এখনই ভাবনায় যুব বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে হওয়া সর্বশেষ বিশ্বকাপে বাংলাদেশের যুবাদের শিরোপার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল সেমিফাইনালে। সন্তুষ্ট থাকতে হয়েছে তৃতীয় স্থান নিয়ে। তবে এবার হাতে যথেষ্ট সময় রেখেই প্রস্তুত হতে চাচ্ছে বিসিবি।

২০১৮-এর ফেব্রুয়ারিতে পরবর্তী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডে। বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ যুবদলের খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এরই মধ্যে। গত মাসে শেষ হওয়া ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট থেকে বাছাই করা ৪২ খেলোয়াড়কে নিয়ে ৫ মে থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হয় প্রস্তুতিমূলক অনূর্ধ্ব-১৮ চ্যালেঞ্জ সিরিজ। খেলোয়াড়েরা প্রথমে লাল, নীল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেছেন ৩টি দুই দিনের ম্যাচ। লাল দলের কোচ ছিলেন দিপু রায় চৌধুরী, সবুজ দলের গোলাম ফারুক ও নীল দলের এমদাদুল হক। দুই দিনের ম্যাচ থেকে বাছাই করা ২৮ খেলোয়াড়কে নিয়ে কাল থেকে শুরু হয়েছে ‘এ’ ও ‘বি’ দলের তিন দিনের ম্যাচ।

এই ম্যাচ শেষেই অনুশীলন ক্যাম্পের জন্য ২৪ জনের স্কোয়াড নির্বাচন করার কথা নির্বাচকদের। তাতে থাকবেন প্রিমিয়ার লিগের ব্যস্ততায় খুলনায় যেতে না পারা পিনাক ঘোষ, সাইফ হাসান এবং আবদুল হালিমও। তিনজনই গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। অনুশীলন শুরু হওয়ার কথা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। বয়সভিত্তিক পর্যায়ের সর্বোচ্চ এই টুর্নামেন্ট খেলার আগে আগামী দেড় বছরে দেশ ও দেশের বাইরে যুবদলকে বেশ কয়েকটি সিরিজ খেলানোর পরিকল্পনা আছে বিসিবির। সেগুলোর প্রথমটি হতে পারে এ বছরই, শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে।

খুলনার ক্যাম্পে থাকা ৪২ ক্রিকেটারের অনেকের মধ্যেই আলো ছড়ানোর সম্ভাবনা দেখছেন কোচরা। কাল মুঠোফোনে কোচ গোলাম ফারুকের কণ্ঠে খুঁজে পাওয়া গেল আবিষ্কারের আনন্দ, ‘জেলা ও বিভাগীয় পর্যায় থেকে বাছাই করা এই খেলোয়াড়দের মধ্যে বেশ কিছু ভালো ব্যাটসম্যান চোখে পড়েছে। অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে তারা নিশ্চয়ই আরও উন্নতি করবে।’ নিউজিল্যান্ডের কন্ডিশনে সাফল্য-ব্যর্থতার অনেকখানিই নির্ভর করবে পেসারদের ওপর। আরেক কোচ এমদাদুল আশাবাদী সেদিক দিয়েও, ‘খুলনায় খেলোয়াড়েরা সিমিং উইকেটে খেলেছে। সবুজ উইকেটে বাউন্স ও সুইং দুটিই ছিল। তরুণ পেসাররা সেখানে ভালো বল করেছে।’

গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দীর্ঘ প্রস্তুতি নিয়ে খেলেছিল বাংলাদেশের যুবারা। ফাইনালে উঠতে না পারলেও তৃতীয় হয়ে যুব বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সাফল্যটা পাওয়া গেছে তাতে। নিউজিল্যান্ডের মাটিতে কাজটা অনেক বেশি কঠিন। সেই কঠিনকে জয় করার স্বপ্ন থেকেই দেড় বছর আগে শুরু হয়ে গেল ‘বিশ্বকাপ মিশন’।