এখনই হতাশার সময় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুন নবী
রফিকুন নবী

ক্রিকেটে একটা কথা খেলোয়াড়দের বলতে শোনা যায় কখনো কখনো। বিশেষ করে কোনো খেলায় হারের পর। দলগত হতাশার জন্যও, আবার ব্যক্তিগত সাফল্যের খামতিতেও কথাটি উচ্চারিত হয়। কথাটি হলো, ‘দিনটি আমাদের ছিল না’ বা ‘আমার ছিল না’। 

যথার্থ বটে। আসলে প্রচ্ছন্নে বা আড়ালে ‘ভাগ্য’ ব্যাপারটিকেই ধর্তব্য জ্ঞান করা হয় যে তা হলফ করে বলা যায় বোধ হয়। এই শব্দের আবার দুটি ভাগ। সৌভাগ্য এবং দুর্ভাগ্য। যেদিন খেলায় জয়ের ব্যাপারটি ঘটে, সেদিন শুরু থেকেই বোলিং-ব্যাটিং-ফিল্ডিং-পিচ এমনকি আবহাওয়াও পক্ষ নেয়।

স্বাভাবিকভাবেই পরাজয়ের দিন ঘটে এসবের ঠিক উল্টোটা। কিছুই সুচারু থাকে না। তো জয়ের দিনটি সৌভাগ্যের হলেও তা ‘আমাদের দিন ছিল আজ’-এমন স্বীকৃতিটা আনন্দ-উচ্ছ্বাসে প্রায়ই ঢাকা পড়ে। পরাজয়ের দিনে বেচারা দিনটি ‘খারাপ দিন’ আখ্যাটি পেয়ে বসে। আসলেও দিনটি একগাদা ভুল, বিভ্রান্তি, ধোঁকা, ছন্দ, দুশ্চিন্তা, ভীতি ইত্যাদিতে আক্রান্ত হয় বৈকি!

৫ জুন অর্থাৎ ঈদের খুশিময় সারা দিন আনন্দিত সময় কাটিয়ে তা দ্বিগুণ করার মতো ঘটনা ছিল দেশের দল আর নিউজিল্যান্ডের খেলা দেখার সুযোগ। আমি আশাবাদী ছিলাম যে এমন আনন্দের দিনটি আমাদেরই হবে। ‘টাইগার’রা জয়ী হবে। কাকতালীয় হোক বা হিসাব করেই হোক, খেলার সূচিতে ঈদের দিনেই খেলাটা পড়েছিল। অতএব সৌভাগ্যটি আমাদের জন্যই নির্ধারিত আছে, তা সে প্রতিপক্ষ যতই পাকাপোক্ত হোক না কেন।

কিন্তু হায়, সকলই গরল ভেল! এক দিনে দুই রকমের আনন্দে বিভোর হওয়াটা আর হয়ে ওঠেনি। নিউজিল্যান্ডকে কুপোকাত করার প্রায় কাছাকাছি গিয়েও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় খেলায় হার মানতে হয়েছে।

আক্ষেপ এই যে আর কিছু রান যুক্ত থাকলে বা নিউজিল্যান্ডের বাকি দুটো উইকেট ফেলে দিতে পারলে জয় নামের ঘটনাটি ২ পয়েন্টসহ ঘটে যেতে পারত। এ-ও মনে হয়েছে যে ভালো ব্যাটিং করতে থাকা দলের অন্যতম ‘ভরসা’ নামের আস্থার খেলোয়াড় মুশফিকের আচমকা রানআউট এবং পরে ফিল্ডিংয়ের সময় তাঁর দুটি রানআউট করতে না পারায় দুর্ভাগ্য বয়ে এনেছে অনেকটাই। অথচ সাকিবের সঙ্গে ব্যাটিংয়ে তাঁর স্বভাবসিদ্ধ রান আসছিল অবলীলায়। তবে ক্রিকেটে উত্তেজনাবশত এমনটা হতেই পারে। আসলে যে খেলে সে-ই বোঝে কী করতে কী হয়। যা-ই হোক, অতিরিক্ত রানের যে খামতিটুকু ছিল, তা পূরণ হতে পারত। এদিনও তামিমের স্বাভাবিক জ্বলে ওঠার ধরনটি আসেনি বলেও। অতএব বলাই যায় যে দিনটি ঈদের হলেও তাঁদের ছিল না। সেই সঙ্গে জয় দেখতে না পাওয়া আমাদেরও।

সাকিব অবশ্য তাঁর ওপর ন্যস্ত দায়িত্বটুকু এবারও পালন করতে পেরেছেন স্বভাবসুলভ নির্ভীকতা এবং নিষ্ঠা দিয়ে, উপভোগ্য করে। বাকিরাও যথাসম্ভব চেষ্টা করেছেন। বিশেষ করে ২০১৯ বিশ্বকাপের এই আসরে আসা নতুন এবং তরুণেরা। বোলিং শেষ নাগাদ এতটাই ভালো হয়েছে যে নিউজিল্যান্ড প্রায় ধরাই খেয়ে গিয়েছিল। কিন্তু পাল্লাটা কম রানের ছিল বলেই কোনো রকমে উতরে গেছে।

একই দিনে প্রথম খেলায় ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকা অভিজ্ঞ এবং ক্রিকেটজগতের নামী দল। কিন্তু কী যে হয়েছে বেচারাদের সুদিন আসছেই না। এ পর্যন্ত সব খেলায়ই হেরেছে। তবে তারা যে দেরিতে হলেও ঘুরে দাঁড়াবে, সেই আভাস তাদের খেলায় দৃশ্যমান।

যা-ই হোক, অন্যরা কে কী করবে, তা নিয়ে আমি তেমন ভাবতে চাই না। নিজেদের দলটি সামনের খেলাগুলোতে ভালো করবে, সবাই একত্রে মাঠে জ্বলে উঠবে, সেই কামনা করে অপেক্ষায় আছি। এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে বাকি। এখনই হতোদ্যম হওয়ার মতো সময় নয়। আজ ৮ জুন বড় প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। এবার কাপ পেতেই হবে এমন জেদ তাদের আছে। তবে সেটাই তাদের বিরাট চাপও বটে। সেই চাপকে টাইগাররা কাজে লাগাতে পারলে স্লোগানটা সার্থক হবে। অর্থাৎ ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’।