
জাতীয় দল চলে গেছে খুলনায়। জিম্বাবুয়ে দল আসবে আগামীকাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এখন সুনসান নীরবতাই থাকার কথা। স্টেডিয়ামের গেটে ওয়াকিটকি হাতে বিসিবির নিরাপত্তা বিভাগের লোকজন ও পুলিশের উপস্থিতি তাই একটু কৌতূহল জাগাতে বাধ্য। কাল দুপুরের দিকে স্টেডিয়ামের গেট দিয়ে ঢুকতে যাওয়া একটি ব্যক্তিগত গাড়িকে তো আটকেই দিলেন দুই নিরাপত্তারক্ষী!
স্বাভাবিক সময়ের সঙ্গে শেরেবাংলা স্টেডিয়ামের এই চিত্র যায় না। স্টেডিয়াম গেটে নিরাপত্তারক্ষী সব সময় থাকলেও লোকজনের যাতায়াত মোটামুটি অবাধই থাকে। ওয়াকিটকি, পুলিশ—এসবের আগমন ঘটে সিরিজ বা আন্তর্জাতিক খেলার সময়। জিম্বাবুয়ে সিরিজ পুরোটাই খুলনায়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হতেও এখনো দুই সপ্তাহেরও বেশি বাকি। শেরেবাংলার মূল ফটকে তাহলে এমন কড়া নিরাপত্তাব্যবস্থা কেন?
একটা কারণ তো অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের আগমন। পরশু ঢাকায় পৌঁছেছে দলটি, কাল দুপুরেই অনুশীলন করতে চলে এসেছে একাডেমি মাঠে। যুব বিশ্বকাপের আগে আগামীকাল শুরু দুই দলের তিন ম্যাচের সিরিজ সামনে রেখে সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দলও।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে এখন থেকেই আস্তে আস্তে নিরাপত্তাবলয়ের মধ্যে ঢুকিয়ে ফেলা ২৭ জানুয়ারি থেকে শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে ‘নিরাপদ’ রাখতেই। তবে নিরাপত্তার প্রশ্ন এখন পর্যন্ত শুধু অস্ট্রেলিয়াই তুলেছে এবং এই অজুহাতে টুর্নামেন্ট থেকে দলও প্রত্যাহার করে নিয়েছে। তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ছাড়াই দ্বিতীয়বারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে যুব বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার পরিবর্তে আয়ারল্যান্ডসহ ১৬ দলের চূড়ান্ত খেলোয়াড় তালিকাও পরশু ঘোষণা করেছে আইসিসি।
নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার সরে যাওয়ায় এই টুর্নামেন্টের সফল আয়োজন বাড়তি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিসিবির জন্য। নইলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আর এমন কি! ২০০৪ সালেই তো তা একবার হয়ে গেছে এ দেশে। হয়েছে বড়দের বিশ্বকাপও। ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে ৫০ ওভারের বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিকও। পার্থক্য হলো, এর কোনোটিতে কোনো দলের নাম প্রত্যাহার করে নেওয়া দূরে থাক, নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেনি কোনো দেশ। এবার উঠেছে এবং বিসিবি তাই সবকিছু নিয়েই বাড়তি সাবধানী। বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজেই বাড়তি নিরাপত্তা পাচ্ছে ক্যারিবীয় যুব দল। হোটেল-মাঠ-হোটেল পথে টিম বাসের সামনে-পেছনে পুলিশের গাড়ি। অন্য বয়সভিত্তিক সিরিজগুলোর তুলনায় অনেক বেশি পুলিশ থাকছে মাঠ ও হোটেলেও। বিশ্বকাপের সময় নিরাপত্তা এর চেয়েও অনেক বেশি হবে।
বিসিবির এই সাবধানী পদক্ষেপের উপকারও পাওয়া যাচ্ছে। ২০১৩ সালে চট্টগ্রামে হোটেলের বাইরে ককটেল বিস্ফোরণে ভীত ওয়েস্ট ইন্ডিজ যুব দল সফর অসমাপ্ত রেখে দেশে চলে গিয়েছিল। সেই দলের একমাত্র প্রতিনিধি শিমরন হেটমেয়ার এবার দলের অধিনায়ক। অনুশীলন শেষে তাঁর কণ্ঠে উদ্বেগের রেশমাত্র পাওয়া গেল না, ‘নিরাপত্তা নিয়ে এখানে কোনো সমস্যা আছে বলে একদমই মনে হচ্ছে না আমার কাছে। আমার তো মনে হয় আমরা সবাই খুবই নিরাপদ।’
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল চলে আসবে ১৫ জানুয়ারি। জিম্বাবুয়ে ক্রিকেটও একটু আগে দল পাঠাতে চেয়ে বিসিবিকে অনুরোধ করেছে। সম্ভব হলে কিছু প্রস্তুতি ম্যাচও খেলার ইচ্ছা তাদের। টুর্নামেন্টের অন্য দলগুলোও চলে আসবে ২০ তারিখের মধ্যে।
শিমরন হেটমেয়ারের কথা স্বস্তি হতে পারে সবার জন্যই।