্টে বিদায় নেওয়া। গতকাল জানিয়ে দিলেন সেটাও। আগামী আগস্টে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুটি টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এ লঙ্কান ব্যাটসম্যান। আবারও সেই একই প্রশ্ন, এখনই কেন বিদায় নিচ্ছেন সাঙ্গা? টেস্ট ক্রিকেটে ২২ গজে এখনো তিনি ধ্যানমগ্ন ঋষি। হেলমেটের ভেতরে জ্বলজ্বল করতে থাকা স্থির দুটি চোখ বলে দেয়, কঠিন ব্রত নিয়ে নেমেছেন মাঠে। সব জয় করে তবেই ছাড়বেন। ৩৭ বছর বয়সী সাঙ্গাকে ‘বুড়ো’ বললে লজ্জাই পেতে হবে আপনাকে। এখনো তিনি দুরন্ত গতিতে ছুটতে থাকা দৃঢ় প্রত্যয়ী এক তরুণ।
ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদায়-প্রসঙ্গে সাঙ্গা দিলেন এ প্রশ্নের কিছু উত্তর। সাঙ্গার ক্রিকেটার হওয়ার পেছনে বিরাট ভূমিকা আছে তাঁর বাবার। ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপেই ছিল বাবার কঠোর দিক-নির্দেশনা। বিদায়ের সিদ্ধান্ত নেওয়ার আগেও নিয়েছিলেন বাবার পরামর্শ। সাঙ্গা বললেন, ‘বছর দু-এক আগে, ক্যান্ডির বাসায় বাবা জিজ্ঞেস করলেন, ‘‘তুমি কি মনে করো না অবসরে যেতে এখন থেকেই ভাবা দরকার? ’’ শুনে বেশ ধাক্কাই খেলাম। তিনি কী বলার চেষ্টা করছেন? আমি কি তবে ভালো করছি না? আপন মনেই ভাবতে শুরু করলাম। এরপর সত্যিই কিছু সিদ্ধান্তে পৌঁছলাম।
অবশ্য টেস্ট থেকে সাঙ্গাকারা বিদায় নিতে চেয়েছিলেন গত বছরই। তবে তাঁর ঘনিষ্ঠ বন্ধু, লঙ্কান ক্রিকেটের আরেক মহীরূহ মাহেলা জয়াবর্ধনের অবসর ঘোষণার কারণে তখন সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছিলেন, ‘আসলে বিষয়টি মাথায় কাজ করছিল গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজেই। কিন্তু যখন মাহেলা (জয়াবর্ধনে) অবসরের সিদ্ধান্ত নিল। বেশ অবাকই হয়েছিলাম। কারণ, আমি তার আগেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে ও যখন বলল বিদায় নিতে চাচ্ছে, বললাম, ঠিক আছে। একসঙ্গে দুজন তো বিদায় নিতে পারি না।’
২০১৪ সালে সাঙ্গাকারা টেস্ট খেলেছেন পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে। ৭১.৯০ গড়ে করেছেন ১৪৩৮ রান। এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি রান ছিল তাঁরই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ব্যাটের ধার। তীব্র হয়েছে রান তেষ্টা। নিত্য নিজেকে নিয়েছেন নতুন উচ্চতায়। সুযোগ আছে আরও কিছু কীর্তি নিজের করার। কিন্তু এ অবসর ঘোষণায় সেসব কীর্তি গড়া নাও হতে পারে। তবে সাঙ্গা কখনই নিজের জন্য খেলেননি। খেলেছেন দলের জন্য। তাই ও সব ব্যক্তিগত কীর্তিকে কখনো বড় করে দেখেন না লঙ্কান এ ধ্রুপদি ব্যাটসম্যান, ‘যদি আরও এক বা দুই বছর খেলতাম, তবে হয়তো আরও ১০০০ রান করতে পারতাম। হয়তো দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারতাম। কিংবা স্যার ডনের ডাবল সেঞ্চুরির রেকর্ডটিও (১২ টি) ভেঙে দিতে পারতাম। তবে কেবল এসব কারণেই ক্যারিয়ারটা টেনে আরও বড় করতে হয়, তবে বলব, বিদায় নেওয়ার এটাই উপযুক্ত সময়।’
এই না হলে গ্রেট! যার বিদায় মানেই ক্রিকেটপ্রেমীদের মাঝে বিরাট হাহাকার। তবে সাঙ্গাকারাদের মতো ২২ গজের ধ্রুপদি শিল্পীদের চিরপ্রস্থান কখনোই হয় না। আজীবন বেঁচে থাকেন মানুষের হৃদয়ে। কেননা, ‘ক্লাস নেভার রিটায়ার’!