এখনই নয়, বললেন দ্রাবিড়

‘এই তো আছি বেশ’—কথাটা রাহুল দ্রাবিড়ের সঙ্গে খুব মিলে যায়। ভারতীয় ‘এ’ দলকে কোচিং করিয়েছেন। এই তো কিছুদিন আগেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে যুব বিশ্বকাপে এসেছিলেন বাংলাদেশে। ভালোই তো আছেন তিনি। আপাতত তাঁর ভারতীয় ক্রিকেট দলের কোচিং-সংক্রান্ত কোনো বড় দায়িত্ব নিতে খুব একটা আগ্রহ নেই।
কারণও ব্যাখ্যা করেছেন। বলেছেন, কোচ হিসেবে এখনো শিক্ষানবিশ পর্যায়ে রয়েছেন। এ ব্যাপারে তাঁর আরও জ্ঞান, আরও অভিজ্ঞতা প্রয়োজন। তা ছাড়া ভারতের জাতীয় দলের কোচ হওয়াও তো কম চাপের নয়। প্রত্যাশার সঙ্গে এখানে জড়িয়ে থাকে তীব্র আবেগ। ফলে পুরো পেশাদার দৃষ্টিকোণ থেকে কাজটা করা সম্ভব নয়। দ্রাবিড়ও এটিকে 'আবেগী চাকরি' বলে এর থেকে দূরে থাকতে চাইছেন।
দ্রাবিড় তাঁর আইপিএলের অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘একটি ম্যাচে প্রচণ্ড আবেগের বশবর্তী হয়ে মাথার ক্যাপ ছুড়ে ফেলেছিলাম।
ব্যাপারটা টেলিভিশনে দেখানোয় বেশ বিব্রতই হয়েছি।’ খেলোয়াড় হিসেবে যথেষ্ট ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতেন। কোচ হিসেবে তাঁর এই আবেগী আচরণ নিশ্চয়ই অবাক করেছিল সবাইকে।
গত মৌসুম পর্যন্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে দলটি আইপিএল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় দ্রাবিড় এবার দায়িত্ব নিচ্ছেন দিল্লি ডেয়ারডেভিলসের মেনটর হিসেবে।
আইপিএলের এই দুই মাসের 'অ্যাসাইমেন্ট' ছাড়া আপাতত তিনি বয়সভিত্তিক ক্রিকেটেই কাজ করতে চান। দ্রাবিড় নিজেই বলেছেন, ছোটদের নিয়েই তিনি দারুণ স্বাচ্ছন্দ্য। তিনি যে কাজটা দারুণ উপভোগ করছেন, সেটা দেখা গেছে বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে ভারতের প্রতিটি ম্যাচেই। দলকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। কিন্তু দুর্ভাগ্য, ট্রফিটা আর জেতা হয়নি।
গত বিশ্বকাপের পর এক বছর হয়ে গেলেও ভারত এখনো স্থায়ী কোচ নিয়োগ দেয়নি। পরিচালক হিসেবে দলের দায়িত্ব পালন করছেন রবি শাস্ত্রী। সূত্র: এনডিটিভি।