এখনই কোহলির ভাবনায় ২০১৯ বিশ্বকাপ!

মহেন্দ্র সিং ধোনি সরে দাঁড়িয়েছেন। টেস্টের পর সীমিত ওভারেও ভারতীয় দলের নেতৃত্বও পেয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা তাঁর জন্য একটু অন্যরকমই। কিন্তু ইংল্যান্ড সিরিজ, চ্যাম্পিয়নস ট্রফি ছাপিয়ে কোহলির দৃষ্টি ২০১৯ বিশ্বকাপে। দেশকে বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারবেন—এই রোমাঞ্চ এখনই দোলা দিয়ে যাচ্ছে তাঁর মনে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা হয়েছে। কোহলির খেলা হয়েছে আসল বিশ্বকাপেও। কিন্তু বাকি সবগুলো ছাপিয়ে আসছে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপ নিয়েই বেশি রোমাঞ্চিত কোহলি, ‘বিশ্বকাপের কথা শুনলেই আমার মনে শিহরণ জাগে। একটি বিশ্বকাপ খেলেছি আমি। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছি। তবে ভারতের অধিনায়ক হিসেবে বিশ্বকাপে খেলতে পারাটা হবে আমার জীবনের সেরা অর্জন।’
বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নিয়ে মগ্ন কোহলি। তবে মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও রোমাঞ্চের শেষ নেই তাঁর। দলের সবার মধ্যেই চ্যাম্পিয়নস ট্রফি জয়ের আত্মবিশ্বাস আছে বলে জানান তিনি, ‘সামনে একটি চ্যাম্পিয়নস ট্রফিও আছে। সত্যি সবাই খুব রোমাঞ্চিত। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়ার জন্য সবাই উন্মুখ হয়ে আছে।’
টেস্ট ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার পর অবসরও নিয়েছেন ধোনি। তবে সীমিত ওভারের ক্রিকেটে শুধু নেতৃত্বই ছেড়েছেন। আরও খেলে যাবেন তিনি। আছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলেও। মাঠে সাবেক অধিনায়কের পরামর্শ পাবেন বলে কোহলিও কিন্তু বেশ খুশি। সূত্র: বিসিসিআই।