এখনই পরের বিশ্বকাপে চোখ অস্ট্রেলিয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে তারা র্যাঙ্কিংয়ে শীর্ষে। টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুটটাও এখন অস্ট্রেলিয়ার। কিন্তু টি-টোয়েন্টিতে শত চেষ্টা করেও আধিপত্য প্রতিষ্ঠা করতে পারছে না অস্ট্রেলিয়ানরা। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এসে স্টিভেন স্মিথের দল বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। বিশ্বকাপে এই ব্যর্থতার কারণ খুঁজতে পর্যালোচনা কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এ নিয়ে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো ‘টি-টোয়েন্টি বিশেষজ্ঞ’ দলে থাকার পরও এমন ব্যর্থতার কারণ সাদাচোখে খুঁজে বের করা কঠিন। তার ওপর ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটাও হবে অস্ট্রেলিয়ায়। ক্রিকেটে এখনো একমাত্র অধরা ট্রফিটি ঘরের মাটিতে বিশ্বকাপেই জিততে চান স্মিথরা। সব ব্যর্থতার কারণ ও পরবর্তী করণীয় ঠিক করতেই এই পর্যালোচনা কমিটি।
যদিও অস্ট্রেলিয়ার টেস্ট দলের সাবেক সহ-অধিনায়ক ব্র্যাড হ্যাডিন কোনো বদলের দরকার দেখছেন না, ‘আমার মনে হয় সবকিছু ঠিকই আছে। বিগ ব্যাশ (অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ) কেমন সফল হয়েছে, তা তো দেখেছেনই। টি-টোয়েন্টিতে বেশ ভালোও করছি আমরা, আইপিএলেও সেরা কয়েকজন খেলোয়াড় অস্ট্রেলিয়ার।’
তবে টি-টোয়েন্টিতে সাফল্য আনতে গিয়ে টেস্ট-ওয়ানডে যেন সৎভাইয়ের আদর না পায়, সেদিকেও খেয়াল রাখতে বলছেন হ্যাডিন, ‘এই মুহূর্তে টুর্নামেন্টগুলোতে আমরা ঠিক জ্বলে উঠতে পারছি না। ব্যাপারটাতে আসলে ভারসাম্য রাখতে হবে, আমরা যেন নিশ্চিত করি টেস্ট ক্রিকেটকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি, খেলাটা উপভোগ করছি।’
অস্ট্রেলিয়ার লক্ষ্যও সেটিই—টেস্ট-ওয়ানডের শ্রেষ্ঠত্ব ধরে রাখার পাশাপাশি টি-টোয়েন্টিতেও সাফল্য আনা। পর্যালোচনা কমিটির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সিএ-র ক্রিকেট প্রধান প্যাট হাওয়ার্ডও বলেছেন, ‘প্রস্তুতি ও পারফরম্যান্সের সবগুলো দিকই পর্যালোচনা করে দেখব, কারণ আমরা বিশ্বাস করি আমাদের দলটা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে।’
যোগ্যতাকে আগামী বিশ্বকাপে বাস্তবতায়ও রূপ দেওয়ার প্রস্তুতি এখন থেকেই শুরু করছে অস্ট্রেলিয়া, ‘অস্ট্রেলিয়ায় চার বছর পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্য রকম কন্ডিশন থাকবে। খেলার কৌশলেও অনেক বদল আসবে। তবে টুর্নামেন্টকে ঘিরে আমাদের প্রস্তুতি আগামী দুই বছর ধরে চলবে, যেমনটা ২০১৫ বিশ্বকাপের ক্ষেত্রে হয়েছিল।’ সিডনি মর্নিং হেরাল্ড।